হিথরো বিমান বন্দরে বিক্ষোভ
তৃতীয় রানওয়ে তৈরির পরিকল্পনার বিরুদ্ধে জলবায়ু পরিবর্তন রোধ আন্দোলনের কর্মীরা গতকাল সোমবার লন্ডনের হিথরো বিমাবন্দরের একটি রানওয়েতে বিক্ষোভ করেছেন। এতে কয়েকটি ফ্লাইট ছাড়তে সামান্য দেরি হয়েছে বলে জানিয়েছে পুলিশ ও বিমানবন্দরের কর্মকর্তারা। খবর এএফপির।
হিথরো বিমানবন্দরের এক বিবৃতিতে বলা হয়, ‘একদল লোক বিমানবন্দরের কাঁটাতারের বেড়ার কাছে বিক্ষোভ করেছেন। এতে কয়েকটি বিমান দেরিতে ছেড়েছে। কয়েকটি বাতিল হয়েছে।’
‘প্লেন স্টুপিড’ নামের ওই সংগঠনের কর্মীরা সোমবার ভোরের দিকে একটি রানওয়ের বেড়া ভেঙে ফেলেন। এসব বিক্ষোভকারীর মধ্যে যাঁরা রানওয়েতে উঠে আসার চেষ্টা করেন তাঁদের সতর্ক করে দেওয়া হয় বলে জানিয়েছেন এক পুলিশ কর্মকর্তা। পুলিশ জানায়, বিক্ষোভকারীদের কারও কারও শরীরে লোহার শেকল জড়ানো ছিল।
হিথরো বিমানবন্দরের সক্ষমতা বাড়াতে তৃতীয় রানওয়ে তৈরির জন্য যুক্তরাজ্য সরকার এ মাসের প্রথম দিকে একটি কমিশন গঠন করে। তবে সরকারের এই সিদ্ধান্ত নিয়ে প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সরকারের ভেতরে এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যেও ক্ষোভ রয়েছে।