হিকসের ইস্তফা ও কিছু 'নির্দোষ' মিথ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হোয়াইট হাউসের প্রধান তথ্য কর্মকর্তা হোপ হিকস
হোয়াইট হাউসের প্রধান তথ্য কর্মকর্তা হোপ হিকস

হোয়াইট হাউসের প্রধান তথ্য কর্মকর্তা হোপ হিকস চাকরিতে ইস্তফা দিয়েছেন। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশ্বস্ত সহযোগীদের একজন হোপ হিকস মাত্র ২৮ বছর বয়সেই হোয়াইট হাউসের শীর্ষ একটি পদে আসীন হয়েছিলেন। ট্রাম্পের নির্বাচনী শিবিরেও হিকস প্রধান যোগাযোগ কর্মকর্তার দায়িত্ব পালন করেছিলেন।
হোপ হিকসের বয়স নিতান্ত কম মনে হলেও আমেরিকার রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণে তাঁর ভূমিকা অগ্রাহ্য করার ছিল না। ট্রাম্পকে একরোখা প্রেসিডেন্ট বলেই সকলে জানে, যিনি তাঁর সিদ্ধান্ত থেকে খুব কমই সরে আসেন। সেই একরোখা প্রেসিডেন্টের মত বদল করার মতো ট্রাম্প শিবিরে যে অল্প কয়জন ব্যক্তি ছিলেন, তার মধ্যে হিকস অগ্রগণ্য। হিকস ট্রাম্পের সবচেয়ে বিশ্বস্তদের একজন হয়ে উঠেছিলেন, যে তাঁর সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করতে পারতেন এবং ট্রাম্প স্বয়ং সেটি ইতিবাচকভাবেই নিতেন। ট্রাম্প হিকসের যুক্তিতে অনেকবারই তাঁর সিদ্ধান্তও বদলেছেন।
কিন্তু এত সাফল্যের ক্যারিয়ার ছেড়ে হিকস হঠাৎ হোয়াইট হাউস থেকে ইস্তফা দিলেন কেন- জনমনে এখন সেটি নিয়েই গুঞ্জন।
হিকস ইস্তফার কারণ জানাতে সাংবাদিকদের বলেন, ‘হোয়াইট হাউসের চাকরিতে সম্ভাব্য যা কিছু অর্জন করা সম্ভব, তার সবই আমার পাওয়া হয়ে গেছে। আমি সামনে নতুন চ্যালেঞ্জ নিতে চাচ্ছি। এখান থেকে না বেরোলে তো আর সেটি করা যাচ্ছে না!’
প্রেসিডেন্ট তাঁর ভীষণ পছন্দের এই মেধাবী কর্মকর্তার ‘নিজস্ব পছন্দ’কে স্বাগত জানিয়েছেন। ট্রাম্প হিকসের চলে যাওয়ার সিদ্ধান্তে বলেন, ‘আমি ওর অবস্থান বুঝতে পারছি। ওর সামনের জীবনের জন্য আমার শুভকামনা থাকল। নিশ্চয়ই ভবিষ্যতে অন্য কোথাও আমরা আবার একসঙ্গে কাজ করব।’
মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করা হোপ হিকস একটি বেসরকারি প্রতিষ্ঠানে জনসংযোগ কর্মকর্তা হিসেবে মাঝে কিছুদিন কাজ করেছিলেন। ওই প্রতিষ্ঠানেই কাজ করতে গিয়ে ডোনাল্ড ট্রাম্পের সবচেয়ে আদরের কন্যা ইভানকা ট্রাম্পের ফ্যাশন ব্র্যান্ডের জনসংযোগের কাজ সামলান হিকস। তাতে মেধা ও বুদ্ধিদীপ্ততা দিয়ে ইভানকার মন জয় করলে ট্রাম্পের নজরে চলে আসেন হিকস। পরে ট্রাম্পের ব্যবসা প্রতিষ্ঠানেও জনসংযোগ কর্মকর্তা হিসেবে মেধা-নৈপুন্য দেখিয়ে হিকস ট্রাম্পের আস্থার শীর্ষে চলে আসেন।
ট্রাম্পের নির্বাচনী শিবিরে কাজ করার আগে হিকসের রাজনৈতিক অভিজ্ঞতা বলতে ছিল শূন্য। হিকস দ্বিধান্বিত থাকলেও ট্রাম্প স্বয়ং তাঁকে নির্বাচনী কাজে সম্পৃক্ত করেন। ট্রাম্পের সকল প্রেস রিলিজ হিকসই প্রস্তুত করেছেন সেই সময়। গণমাধ্যমের সঙ্গে ট্রাম্পের সম্পর্কও সামলেছেন তিনিই। সেই সাফল্যের পুরস্কারস্বরূপ গত বছর সেপ্টেম্বরেই প্রেসিডেন্টের যোগাযোগ পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয় তাঁকে। হোয়াইট হাউসে এসেও ট্রাম্পের সংবাদ সম্মেলন বা সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎকার হিকস ভালোই সামলাচ্ছিলেন।
তবে কিছুদিন আগে সঙ্গীকে নির্যাতনের অভিযোগে পদত্যাগ করা হোয়াইট হাউস কর্মকর্তা রব পোর্টারের সঙ্গে তাঁর প্রেমের গুঞ্জন সংবাদমাধ্যমে আলোচনায় আসে। পোর্টারের পক্ষে সাফাই গেয়ে একটি বিবৃতিও তৈরি করেন হিকস, যার কারণে ট্রাম্পকে অসন্তুষ্ট হতেও দেখা গেছে।
হোয়াইট হাউসের মুখপাত্র সারাহ স্যান্ডার্স সংবাদমাধ্যমকে জানান, হিকস ইস্তফা দিলেও তিনি হোয়াইট হাউস ঠিক কখন ছাড়ছেন, সে সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি।
ইস্তফার ঘোষণার আগের সপ্তাহেই নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ নিয়ে তদন্তকারী দলের সামনে সাক্ষ্য দিয়েছেন হিকস। হিকস সেখানে স্বীকার করেছেন, ট্রাম্পের জন্য ছোটখাটো মিথ্যা যে একেবারেই কখনো বলতে হয়নি, সেটি নয়। তবে সে মিথ্যাগুলো নিতান্তই ছোট এবং অবশ্যই ভীষণ নির্দোষ বলে জানিয়েছেন হিকস। রাশিয়া তদন্তে একটি তথ্যও মিথ্যা বলেননি, সেটিও স্পষ্ট জানিয়ে দিয়েছেন হিকস।
রাশিয়ার সঙ্গে ট্রাম্প শিবিরের সংযোগ সম্পর্কিত এই তদন্তে হোপ হিকস একজন গুরুত্বপূর্ণ সাক্ষী হতে যাচ্ছেন বলে মনে করা হচ্ছে। ‘মিথ্যাই যদি বলেননি তবে ‘নির্দোষ মিথ্যা’র কথাই বা বলা কেন বাপু!’ ট্রাম্প হয়তো মনে মনে হিকসের কাজকে নির্বুদ্ধিতাই ভাবছেন। এ রকম এক নির্দোষ মিথ্যা যুধিষ্ঠিরও বলেছিলেন কুরুক্ষেত্র যুদ্ধে। ‘অশ্বত্থামা হত, ইতি গজ’ বলে এক হাতির মৃত্যুসংবাদ শত্রু দলের সেনাপতি দ্রোণাচার্যকে দিয়েছিলেন। দ্রোণাচার্যের পুত্রের নাম ছিল সেই হাতির নামেই ‘অশ্বত্থামা’। দ্রোণাচার্য পুত্রশোকে বিহ্বল হয়ে যুদ্ধ করবেন না সিদ্ধান্ত নিলে শত্রু দল পরাজিত হয়। সর্বদা সত্য বলার জন্য খ্যাত ‘ধর্মপুত্র’ যুধিষ্ঠিরের নির্দোষ মিথ্যায় কুরুক্ষেত্র যুদ্ধ জয় করা গেলেও এই নির্দোষ মিথ্যার জন্য যুধিষ্ঠিরকে ক্ষণকালের জন্য নরক দর্শনও করতে হয়েছিল।
হিকসের নির্দোষ মিথ্যার স্বীকারোক্তিও কি তবে নির্বাচনী যুদ্ধে জিতেও ট্রাম্পকে নরক দর্শনের পথ করে দেবে? রাশিয়া তদন্তে ট্রাম্প যেভাবে জেরবার হচ্ছেন, সেটিও হয়তো সময়েই বলবে।