হিন্দু ভারতের উত্থানে ধর্মনিরপেক্ষ ভারতের মৃত্যু হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরেন্দ্র মোদি
নরেন্দ্র মোদি

২০১৯ সালের নির্বাচনে নরেন্দ্র মোদির বিজয় বস্তুত হিন্দু ভারতের বিজয়। তিনি ভারতীয়দের মনে যে হিন্দু ভারতের চিত্র আঁকতে সফল হয়েছেন দেশের ভোটাররা তাঁর প্রতিই সমর্থন দিয়েছে। নেহেরু ও ইন্দিরা গান্ধীর কংগ্রেস স্বাধীনতার পরবর্তী পাঁচ দশক যে অসাম্প্রদায়িক ভারত গঠনের চেষ্টা করেছেন এই বিজয়ে তার পরাজয় হয়েছে।

স্থানীয় সময় গতকাল বুধবার নিউইয়র্কের এশিয়া সোসাইটিতে আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে বক্তারা ভারতের সাম্প্রতিক নির্বাচনের ফলাফল এভাবেই মূল্যায়ন করেন।

নিউইয়র্ক ইউনিভার্সিটির শিক্ষক কাঞ্চন চন্দ্র বলেন, ১৯৪৭ সালে দেশভাগের ফলে যে স্বাধীন ভারতের জন্ম হয় তা কোনোভাবেই ধর্মভিত্তিক পাকিস্তানের প্রতিরূপ ছিল না। দেশটির আদি রাষ্ট্রনায়কেরা যে ধর্মনিরপেক্ষ ভারতের স্বপ্ন দেখেছিলেন তার ভিত্তিতে দেশের সব মানুষের সমানাধিকার ছিল। মোদি এখন বহু ধর্মভিত্তিক সেই ভারতের মালিকানা দেশের হিন্দুদের হাতে তুলে দিয়েছেন।

চন্দ্র আরও জানান, বিজেপি যে নির্বাচনী ম্যানুফেস্টো প্রকাশ করেছে তাতে কোথাও হিন্দু শব্দটি নেই। কারণ, মোদির ভারতে হিন্দু ও ভারতীয় মূল্যবোধের মধ্যে কোনও প্রভেদ নেই। দেশের হিন্দু চরিত্র প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এই সরকার এর মধ্যে মোগলদের নাম আছে এমন রাস্তার নাম বদল শুরু করেছে। আইন পরিষদে বিপুল সংখ্যাগরিষ্ঠতা থাকায় বিজেপি সরকার মুসলিমদের প্রতি বৈষম্যমূলক আইন পাস করতেও সক্ষম হয়েছে।

হিন্দু জাতীয়তাবাদের প্রতি এই আনুগত্য কেবল বিজেপি নয়, কংগ্রেসের মধ্যেও দেখা গেছে। চন্দ্র জানান, কংগ্রেস তার ম্যানুফেস্টোতে কোথাও ধর্ম নিরপেক্ষতা শব্দটি ব্যবহার করেনি। রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা ভদ্রসহ বেশির ভাগ কংগ্রেস নেতা সোৎসাহে হিন্দু জাতীয়তাবাদকেই গ্রহণ করেছে। প্রিয়াঙ্কাকে উত্তর ভারতের নির্বাচনী প্রচারণায় নেতৃত্বের ভার দেওয়া হয়েছিল। তাঁর প্রতিটি নির্বাচনী সভা কোনও না কোনও মন্দির থেকে শুরু হত। শেষও হত কোনও মন্দিরে।

ভারতীয় সুপ্রিম কোর্টের আইনজীবী মানেকা গুরুস্বামী বলেন, ভারতীয় শাসনতন্ত্রের মুখবন্ধেই বলা আছে ভারত অসাম্প্রদায়িক, সমাজতান্ত্রিক ও গণতান্ত্রিক রাষ্ট্র হবে। ভারত একটি হিন্দু রাষ্ট্র হবে এ কথা কোথাও লেখা নেই। বাস্তবে এখন সে ঘটনাই ঘটছে। সব ভারতীয় সমান এই মৌল আদর্শ এখন হুমকির মুখে।

কার্নেগি এন্ডাউমেন্টের সিনিয়র ফেলো মিলান বৈষ্ণব মনে করেন, এই নির্বাচনে অর্থনীতির প্রশ্নটি মোটেই প্রধান্য পায়নি। ভারতীয় ভোটাররা মোদির নেতৃত্বের প্রতি আস্থা দেখিয়েছে এই কারণে যে মোদি তাদের ভবিষ্যতের প্রতি আশাবাদী হতে অনুপ্রাণিত করেছেন। নির্বাচনের আগে ২১ শতাংশ ভোটার অর্থনীতিকে তাদের প্রধান বিবেচনা হিসেবে চিহ্নিত করলেও নির্বাচনের পর মাত্র ১২ শতাংশ সে কথা জানায়। প্রায় এক-তৃতীয়াংশ ভোটার জানায়, তাঁরা মোদির জন্যই বিজেপিকে ভোট দেবে।