
বাংলা কথাসাহিত্যে সংলাপ প্রধান নতুন শৈলীর জনক, স্বাধীনতা পরবর্তী বাংলা সাহিত্যের একজন শ্রেষ্ঠ লেখক হুমায়ূন আহমদকে প্রথম দেখি ১৯৯৪ সালে। সেই বছরে হাসন রাজা উৎসব পরিষদের আয়োজনে হুমায়ূন স্যার ছিলেন আমন্ত্রিত অতিথিদের একজন। স্যার ডাকতে শুরু করি কণ্ঠ শিল্পী সেলিম চৌধুরী, চলচ্চিত্র পরিচালক তুহিন এবং সাংবাদিক পীর হাবিবের ডাক শুনে। কুয়াশা মাখা এক ভোরে স্যার এলেন সুনামগঞ্জ। সার্কিট হাউসের গাড়ি বারান্দায় এসে থেমে যাওয়া মাইক্রোবাস থেকে একে একে নেমে এলেন স্বাধীনতার কবি শামসুর রহমান, লোক সংস্কৃতি গবেষক ড. আশরাফ সিদ্দীকি, সব শেষে ক্রিম কালারের চাদর মুড়ি দেওয়া হুমায়ূন আহমদ। বাকি অতিথিরা দীর্ঘ যাত্রার ক্লান্তি আর অবসাদ কাটাতে বিশ্রামে গেলেও স্যারের গল্প শুরু খাবার টেবিলে ভোরের সোনালি আলোর স্বল্প স্বল্প উষ্ণ ছোঁয়ায়। জানতে চাইলেন উৎসবের নানা আয়োজনের সম্ভাব্য সময় আর অন্যান্য খুঁটিনাটি কিছু বিষয়। আলাপের সূত্র ধরে হাসন রাজার বাড়ি, মাজারসহ সাধকের সৃষ্টির উপলক্ষ ও কারণসহ অনেক বিষয় আসে বিক্ষিপ্ত রূপে। আলাপের শেষ দিকে হাসনকে জানার আগ্রহের শুরুর কাল কবে, জানতে চেয়ে শুনলাম এক অজানা অধ্যায়। নব্বই দশকের শুরুতে বেড়াতে গেলেন একসময়ের সবুজ ছায়া ঘেরা শান্ত মফস্বল শহর হবিগঞ্জে লিপি বিশেষজ্ঞ কবি দেওয়ান মোর্তুজার (স্থানীয়ভাবে কবি সাব নামে পরিচিত) বাসায়। রাত কাটালেন হবিগঞ্জ সার্কিট হাউসে। সেখানেই গান শোনার মাধ্যমে সাধক হাসন রাজার আত্মার সান্নিধ্য পেলেন। শুনলেন বিখ্যাত সেই গান, ‘নেশা লাগিলো রে/বাঁকা দুনয়নে নেশা লাগিল রে।’ ঢাকায় ফিরলেন হাসনের গানের নেশায় বুঁদ হয়ে। ব্যাস, এতটুকুন বলেই উঠে চলে গেলেন দোতলার নিজ রুমে বিশ্রামের জন্য।
এরই মধ্যে ঘণ্টা দুই পেরিয়ে গেছে। আবার দেখা হলো দুপুরের খাবার খেতে যখন নিচে নেমে এলেন তখন। খাবার আয়োজনের দায়িত্ব নেওয়ার সময় জানা ছিল, অতিথি সবাই আগ্রহ দেখিয়েছেন মাছের দেশ সুনামগঞ্জের নানা জাতের ভালো মানের মাছের প্রতি। সে মোতাবেক টেবিলে ছিল ৫/৬ জাতের মাছের তরকারি। বাকি সব মেহমান বেশ আগ্রহ নিয়ে মাছ খেলেও হুমায়ূন স্যার আমাকে বড় সাইজের পাবদা মাছ দেখিয়ে বললেন, রুপু আমি এই জাতের পাবদার চেয়ে হাওরের ছোট সাইজের পাবদা, যেগুলো পেটের দিকে লালচে রঙের আভা থাকে সেটা বেশি পছন্দ করি। সব শুনে আমি অবাক। হঠাৎ করে বলে উঠলেন, জানত, আমি হাওর পাড়ের সন্তান। মনে মনে বললাম, তা তো জানি স্যার। পাশের জেলা নেত্রকোনা জেলার কেন্দুয়ার কুতুবপুর গ্রামে যার জন্ম। তিনি তো হাওরের আসল সন্তান। ঠিক হলো রাতেই যাবেন হাসন রাজার মাজারে।
মধ্য রাতের গাজির দরগা বলে পরিচিত হাসন রাজার মাজারে স্যারের সঙ্গে সেলিম, হাবিব, তুহিন, আমি ও প্রয়াত ইকবাল ভাই। স্যার খুবই গম্ভীর হয়ে চাইছেন ভাবনার সংগত উপভোগ করতে। তবে চেষ্টা করে মনে হলো সুবিধা হচ্ছে না। মাজারের আশপাশে প্রচুর ভাব সাধনার নানা বয়সী আশেকান গঞ্জিকাসেবীদের বিচিত্র সুরের বেসুরো গলায় গানের নামে চিৎকারে। মজার ব্যাপার, স্যার কিন্তু স্বল্প সময়ে আবিষ্কার করে ফেললেন, ওই সব গানের কোনটি কিন্তু হাসন গীতি নয়। হতাশ হয়ে রাগত স্বরে বললেন, চলো অন্য কোথাও যাই। পরে যাওয়া হলো স্থানীয় লঞ্চঘাটে। স্যার বসলেন অনেক ক্ষণ। স্বাদ নিলেন মোল্লার দোকানের বিখ্যাত মালাই চায়ের। যার ওপরে দুধের পুরু সর ভেসে থাকত লোভনীয় রূপ নিয়ে। এরপর স্যারের সঙ্গে হাসন প্রেমে পাগলপারা হওয়ার বিশেষ স্নেহ সূত্র হয়ে স্যারের ডাকে এলেন হাসন সংগীতের আরেক যত্নবান সংগীত তারকা সেলিম চৌধুরী।
একে একে অনেক হাসন সংগীত বিরামহীন যুক্ত হতে থাকল হুমায়ূন আহমদের নাটক সিনেমা আর সাহিত্যে। এর আগে হবিগঞ্জ শহরের সেই অজানা শিল্পীকে নিয়ে এলেন ঢাকায়। সিদ্ধান্ত নিলেন, হাসন রাজার সব গান নিয়ে অডিও ক্যাসেট বের করবেন। এবারও ঘটল আশ্চর্য ঘটনা। বাঁকা দুনয়নে গানটি রেকর্ডিংয়ের সময় গান শুনে কেঁদে ফেললেন হুমায়ূনআহমদ। যদিও ক্যাসেটটি সফলতা পায়নি, তাই বলে কিন্তু হাছনের প্রতি স্যারের প্রেম আর ভালোবাসার বিন্দুমাত্র কমতি হল না। বরং আরও বেশি মজে গেলেন হাসন রাজার গানের কথার প্রেমে। নুহাশ পল্লিতে চন্দ্র উৎসবের শুরু হাছনের গান দিয়ে। হাসন প্রেমে স্যার মজে গেলেন পুরোপুরি। তবে দুঃখের বিষয়, সাধক হাসন রাজার গান নিয়ে যদি স্যার কিছু লেখার সময় পেতেন, তাহলে আমরা হয়তো হাসন সংগীতের অন্তর্নিহিত হাসি–কান্নার অজানা স্বাদ পেতাম। স্যার যদি ২০১২ সালে অকালে না ফেরার দেশে চলে না যেতেন, তাহলে আমরা হয়তো এমন কিছু পেতাম, যা আমাদের কল্পনায়ও ছিল না।
স্যারের সঙ্গে শেষ দেখা ২০১০ সালে নিউইয়র্কের উডসাইডে বেস্টবাই দোকানে। জানতে চাইলেন, আমেরিকায় স্থায়ী না অস্থায়ী? জবাব শুনে হাসতে হাসতে বললেন, দেশে আর যাবে না। এখানে শিকড় গজাবে। আগামী প্রজন্মের বেড়ে ওঠা দেখে দেখে একদিন বিনা নোটিশে স্থায়ীভাবে নগরীর উপকণ্ঠে ওয়াশিংটন মেমোরিয়াল মুসলিম কবরস্থানে একবারে চলে যাবে। সব কিন্তু হাসতে হাসতে খুব স্বাভাবিক স্বরে বলে গেলেন।
‘লোকে বলে, বলেরে
ঘর–বাড়ি ভালা না আমার
কী ঘর বানাইমু আমি শূন্যের মাঝার’