হিরোজ অ্যাক্ট পাসে এখন রিপাবলিকানরাও নমনীয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউইয়র্কে এ পর্যন্ত প্রায় ১২ লাখ মানুষের কাছে বেকার ভাতা পৌঁছে দেওয়া হয়েছে। প্রায় ২১ হাজার মানুষের আবেদন চূড়ান্ত করার জন্য সার্টিফিকেশন বাকি রয়েছে। সাড়ে সাত হাজার মানুষকে আবেদন করার পরও বেকারভাতা পাওয়ার জন্য আরও তথ্য দিতে হবে। রাজ্যের শ্রম বিভাগ থেকে ২০ মে এমন তথ্য জানা গেছে।

 ডেমোক্র্যাটদের হিরোজ অ্যাক্ট ১৫ মে কংগ্রেসে পাস হওয়ার পর নাগরিকদের মধ্যে করোনা সংকটের এই সময়ে বর্ধিত নাগরিক সুবিধা প্রাপ্তির প্রত্যাশা বেড়ে গেছে। আমেরিকাজুড়ে বেকারত্ব এখন চরমে। ধাপে ধাপে খুলে দেওয়া হলেও কত দিনে অর্থনৈতিক চাঞ্চল্য ফিরে আসেবে, এ নিয়ে কেউ নিশ্চিত নন। এর মধ্যে রিপাবলিকান আইন প্রণেতারা সরাসরি নাগরিক সহযোগিতা আর না দেওয়ার কথা বলেছিলেন।

 কিন্তু জনপ্রত্যাশা এতই চরমে যে, এক সপ্তাহের মধ্যেই কিছু রিপাবলিকান আইন প্রণেতা মনোভাবের পরিবর্তন দেখাতে বাধ্য হচ্ছেন। আগামী মাসের মধ্যেই এ নিয়ে একটি সমঝোতা ও আইন প্রস্তাব নিয়ে ওয়াশিংটনে আশাবাদ দেখা যাচ্ছে। 

ফেডারেল রিজার্ভ চেয়ারম্যান জেরোম পাওয়েল চলতি সপ্তাহে আইনপ্রণেতাদের সতর্ক করে দিয়ে বলেছেন, করোনা মহামারির কারণে আমেরিকার মন্দা কয়েক বছরের জন্য দীর্ঘস্থায়ী হতে পারে।

সিনেটে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা মিচ ম্যাককনেল নাগরিকের আর ফেডারেল সহযোগিতা প্রদানে যেকোনো আলোচনা স্থগিত রেখেছেন। ফলে নাগরিকদের মধ্যে যেমন হতাশা দেখা দিয়েছে, তেমনি পুনর্নির্বাচনের জন্য অপেক্ষমাণ রিপাবলিকান আইনপ্রণেতারা স্থানীয় ভোটারদের চাপে পড়ছেন।

সিনেটে কমার্স কমিটির চেয়ারম্যান সিনেটর রজার উইকার বলেছেন, চতুর্থ দফা নাগরিক সহযোগিতার কার্যকর পদক্ষেপ ছাড়া জুন মাস আসা ও চলে যাওয়ার সুযোগ নেই। রিপাবলিকান সিনেটর সুজান কলিন্স, কোরি গার্ডানারসহ বেশ কয়েকজন আইনপ্রণেতা প্রকাশ্যেই দাবি জানাচ্ছেন, দ্রুত নতুন নাগরিক সহযোগিতার প্রস্তাব নিয়ে সমঝোতা করার জন্য।

তথ্য অনুযায়ী আমেরিকায় কর্মহীনতার সংখ্যা এখন ১৪ দশমিক সাত শতাংশ। কেয়ারস অ্যাক্টের কারণে অধিকাংশ করদাতা নাগরিক ১ হাজার ২০০ বা ২ হাজার ৪০০ ডলারের এককালীন নাগরিক সহযোগিতা পেয়েছেন। পেন্ডামিক আনএমপ্লয়মেন্ট অ্যাসিস্টেন্স আইনে কর্মহীন নাগরিকেরা এককালীন অর্থ পাওয়ার পরও সপ্তাহে ৬০০ ডলার করে মাসে ২ হাজার ৪০০ ডলার করে পাচ্ছেন। বহু কর্মজীবী নিয়মিত কাজ না করেও সপ্তাহে বেশি অর্থ আয় করছেন। রাজ্য থেকে নিয়মিত বেকারভাতার সঙ্গে সপ্তাহে ৬০০ ডলার ফেডারেল থেকে যোগ হচ্ছে। অনেকেই সপ্তাহে এই ৬০০ ডলার পাওয়ার কথা আলোচনা না করে কংগ্রেসের পরবর্তী সাহায্যের দিকে তাকিয়ে আছেন ভবিষ্যৎ উৎকণ্ঠার কারণে। 

  পেন্ডামিক আনএমপ্লয়মেন্ট অ্যাসিস্টেন্স মার্চ মাসের ২৯ তারিখ থেকে কার্যকর করা হয়েছে। আর বর্ধিত না করলেও ৩১ ডিসেম্বর পর্যন্ত তা চালু থাকবে। রাজ্যের কর্মহীন ভাতা আরও ১৩ সপ্তাহ অতিরিক্ত থাকবে। কোন কোন রাজ্যে অবশ্য সেলফ এমপ্লয়মেন্ট বা স্বেচ্ছাকর্মীদের বেকারভাতা দিচ্ছে না। পরবর্তী নাগরিক সহযোগিতায় এই দলটির জন্যও সুবিধা বর্ধিত করা হতে পারে। ভাড়াটে, অতি ক্ষুদ্র ব্যবসায়ী, বাসার মালিক, জরুরি কর্মজীবীদের জন্য অতিরিক্ত প্রণোদনা নিয়ে ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের সমঝোতার হবে বলেই এখন মনে করা হচ্ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও তাঁর পুনর্নির্বাচনের জন্য নাগরিক সহযোগিতার উদার প্রস্তাব এড়িয়ে যেতে পারবেন না বলেই বিশ্লেষকেরা মনে করছেন।