
প্রথম ক্ষমতাসীন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে আণবিক বোমা হামলার শিকার হিরোশিমা সফর করে বারাক ওবামা বললেন, হিরোশিমার ঘটনা বিশ্ববাসীর মন থেকে কখনো মুছে যাওয়া উচিত নয়। জি-৭ শীর্ষ সম্মেলন উপলক্ষে জাপান যাওয়া ওবামা গতকাল শুক্রবার এ ঐতিহাসিক সফরটি করেন। তবে হোয়াইট হাউসের আগের ঘোষণার সঙ্গে সংগতি রেখে তিনি আণবিক বোমা হামলার জন্য যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে দুঃখপ্রকাশ করেননি।
হিরোশিমার পিচ পার্কে নির্মিত স্মৃতিসৌধে বারাক ওবামা ও জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে পুষ্পস্তবক দিয়ে ওই বোমা হামলায় নিহত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানান। এরপর সেখানে দেওয়া বক্তব্যে পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্ব গড়ে তোলার জন্য বিশ্ববাসীর প্রতি আহ্বান জানান ওবামা।
গতকাল বিকেলে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবেকে নিয়ে প্রথমে হিরোশিমা স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন ওবামা। পরে তাঁরা হিরোশিমা পিস পার্কে যান। দুই নেতা সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে এবং পুষ্পস্তবক অর্পণ করে নিহত ব্যক্তিদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।
হিরোশিমা হামলার স্মৃতিচারণা করে দেওয়া বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘সেদিন আকাশ থেকে মৃত্যু নেমে আসে আর কয়েক মুহূর্তের মধ্যে বিশ্বের রূপ বদলে যায়।’ ওবামা বলেন, ‘হিরোশিমার স্মৃতি কখনো মানুষের মন থেকে মুছে যাওয়া উচিত নয়। কেননা, এটি আমাদের চিন্তাশক্তিকে শাণিত করে, আমাদের মানবিকতাকে জাগ্রত করে। আমাদের পরিবর্তনের পথে এগিয়ে যেতে আশা জোগায়।’
দ্বিতীয় বিশ্বযুদ্ধ অবসানের পর গড়ে ওঠা যুক্তরাষ্ট্র-জাপান সম্পর্কের প্রশংসা করে ওবামা বলেন, ‘আমরা শুধু সহযোগীতেই পরিণত হইনি, বন্ধুও হয়েছি।...এটি বিশ্বের অন্যতম দৃঢ় দ্বিপক্ষীয় সম্পর্ক। এই সম্পর্ক প্রমাণ করে দুটি দেশের পুরোনো বৈরিতা ভুলে কীভাবে বন্ধুত্ব স্থাপন সম্ভব।’
মার্কিন প্রেসিডেন্ট হিরোশিমায় যুক্তরাষ্ট্রের আণবিক বোমা হামলা থেকে প্রাণে বেঁচে যাওয়া দুজন প্রবীণের সঙ্গে কথা বলেন।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের একেবারে শেষদিকে, ১৯৪৫ সালের ৬ আগস্ট হিরোশিমায় মার্কিন আণবিক বোমা হামলায় ১ লাখ ৪০ হাজার মানুষ নিহত হয়। শহরটি পরিণত হয় ধ্বংসস্তূপে। বিশ্ব স্তম্ভিত হয় আণবিক বোমার ভয়াবহ ধ্বংসক্ষমতা দেখে। হিরোশিমার তিন দিন পর নাগাসাকি শহরে একই ধরনের আরেকটি বোমা হামলায় মারা যায় ৭৪ হাজার মানুষ।