
টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টন শহরের প্রতিষ্ঠান ‘সুরাঙ্গন মিউজিক স্কুল’ আমেরিকায় বাংলা সংস্কৃতি ও ঐতিহ্য চর্চার প্রচার ও প্রসারে এবং সঠিক দিক নির্দেশনায় বিশেষ ভূমিকা রাখছে। সুরাঙ্গন মিউজিক স্কুলের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন ও স্টুডেন্ট অ্যাপ্রিসিয়েশন ডে উপলক্ষে ১৪ অক্টোবর হিউস্টন সুর মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রতিষ্ঠানের কর্ণধার শিল্পী রুপা ঘোষের আমন্ত্রণে এই অনুষ্ঠানে যোগ দেন ‘স্বাধীনতা দিবস পদক’ পাওয়া শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। অনুষ্ঠানের প্রথম পর্ব ছিল সুরাঙ্গনের শিক্ষার্থী ও স্থানীয় গুণী অতিথি শিল্পীদের সমন্বয়ে আলেখ্য ‘অন্ধকারের উৎস হতে’। রুপা ঘোষের গাওয়া রবীন্দ্রসংগীত
‘নিবিড় ঘন আঁধারে’ গানটি দিয়ে
সবাইকে অনুষ্ঠানে স্বাগত জানানো হয়। পর্যায়ক্রমে ছাত্রছাত্রীদের পরিবেশনায় সাজানো হয় অনুষ্ঠানটি।
প্রবাসে জন্ম নেওয়া ও বেড়ে ওঠা প্রজন্মের কচিকাঁচাদের গান, আবৃত্তি ও নৃত্যে পরিস্ফুটিত আবহমান বাংলা সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার দৃঢ় অঙ্গীকার এবং বাংলার প্রতি তাদের গভীর ভালোবাসা ও মমত্ববোধ দেখে উপস্থিত দর্শকেরা অভিভূত হন। স্থানীয় অতিথি শিল্পীদের পরিবেশনা অনুষ্ঠানটিকে ভিন্ন মাত্রা দিয়েছে। শিল্পীদের সঙ্গে বেহালা বাজিয়েছেন বিপ্লব সমদ্দার, উপস্থাপনাও ছিলেন তিনি। তবলায় ছিলেন রাজাবাঙ্গা, নিরঞ্জন রায়, বরুণ চৌধুরী ও মন্দিরায় বিদ্যুৎ ঘোষ।

দ্বিতীয় পর্বে সঞ্চালনা করেন সঞ্চালী বোস ও সাইফুল ইসলাম মুকুল। কলাকুশলী, শিক্ষার্থী, অতিথি শিল্পী মিলে মঞ্চে প্রায় ৮০ জনের সমন্বয়ে সফল একটি অনুষ্ঠান হয়। প্রতিবারের মতো ছাত্রছাত্রীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। প্রবাসে শত প্রতিকূলতার মধ্যেও বাংলা গানের চর্চা এবং প্রসারে সুরাঙ্গন মিউজিক স্কুলের মহতী এই প্রয়াসের ভূয়সী প্রশংসা করেন শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। সাধুবাদ জানান স্কুলের অধ্যক্ষ ও পরিচালক রুপা ঘোষকে। সুরাঙ্গনার পক্ষ থেকে শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যাকে সম্মাননা প্রদান করা হয়। আরও সম্মান জানান হিউস্টন দুর্গাবাড়ী সোসাইটি।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার একক সংগীতানুষ্ঠান। দূর প্রবাসে অগণিত ভক্ত ও শ্রোতাদের জন্য তিনি একের পর এক রবীন্দ্র সংগীত পরিবেশন করেন। সুরের জালে সবাইকে যেন আচ্ছন্ন করে রাখেন তিনি। মুহূর্তে পার্থিব জগতের সবকিছু ভুলে সবাইকে ভাসিয়ে দেয় সুর ভরা নদীর অমল জলধারায়। কিন্তু সময়ের কাছে পরাজিত হয়ে অনুষ্ঠানের ইতি টানতেই হয়। তবু তরঙ্গায়িত হতে থাকে দর্শক-শ্রোতার মনে শিল্পী কণ্ঠে গাওয়া ‘মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না।’ উপস্থিত দর্শকেরা সুরাঙ্গন স্কুলের এই আয়োজনের প্রশংসা করেন।