হিন্দু সম্প্রদায়ের মন জয়ে ট্রাম্পের চেষ্টায় কাজ হবে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আর মাত্র তিন সপ্তাহ বাকি থাকতেই দেশজুড়ে নির্বাচনী হাওয়া বইছে। নিউইয়র্ক শহরের টাইমস স্কয়ারে ডোনাল্ড ট্রাম্পের মুখোশ পরে বকশিশ চাইছেন এক ব্যক্তি। তাঁর হাতের বোর্ডটিতে লেখা: আমাকে একটা ডলার দিন, নইলে ট্রাম্পকে ভোট দেব l এএফপি
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আর মাত্র তিন সপ্তাহ বাকি থাকতেই দেশজুড়ে নির্বাচনী হাওয়া বইছে। নিউইয়র্ক শহরের টাইমস স্কয়ারে ডোনাল্ড ট্রাম্পের মুখোশ পরে বকশিশ চাইছেন এক ব্যক্তি। তাঁর হাতের বোর্ডটিতে লেখা: আমাকে একটা ডলার দিন, নইলে ট্রাম্পকে ভোট দেব l এএফপি

যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলিউড তারকা পরিবেষ্টিত হয়ে ভারতীয় বংশোদ্ভূত মার্কিনদের এক সমাবেশে অংশ নিয়েছেন গত শনিবার। এতে প্রেসিডেন্ট নির্বাচিত হলে ভারতের সঙ্গে সুম্পর্কের অঙ্গীকার করেন ট্রাম্প। কিন্তু রিপাবলিকান দলের প্রার্থীর এই ভারতীয় বংশোদ্ভূত তথা হিন্দু সম্প্রদায়ের মার্কিন নাগরিকদের খুশি করার চেষ্টা কতটা কাজে দেবে, তা নিয়ে রয়ে গেছে সংশয়।
সন্ত্রাসী হামলার ঘটনায় ভারত এবং বাংলাদেশের ক্ষতিগ্রস্ত লোকজনকে সহায়তার জন্য নিউ জার্সির অ্যাডিসনের ওই সমাবেশে প্রায় পাঁচ হাজার মানুষ যোগ দিয়েছিলেন।
পাঞ্জাবের গায়ক এবং বলিউড নৃত্যশিল্পীদের সামনে ট্রাম্প ঘোষণা করেন, তাঁকে নির্বাচিত করা হলে ভারত এবং যুক্তরাস্ট্র সবচেয়ে ভালো বন্ধুরাষ্ট্র হবে। বিভিন্ন অনুষ্ঠানে অপ্রস্তুত হয়ে আসার অভ্যাস অনুযায়ী তিনি এই অনুষ্ঠানেও গৎবাধা কিছু ভুল করেন। তিনি ভারত নামের সমার্থক হিসেবে ‘হিন্দু’ শব্দটি ব্যবহার করেন। ট্রাম্প বলেন, ‘আমি হিন্দুর একজন বড় ভক্ত, ভারতের বড় ভক্ত।’ পরে এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে হাসাহাসির উদ্রেক হয়।
ট্রাম্প ২০০৮ সালের মুম্বাই হামলার ঘটনা এবং নয়াদিল্লিতে ২০০১ সালে পার্লামেন্ট ভবনে হামলার ঘটনা উল্লেখ করতে গিয়ে দুটিকে গুলিয়ে ফেলেন। ভারতের সঙ্গে সম্পর্ক কীভাবে নতুন উচ্চতায় নিয়ে যাবেন, তা বলতে গিয়েও তিনি অসংলগ্ন কথা বলেন।
কিন্তু ট্রাম্পের ওইসব কথাবার্তা অনুষ্ঠানের শ্রোতা-দর্শকদের আগ্রহ টানতে পারেনি। তাঁদের বেশির ভাগই এসেছিলেন সান্ধ্য বিনোদন উপভোগ করতে। ট্রাম্পের উপস্থিতি ছিল পার্শ্বঘটনা মাত্র।
ঘ্যানঘ্যান বন্ধ করার পরামর্শ ওবামার: এদিকে এএফপি জানায়, ডোনাল্ড ট্রাম্পকে নির্বাচনে সম্ভাব্য ‘কারচুপির’ অভিযোগ তুলে ‘ঘ্যানঘ্যান করা’ বন্ধ করতে বলেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটনের সঙ্গে ট্রাম্পের তিন পর্বের বিতর্কের শেষ পর্বের প্রাক্কালে যুক্তরাষ্ট্র সফররত ইতালির প্রধানমন্ত্রী মাত্তিও রেনজির সঙ্গে গতকাল হোয়াইট হাউসে যৌথ সংবাদ সম্মেলনে এ কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট।
ওবামা এ সময় ট্রাম্পের অভিযোগকে ‘দায়িত্বহীন’ ও ‘নজিরবিহীন’ আখ্যা দিয়ে বলেন, ‘আমি আমার জীবনে কখনো কোনো প্রার্থীকে নির্বাচনকে এভাবে কলঙ্কিত করতে দেখিনি।’