হাসতে শিখিয়ে চলে গেলেন যে অ্যানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

মেয়েটির নাম অ্যানা অ্যালিসিয়া আইয়ালা। বেশ হাসিখুশি আর প্রাণবন্ত। নিজে আনন্দ করেন, অন্যদেরও আনন্দে মাতিয়ে রাখেন। কিন্তু ২০১৫ সালে মাত্র ৩১ বছর বয়সে তিনি ক্যানসারে আক্রান্ত হন। এতে তিনি হাল ছাড়েননি, মুষড়ে পড়েননি। ক্যানসার আক্রান্ত লাখো রোগীর কাছে দৃষ্টান্ত হয়ে বাঁচতে চেয়েছেন। তবে শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মানতে হলো তাঁকে। ৩২ বছর বয়সে গতকাল বুধবার যুক্তরাষ্ট্রের ডালাসে এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। খবর বিবিসির।


হাসপাতালের কক্ষে চিকিৎসা চলছে, এমন অবস্থায় গানের তালে নেচে ভিডিও করে লাখো মানুষকে অনুপ্রেরণা দিয়েছিলেন অ্যানা। হাসতে হাসতে বেঁচে থাকার কথা বলেছিলেন অন্য ক্যানসার রোগীদের। গত অক্টোবরে তাঁর সেই ভিডিও অনলাইনে ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, হাতে ইনজেকশনের সুই নিয়ে হাসপাতালের কক্ষে গানের তালে নাচছেন তিনি ও তাঁর এক বন্ধু। নাচতে নাচতে তাঁরা খুব হাসছিলেন।

ভিডিওতে সবার উদ্দেশে অ্যানা বলেন, ‘নাচ ও হাসি হলো পৃথিবীর সব অসুখের বড় ওষুধ।’ সে সময় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রামে ভিডিওটি দেখে প্রায় ৯০ লাখ মানুষ। যত দিন বেঁচে ছিলেন, হাসি-আনন্দেই বেঁচে থাকতে চেয়েছিলেন তিনি। তাঁর হাসি, আনন্দের সেই নাচ বেঁচে থাকার প্রেরণা জোগায় বহু ক্যানসার রোগীকে। ইনস্টাগ্রাম পোস্টে অ্যানা লিখেছিলেন, ‘কে বলেছে ক্যানসার ও কেমো আপনার জীবন শেষ করে দিচ্ছে? আমরা শেষ পর্যন্ত হাসতে পারি।’

গতকাল অ্যানার মৃত্যুর পর বন্ধুরা ফেসবুকে শ্রদ্ধা নিবেদন করে বলেন, জীবনের জন্য অ্যানার আনন্দ গভীরভাবে স্পর্শ করেছে সবাইকে। তাঁর শুদ্ধ বন্ধুত্ব ও হাসিখুশি মন সবাইকে এক করেছে বলে ফেসবুকে পোস্ট দেন আরেক বন্ধু।

২০১৫ সালের ডিসেম্বরে জরায়ুতে অস্বাভাবিক ধরনের টিউমার ধরা পড়ে অ্যানার। এরপরই ক্যানসারের অস্তিত্ব প্রকাশ পায়, যা ইতিমধ্যে ছড়িয়ে গেছে শরীরের ডিম্বাশয় ও পাকস্থলীতে। হাসপাতালে ভর্তি হন তিনি। কিন্তু চিরসবুজ অ্যানা কখনো অসুখকে বড় করে দেখেননি। নিশ্চিত মৃত্যু জেনেও হেসেছেন, চেয়েছেন অন্যদের হাসাতে। সে সময় সংবাদপত্রে দেওয়া সাক্ষাৎকারে অ্যানা বলেন, তিনি অন্য ক্যানসার রোগীদের অনুপ্রেরণা দিতে চান।