হালনাগাদ করা হয়েছে অভিবাসন নীতিমালা

আমেরিকার কেন্দ্রীয় সরকার অভিবাসন সংক্রান্ত কিছু তথ্য হালনাগাদ করা হয়েছে। এতে নতুন কিছু নীতামালা যেমন যুক্ত করা হয়েছে, তেমনি কিছু অপশন কাটছাট করা হয়েছে। এতে করে অভিবাসীদের কিছু কিছু ক্ষেত্রে যেমন সুবিধা হবে, কিছু কিছু ক্ষেত্রে দেখা দেবে জটিলতা। ইউএসসিআইএসের ওয়েবসাইট ঘেঁটে পাঠকদের জন্য এখানে গুরুত্বপূর্ণ কিছু তথ্য তুলে ধরা হয়েছে।
১. মেডিকেল রেকর্ড সংক্রান্ত পলিসি ম্যানুয়াল
গত বছরের ১৬ অক্টোবর ইউএসসিআইএস তাদের রিপোর্ট ফর মেডিকেল এক্সামিনেশন অ্যান্ড ভ্যাকসিনেশন রেকর্ড, ফরম আই-৬৯৩–এর মেয়াদ সংক্রান্ত একটি পলিসি গাইডেন্স হালনাগাদের সংবাদ তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছে। এই হালনাগাদ করা পলিসি গত বছরের ১ নভেম্বর থেকে কার্যকর হওয়ার কথা জানানো হয়েছে। এতে বলা হয়েছে, জমা দেওয়ার সময় এই ফরমে চিকিৎসকের স্বাক্ষরের তারিখ জমা দেওয়ার তারিখের ৬০ দিনের আগে হতে পারবে না। এর জমা দেওয়ার ২ বছর পর এই ফরম মেয়াদোত্তীর্ণ হয়ে যাবে। এই ফরমটি সাধারণত ব্যবহার করা হয় যেকোনো অ্যাডজাস্টমেন্ট অব স্ট্যাটাসের আবেদনের সঙ্গে। এর মাধ্যমে নির্ধারিত হয়, আবেদনকারী কোনো কারণে ইনঅ্যাডমিসিবল হয়ে পড়েন কিনা। এ সংক্রান্ত পরিবর্তিত পলিসি আপডেটটি সম্পর্কে https://www.uscis.gov/policymanual/Updates/20181016-I-693Validity.pdf এই লিংকে গিয়ে আরও বিস্তারিত জানতে পারেন।
২. এফ১ থেকে এইচ১বির আবেদনকারীরা সাবধান
যেসব ছাত্রছাত্রী তাদের এফ১ স্ট্যাটাস থেকে নন-ইমিগ্রান্ট এমপ্লয়মেন্ট ভিসা বা এইচ১বির জন্য আবেদন করেছেন, কিন্তু সেই আবেদন গত বছরের ১ অক্টোবরের পরে পেন্ডিং রয়েছে, তারা যদি সেই বছরের ১ অক্টোবরের পরে কাজ করেন, তবে তাদের ‘অবৈধ উপস্থিতি’ হয়েছে বলে ধরে নেওয়া হবে এবং তারা আর এইচ১বির জন্য যোগ্য হবেন না। কারণ হিসেবে বলা হয়েছে, যেহেতু পেন্ডিং এইচ১বির আবেদনের ক্ষেত্রে কাজের অনুমতি বৈধ থাকার কথা গত বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এবং যেহেতু এই তারিখের আগে ইউএসসিআইএস সব পেন্ডিং এইচ১বি আবেদনের নিষ্পত্তি করতে পারবে না, তাই এই তারিখের পরে কাজ করলে সেটাকে ‘অবৈধ উপস্থিতি’ হিসেবে গণ্য করা হবে।
৩. ফি ওয়েভারের নতুন নিয়ম
ইউএসসিআইএসের যেসব আবেদনে নির্ধারিত ফি রয়েছে, সেই ফি আবার মওকুফেরও সুযোগ রয়েছে। রিকোয়েস্ট ফর ফি ওয়েভার, ফরম–আই৯১২–এর মাধ্যমে এই ফি মওকুফের আবেদন করতে হয়। ফি মওকুফের জন্য যোগ্যতা নির্ধারণে এত দিন এই ফরমে তিনটি বিকল্প দেওয়া হতো। এখন প্রস্তাব করা হয়েছে, দুটি বিকল্প রাখা হবে এবং একটি তুলে দেওয়া হবে। যারা বিভিন্ন রকম সরকারি সুযোগ–সুবিধাদি পেতেন, তাদের সেই সুযোগ-সুবিধাদির তথ্য দিয়ে এই ফরমের মাধ্যমে ফি মওকুফের আবেদন করা যেত। অন্য দুটি বিকল্প ছিল (১) দারিদ্র্যসীমার ১৫০ ভাগের নিচে আয় এবং (২) অর্থনৈতিক টানাপোড়েন। এখন এই দুটি বিকল্প রেখে সুযোগ-সুবিধাদির বিকল্প তুলে দেওয়া হচ্ছে। এতে করে কেউ যদি আয়কর দাখিলের ফাইল না করেন, তাহলে তার আয় দারিদ্রসীমার নিচে কিনা, তা প্রমাণ করতে পারবেন না। আর সেটা প্রমাণ করতে না পারলে সুযোগ-সুবিধাদির বিকল্প যেহেতু তুলে দেওয়া হচ্ছে, তাই আয়কর ফাইল না থাকলে ফি মওকুফের জন্য যোগ্য হবেন না।
নতুন এই নিয়মের কারণ হিসেবে বলা হয়েছে, ইউএসসিআইএস বিভিন্ন আবেদনের সঙ্গে জমা হওয়াএই ফি থেকে তার বাজেটের ৯৫ শতাংশ আয় করে। গত আট বছরে মওকুফ করা ফি’র পরিমাণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। আর এ কারণেই বিভিন্ন সময়ে ইউএসসিআইএসকে ফি বাড়াতে হয়েছে। এক হিসাবে দেখানো হয়েছে, ২০১৬ সালে এই মওকুফ করা ফি–এর পরিমাণ ছিল ৩৬৭ দশমিক ৯ মিলিয়ন মার্কিন ডলার।
৪. হাজিরা সংক্রান্ত নতুন নিয়ম
গত বছরের ২৮ জুন ইউএসসিআইএস এ সংক্রান্ত যে পলিসি মেমোরেন্ডাম আপলোড করেছে, এবার সেটাই গত বছরের ১ অক্টোবর থেকে কার্যকর করার ঘোষণা দিয়েছে। নতুন এই পলিসি মেমোরেন্ডামে বলা হয়েছে, এখন থেকে যেকোনো অ্যাডজাস্টমেন্ট অব স্ট্যাটাস অথবা ভিজিট ভিসা এক্সটেনশনের আবেদনও যদি নাকচ করা হয়, তবে একই সঙ্গে আদালতে হাজির হওয়ার জন্য নোটিশ টু অ্যাপিয়ার ইস্যু করা হবে এবং যেটা হবে রিমুভাল প্রসিডিংয়ের প্রথম ধাপ।
৫. গ্রিনকার্ডের কন্ডিশন রিমুভালের আবেদন যাবে নতুন ঠিকানায়
গত বছরের ১০ সেপ্টেম্বর থেকে পিটিশন টু রিমুভ কন্ডিশন্স অন্য রেসিডেন্স, ফরম-আই৭৫১ নতুন ঠিকানায় পাঠাতে বলা হয়েছে। আগে এই ফরম পাঠাতে হতো ক্যালিফোর্নিয়া ও ভারমন্ট সার্ভিস সেন্টারে। এখন থেকে আবেদনকারীদের এই আবেদন পাঠাতে হবে ইউএসসিআইএসের লকবক্স ফ্যাসিলিটিতে। যদিও অ্যাডজুডিকেটিং অফিস থাকবে ক্যালিফোর্নিয়া, নেব্রাস্কা, ভারমন্ট ও টেক্সাসে।
৬. বর্ধিত প্রিমিয়াম প্রসেসিং ফি
পিটিশন ফর এ নন-ইমিগ্রান্ট ওয়ার্কার, ফরম-আই১২৯ ও ইমিগ্রান্ট পিটিশন ফর এলিয়েন ওয়ার্কার, ফরম-আই১৪০–এর জন্য প্রিমিয়াম প্রসেসিং ফি কমানো হয়েছে। আগে এই ফি ছিল ১ হাজার ৪১০ মার্কিন ডলার যা এখন ১ হাজার ২২৫ মার্কিন ডলার করা হয়েছে। গত বছরের ১ অক্টোবর থেকে এই বর্ধিত ফি কার্যকর করা হয়েছে। ইউএসসিআইএসের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার জোসেফ মুর বলেন, ‘যেহেতু ২০১০ সাল থেকে এই খাতে ফি বাড়ানো হয়নি, কাজেই এখন সময় এসেছে এটিকে ঢেলে সাজানোর, দিনে দিনে এই আবেদনের পরিমাণও বাড়ছে। আমরা এই বাড়তি ফি’র অর্থ দিয়ে এ সংক্রান্ত খাতে প্রযুক্তি ও জনবল বাড়াতে পাড়ব।’
প্রিমিয়াম প্রসেসিং ফি দেওয়ার মাধ্যমে পিটিশন ফর এ নন-ইমিগ্রান্ট ওয়ার্কার, ফরম-আই১২৯ এবং ইমিগ্রান্ট পিটিশন ফর এলিয়েন ওয়ার্কার, ফরম-আই১৪০–এর আবেদনে মাত্র ১৫ দিনের মধ্যে ইউএসসিআইএসের সিদ্ধান্ত জানা যায়।
(এই নিবন্ধ কোনো রকম আইনি পরামর্শ নয়। এটি কেবল ইউএসসিআইএস ও ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির ওয়েবসাইটে প্রদর্শিত তথ্যের সন্নিবেশ মাত্র)
লেখক: ব্যারিস্টার-অ্যাট-ল, নিউইয়র্কপ্রবাসী
সেল: (৯২৯) ৩৯১-৬০৪৭; ইমেইল: [email protected]
>ভিসা সম্পর্কিত বার্তা
পরিবারভিত্তিক এবং চাকরিভিত্তিক ভিসা প্রদানের বার্ষিক সংখ্যা কংগ্রেস কর্তৃক সীমাবদ্ধ। এই ক্যাটাগরির আবেদনকারীদের সাক্ষাৎকার নির্ধারিত হয় যদি তাঁদের অগ্রাধিকার তারিখ হালনাগাদ থাকে ও ভিসার সংখ্যা বর্তমান থাকে। যদিও সম্ভাবনা আছে, অগ্রাধিকার তারিখের পরিবর্তন হতে পারে এবং সাক্ষাৎকারের সময় ভিসার সংখ্যা আর বর্তমান নাও থাকতে পারে। আপনার ক্যাটাগরির ভিসার সংখ্যা যদি বর্তমান না থাকে, তবুও আপনার সাক্ষাৎকার যথা সময়ে হবে, তবে আপনার ভিসা ততদিন পর্যন্ত ইস্যু হবে না, যতদিন পর্যন্ত অগ্রধিকার তারিখ হালনাগাদ হয় এবং নতুন ভিসার সংখ্যা বর্তমান হয়। সকল অভিবাসী ভিসা আবেদনকারীগণ তাঁদের অগ্রাধিকার তারিখের অগ্রগতি সম্পর্কে জানার জন্য পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে (https://bit.ly/2EfaUuN) ভিসা বুলেটিন দেখতে পারেন। বর্তমান অগ্রাধিকার ভিত্তিতে েয সকল তারিখ সমূহের কাজ চলছে:
মাস : এপ্রিল ২০১৯
F1 : ০১ িডসেম্বর ২০১১: (আমেরিকান নাগরিকদের অবিবাহিত ছেলে/মেয়েদের জন্য)
F2A : ০১ মার্চ ২০১৭: (এলপিআর ব্যক্তিদের স্বামী বা স্ত্রী এবং ২১ বছরের কম বয়সী সন্তানদের জন্য)
FX : ১৫ ফেব্রুয়ারি ২০১৭: (F2A কেইসে যাদের অগ্রাধিকার তারিখ পুরোনো)
F2B : ২২ আগস্ট ২০১২: (এলপিআর ব্যক্তিদের অবিবাহিত ছেলে/মেয়েদের জন্য)
F3 : ২২ নেপ্টেম্বর ২০০৬: (মার্কিন নাগরিকদের বিবাহিত ছেলে/মেয়েদের জন্য)
F4 : ০১ জানুয়ারি ২০০৬: (মার্কিন নাগরিকদের ভাই/বোন ও তাদের স্ত্রী/স্বামী এবং ২১ বছরের কম বয়সী সন্তানদের জন্য)
E3 : চলতি (দক্ষ কর্মী ও তাদের স্ত্রী/স্বামী এবং ২১ বছরের কম বয়সী সন্তানদের জন্য)