হিমবাহের গলন: বৈজ্ঞানিক বিতর্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কল্পনা করুন, সুন্দরবন ডুবিয়ে ধেয়ে আসছে ফুলে-ফেঁপে ওঠা বঙ্গোপসাগর। চারদিকে শুধু পানি আর পানি। তার মাঝে একটু একটু করে ডুবে যাচ্ছে আমাদের সাধের শহর ঢাকা, চট্টগ্রাম। না দুঃস্বপ্ন নয়। এই শতাব্দীর শেষে ঘটতে চলেছে হয়তো এমন ঘটনাই। পৃথিবীর উষ্ণতা বেড়ে যাওয়ার ফলে মূলত মেরু অঞ্চলে হিমবাহের অকাল গলনে জলভারে স্ফীত হয়ে সমুদ্র এমন কাণ্ড ঘটাতে পারে।
হিমবাহকে এককথায় বরফের নদী বলা যায়। হিমরেখার ওপরে উচ্চ পার্বত্য হিমবাহ এবং সুমেরু, কুমেরু ও সন্নিহিত অঞ্চলে বিশালাকার মহাদেশীয় হিমবাহগুলোর অবস্থান। প্রসঙ্গত, প্রায় তিরিশ লাখ বছর আগে প্লিসটোসিন হিমযুগে পৃথিবীর এক-তৃতীয়াংশই ঢেকে রেখেছিল এই হিমবাহগুলো। মনে করা হয়, পৃথিবীর উত্তাপ বেড়ে চলার সঙ্গে সঙ্গে শুরু হয় হিমবাহগুলোর গলন। তাই আজ নিম্ন অক্ষাংশের কেবলমাত্র উচ্চ-পার্বত্য অঞ্চলে ও উচ্চ অক্ষাংশের প্রধানত মেরু অঞ্চলে সমুদ্র সমতলে হিমরেখার অবস্থানের কারণে হিমবাহগুলো দৃশ্যমান হয়।
১৮৫০ সাল থেকে হিমবাহ গলনের বিষয়টি ভালো করে বোঝা গেলেও ১৯৮০ সাল থেকে বিভিন্ন পর্যবেক্ষণের মাধ্যমে তা ক্রমশ স্পষ্ট হয়ে ওঠে। ১৯৯৫ সাল থেকে এটি একটি গুরুতর পরিবেশ সমস্যা হিসেবে গোটা পৃথিবীকে আলোড়িত করতে শুরু করে। তবে কৌতূহলী চোখে যখন থেকেই ধরা পড়ুক না কেন, হিমবাহের গলন যে খুব অভিনব ঘটনা নয় এবং উত্তাপের বৃদ্ধিই যে অতীতের অনেক হিমবাহের বিলুপ্তির প্রধান কারণ, সে বিষয়ে কোনো দ্বিমত নেই। নাসার সাম্প্রতিক গবেষণাতেও জানা গেছে, মাত্র তিন ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি সমুদ্র ও মেরু অঞ্চলে দৈনিক কয়েক মিটার হিমবাহের বরফ গলিয়ে দিতে পারে। তবে বিজ্ঞানী মহলে অন্য একটি জায়গায় মতান্তর রয়েছে।
একদল বিজ্ঞানী মনে করেন, পৃথিবীর উত্তাপের হ্রাস-বৃদ্ধি একটি প্রাকৃতিক বিষয়। প্রাকৃতিক নিয়মের অনিবার্যতায় ভূ-তাত্ত্বিক ইতিহাসে পৃথিবীর উত্তাপ কখনো বেড়েছে, কখনো কমেছে। এমনকি পৃথিবীতে মানুষের আবির্ভাবের অনেক আগে থেকেই ঘটনাগুলো ঘটছে। আরেক দল বিজ্ঞানী মনে করেন, সাম্প্রতিক অতীত ও বর্তমানে মানুষের নানাবিধ উন্নয়নমুখী ক্রিয়াকলাপের ফলে ক্রমবর্ধমানহারে গ্রিনহাউস গ্যাসগুলো বায়ুতে নির্গত হওয়ার দরুন পৃথিবীব্যাপী উষ্ণতা ক্রমশ বাড়ছে বা ‘গ্লোবাল ওয়ার্মিং’ হচ্ছে। তবে নিছক প্রাকৃতিক নিয়মেই হোক বা মানুষের প্রকৃতিবিরুদ্ধ কাজকর্মের ফলেই হোক পৃথিবীর উত্তাপ সাম্প্রতিককালে যে ক্রমবর্ধমান, সে বিষয়ে বিশেষ সংশয়ের অবকাশ নেই।
ন্যাশনাল জিওগ্রাফিকের একটি প্রতিবেদনে বলা হয়েছে, বিগত এক শ বছরেরও বেশি সময় ধরে পৃথিবীর ১ লাখ ৬০ হাজার এলাকায় বিস্তৃত হিমবাহের অধিকাংশ ধীরে ধীরে আকারে ছোট ও পাতলা হয়ে আসছে। আর এটি ঘটছে প্রাকৃতিক ও মানুষের কর্মকাণ্ডের কারণে ক্রমশ উষ্ণ হয়ে ওঠা পৃথিবী ও তার প্রভাবে সৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণে। কিন্তু এই গলনের হারটি কেমন?
মাত্র কয়েক বছর আগে ইন্টার-গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জের (আইপিসিসি) প্রতিবেদনে বলা হয়েছিল, যে হারে বরফ গলছে তাতে হিমালয়ের হিমবাহগুলো ২০৩৫ সালের মধ্যেই পুরোপুরি গেল যাওয়ার আশঙ্কা রয়েছে। যদিও এখন ভূ-উপগ্রহ পর্যবেক্ষণ, রিমোট-সেনসিং ও আনুষঙ্গিক নানা আধুনিক পরীক্ষা-নিরীক্ষায় জানা যাচ্ছে, বাস্তবে হিমালয় অঞ্চলে হিমবাহ গলনের হার ততটা দ্রুত ও বিপজ্জনক নয়, যতটা ধারণা করা হয়েছিল। এ বিষয়ে নেচার জিওসায়েন্সের সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়, যে হিমবাহগুলো চারদিকে পর্বতবেষ্টিত ও দুই সেন্টিমিটারের বেশি শিলাচূর্ণ দিয়ে আচ্ছাদিত, সেগুলো অনেকটাই সুরক্ষিত। কারাকোরাম ও হিমালয়ের অনেক অঞ্চলে এর সুস্পষ্ট প্রমাণ মিলেছে।
তবে বরফ গলনের হার যেমনই হোক, পৃথিবীর প্রায় সব জায়গাতেই হিমবাহ গলছে—এটাই সত্য। নেচার পত্রিকার তথ্য অনুযায়ী, ভূ-উপগ্রহের পর্যবেক্ষণ, ক্ষেত্র সমীক্ষা ও বিশ্লেষণ থেকে এটা স্পষ্ট যে, হিমালয় ও তিব্বত অঞ্চলের ৪৫ হাজারেরও বেশি হিমবাহের আকার নিশ্চিতভাবেই হ্রাস পাচ্ছে। আবার নাসা এবং ক্যালিফোর্নিয়া ও ব্রিটিশ কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের একদল গবেষকের গবেষণা থেকে জানা যাচ্ছে, পশ্চিম গ্রিনল্যান্ডের হিমবাহগুলো তাদের ভূ-পৃষ্ঠের অংশের তুলনায় সমুদ্রের নিচে ১০০ গুণ বেশি গলছে। এই যে বরফ গলছে, তাতে কী হতে পারে। গত বছর নিউইয়র্ক টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনে বিজ্ঞানীরা আশঙ্কা প্রকাশ করেছেন, ২১০০ সালের মধ্যে সমুদ্রতল অন্তত তিন ফুট বৃদ্ধি পাবে। এর ফলে পৃথিবীর অনেক দেশের উপকূলবর্তী ও নিচু অঞ্চলগুলো প্লাবিত হবে এবং বসবাসের অযোগ্য হয়ে পড়বে।
অন্যদিকে হিমবাহগুলো যেহেতু পৃথিবীর প্রায় ৭৫ শতাংশ নির্মল পানির উৎস, তাই এগুলোর অকাল গলনে বা বিলুপ্তিতে শুকিয়ে যেতে পারে গঙ্গার মতো অনেক গুরুত্বপূর্ণ নদী; পরিবর্তিত হতে পারে আঞ্চলিক জলবায়ু এবং এর সার্বিক নেতিবাচক প্রভাব পড়তে পারে উদ্ভিদ ও প্রাণীদের জীবনধারণ, বিকাশ তথা বাস্তুতন্ত্র, জীববৈচিত্র্য ও সার্বিক পরিবেশের ওপর। এক কথায় পৃথিবীব্যাপী হিমবাহের গলন মানুষের এই সভ্যতাকেই যেন খানিকটা প্রশ্নচিহ্নের মুখে দাঁড় করিয়ে দিচ্ছে। কারণ, শুধু যদি মেরু প্রদেশের সমস্ত বরফ গলে যায়, তবে সমুদ্রতল উঁচু হতে পারে ৭০ মিটার বা ২৩০ ফুট পর্যন্ত। কল্পনা করুন এবার এর ভয়াবহতা! যদিও দ্য ইউনাইটেড স্টেটস এনভায়রনমেন্টাল প্রোটোকল এজেন্সির মতে, গত ১০০ বছরে পৃথিবীর সমুদ্রতল উঁচু হয়েছে ১৫ থেকে ৩০ সেন্টিমিটারের মতো। এর মধ্যে মাত্র তিন থেকে পাঁচ সেন্টিমিটার হিমবাহের গলনের জন্য দায়ী, বাকিটা সমুদ্রের পানির নিজস্ব উত্তাপ বৃদ্ধিজনিত আয়তন বৃদ্ধির কারণে।
যা হোক, বিজ্ঞানী মহলে নানা বিষয়ে যতই বিতর্ক থাক, পৃথিবীব্যাপী সচেতনতা ও আন্তরিক প্রয়াস বৃদ্ধির মাধ্যমে অন্তত মানুষের কৃতকর্মের ফলে পৃথিবীর উত্তাপ যেন আর না বাড়ে সে জন্য কাজ করা জরুরি। হিমবাহগুলো যেন আরও দীর্ঘকাল তাদের প্রাকৃতিক স্থিতাবস্থা বজায় রাখতে পারে সে জন্য ব্যবস্থা নেওয়া দরকার। পৃথিবীর বহুমূল্য সম্পদ অমূল্য পরিবেশ ও সর্বোপরি জীবন রক্ষার জন্য এ ছাড়া গত্যন্তর নেই। আর বৈজ্ঞানিক অনুসন্ধান ও তর্ক-বিতর্ক চলুক নিজস্ব নিয়মে। তাতে লাভের চেয়ে ক্ষতির আশঙ্কা নেই।