হিউম্যান সাপোর্টের দ্বিতীয় টিকাদান কর্মসূচি
নিউইয়র্কে হিউম্যান সাপোর্ট করপোরেশনের চলতি বছরের দ্বিতীয় টিকাদান কর্মসূচি সম্পন্ন হয়েছে। ৩রা অক্টোবর বিকেল সাড়ে পাঁচটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত জ্যাকসন হাইটসে হিউম্যান সাপোর্ট করপোরেশনের অফিসে এই কর্মসূচি পরিচালিত হয়।
হিউম্যান সাপোর্ট করপোরেশনের সভাপতি মো. সোলায়মান আলীর সভাপতিত্বে এই কর্মসূচি শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক উপকমিটির সদস্য মো. নিজামুল জিতু, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সদস্য শাহানারা রহমান, আসন্ন বাংলাদেশ সোসাইটির সভাপতি প্রার্থী কাজী নয়ন, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সহসভাপতি সাজ্জাদ, যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ শাহানাজ, সহসভাপতি জাহানারা আলী, হিউম্যান সাপোর্ট করপোরেশনের সাধারণ সম্পাদক তপন কুমার সেন, কোষাধ্যক্ষ সুশান্ত দে, যুবলীগ নেতৃবৃন্দের মধ্যে হৃদয় মিয়া, বক্কর মিয়া, সামিহা আলী, রাইসা আলী, জুনান নাশিদ, শামসুন্নাহার ও আবীর রাহমান।
সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন—সাপ্তাহিক বাঙ্গালীর সম্পাদক কৌশিক আহমেদ, ইউএসএনিউজঅনলাইন ডটকমের সম্পাদক সাখাওয়াত হোসেন, প্রবাস নিউজ ডটকমের সম্পাদক শামীম আহমেদ ও সাপ্তাহিক ঠিকানার প্রতিবেদক নাসরাত চৌধুরী।
সংগঠনের সভাপতি মো. সোলায়মান আলী বলেন, হিউম্যান সাপোর্ট করপোরেশনের নবম বর্ষের দ্বিতীয় টিকাদান কর্মসূচিতে বিনা মূল্যে ফ্লু ভাইরাস বা ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের প্রতিষেধক টিকা দেওয়া হয়।
প্রতি বছরের মতো এবারও ওয়ালগ্রিন ফার্মাসিস্ট মেরি লিম ও ফার্মেসি টেকনিশিয়ান হাসিনা আক্তার নিজে উপস্থিত থেকে স্বাস্থ্যবিধি মেনে সরাসরি ফ্লু ভাইরাসের প্রতিষেধক টিকা প্রদান সম্পন্ন করেন।
প্রধান অতিথির বক্তব্যে সিদ্দিকুর রহমান মানবতার সেবায় মানবাধিকার সংস্থা হিউম্যান সাপোর্ট করপোরেশন গত নয় বছর ধরে টিকাদান কর্মসূচি যে চালিয়ে যাচ্ছে তার ভূয়সী প্রশংসা করেন।