হার্ভের পর টেক্সাস পুনর্গঠনে লাগবে ১৮০ বিলিয়ন ডলার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রান্তীয় ঝড় হার্ভের কারণে হওয়া ক্ষয়ক্ষতি পুষিয়ে টেক্সাস পুনর্গঠনে ১৮০ বিলিয়ন ডলার লাগতে পারে বলে জানিয়েছেন অঙ্গরাজ্যটির গভর্নর গ্রেগ অ্যাবট। তবে পুনর্গঠন প্রক্রিয়ায় প্রয়োজনীয় অর্থের জন্য ওয়াশিংটনের ওপর পুরোপুরি নির্ভর না করতে আহ্বান জানিয়েছে মার্কিন কেন্দ্রীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা।
গ্রেগ অ্যাবট জানান, ২০০৫ সালে নিউ অরলিয়েন্সে আঘাত হানা ভয়াবহ ঝড় ক্যাটরিনার চেয়েও বেশি ক্ষতি করেছে হার্ভে। এতে টেক্সাসের বিভিন্ন এলাকার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ অবস্থায় টেক্সাসের পুনর্গঠনপ্রক্রিয়ায় ১৮০ বিলিয়ন ডলার লাগতে পারে ধারণা করা হচ্ছে।
এদিকে হার্ভের কারণে বন্যাকবলিত এলাকাগুলোর পুনর্গঠনের জন্য ওয়াশিংটনের ওপর পুরোপুরি নির্ভর না করার আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার প্রধান ব্রোক লং। তিনি বলেন, স্থানীয় প্রশাসনের আরও বেশি সচেতন ও সক্রিয় হয়ে ওঠার বার্তা নিয়ে এসেছে হার্ভে।
গত সপ্তাহে টেক্সাসে মাত্র চার দিনের ব্যবধানে দুই বার আঘাত হানে হার্ভে। এ ঝড়ের প্রভাবে টেক্সাসের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি ছিল হিউস্টনে। ক্রান্তীয় এ ঝড়ের কারণে টেক্সাসে ৪৭ জন মারা গেছে। বিভিন্ন আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিতে হয়েছে প্রায় ৪৭ হাজার মানুষকে। এখনো অঙ্গরাজ্যটির বেশ কিছু এলাকা থেকে বন্যার পানি নামেনি। চলছে উদ্ধারকাজ। এ উদ্ধার তৎপরতার জন্য মার্কিন সরকার কংগ্রেসকে ৭ দশমিক ৮৫ বিলিয়ন ডলার বরাদ্দের অনুরোধ জানিয়েছে। এ পরিমাণকে কাজ চালানোর মতো হলেও যথেষ্ট নয় বলে উল্লেখ করেছেন টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট।
এ বিষয়ক বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, হার্ভের প্রাথমিক ধাক্কা সামলে ওঠার পর টেক্সাস গভর্নর প্রথমে ১২৫ বিলিয়ন ডলার লাগতে পারে বলে জানালেও ৩ সেপ্টেম্বর তিনি তা পুনর্মূল্যায়ন করেন। এ দিন তিনি পুনর্গঠন প্রক্রিয়ায় ১৮০ বিলিয়ন ডলার লাগতে পারে বলে জানান।
এ বিষয়ে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ক্যাটরিনার কারণে ১২০ বিলিয়ন ডলারেরও বেশি ক্ষয়ক্ষতি হয়েছিল। কিন্তু হার্ভের প্রভাব যদি আপনি দেখেন, তাহলে দেখবেন এ ক্ষেত্রে অনেক বেশি ঘরবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে আনুমানিক ১৫০-১৮০ বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে।
তবে এত বিপুল পরিমাণ অর্থ বরাদ্দের জন্য কংগ্রেসের অনুমোদন লাগবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট মার্কিন সংস্থা। এ বিষয়ে দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার প্রধান ব্রোক লং সিবিএস নিউজকে বলেন, ‘প্রতিটি অঙ্গরাজ্যের উচিত নিজেদের প্রয়োজনেই বিশেষ তহবিল সংরক্ষণ করা, যাতে এ ধরনের দুর্যোগে ব্যবহার করা যায়। টেক্সাসের ঘটনা থেকে সব অঙ্গরাজ্যকে শিক্ষা নেওয়ার আহ্বান জানাচ্ছি আমি। প্রত্যেকেরই নিজস্ব প্রস্তুতি থাকা উচিত।’