হিলারি ও ট্রাম্পের ব্যবধান কমেছে
অগ্রগামী হিলারি ক্লিনটনের সঙ্গে জনপ্রিয়তার ব্যবধান কমিয়ে এনেছেন ডোনাল্ড ট্রাম্প। দুই সপ্তাহ আগেও জনমত জরিপে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিলারি তাঁর রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী ট্রাম্পের চেয়ে ১০ পয়েন্টে এগিয়ে ছিলেন। বৃহস্পতিবার নতুন যে জরিপের ফল প্রকাশিত হয়েছে, তাতে এই ব্যবধান অর্ধেক কমে এসেছে। সিএনএনের হিসাব অনুসারে, ট্রাম্পের চেয়ে হিলারি এখন ৪-৫ পয়েন্টে এগিয়ে। রক্ষণশীল ফক্স নিউজের গৃহীত জরিপে হিলারি মাত্র ২ পয়েন্টে এগিয়ে, যা পরিসংখ্যানবিদদের বিবেচনায় সমান সমান বা ‘স্টাটিস্টিক্যান টাই’।
যুক্তরাষ্ট্রের অধিকাংশ নির্বাচনী পর্যবেক্ষক একমত, জুলাই মাসের শেষ সপ্তাহে ডেমোক্রেটিক পার্টির জাতীয় সম্মেলনের পর হিলারি স্বাভাবিকভাবেই বাড়তি জনসমর্থন পেয়েছিলেন। রিপাবলিকান দলের সম্মেলনের পর ট্রাম্পেরও জনসমর্থন বাড়ে। কিন্তু গত তিন সপ্তাহে ক্লিনটন ফাউন্ডেশন ও ই-মেইল প্রশ্নে লুকোচুরি নিয়ে অব্যাহত বিতর্ক হিলারির বিশ্বাসযোগ্যতার প্রশ্নে নতুন সন্দেহের জন্ম দিয়েছে। এই মুহূর্তে হিলারির ব্যাপারে ‘অসন্তুষ্ট’ এমন মার্কিনদের সংখ্যা মোট ভোটারদের ৫৯ শতাংশ। অসন্তুষ্টির এ হার তাঁর রাজনৈতিক ও প্রশাসনিক ক্যারিয়ারে এ পর্যন্ত সর্বোচ্চ। ডোনাল্ড ট্রাম্পের অবস্থা অবশ্য আরও খারাপ—তাঁকে অনুমোদন করে না এমন মার্কিনের সংখ্যা ৬০ শতাংশ।
নির্বাচনী ফলাফল আগাম ঘোষণার জন্য খ্যাত নেট সিলভার বলেছেন, যুক্তরাষ্ট্রে প্রতিটি নির্বাচনেই প্রধান দুই প্রার্থীর জনসমর্থন ওঠানামা করে। গত কয়েক সপ্তাহে ট্রাম্প দেশের কৃষ্ণাঙ্গদের কাছে টানতে একের পর এক নির্বাচনী সভা করেছেন। এর ফলে কৃষ্ণাঙ্গদের মধ্যে ট্রাম্পের জনপ্রিয়তা না বাড়লেও ট্রাম্পবিরোধী মধ্যপন্থী রিপাবলিকান ও হিলারির প্রতি অসন্তুষ্ট ডেমোক্র্যাট ভোটারদের মধ্যে ট্রাম্পের গ্রহণযোগ্যতা কিছুটা হলেও বেড়েছে। তবে নেট সিলভার সব জাতীয় জনমতের গড় হিসাব নিয়ে যে মডেল তৈরি করেছেন, তাতে এই মুহূর্তে নির্বাচন হলে হিলারির জয়ের সম্ভাবনা ৭৪ শতাংশ।
মার্কিন নির্বাচনী ব্যবস্থায় প্রেসিডেন্ট নির্বাচিত হতে হলে প্রার্থীকে মোট ২৭০টি ইলেক্টোরাল ভোট অর্জন করতে হবে। জনসংখ্যার ভিত্তিতে রাজ্যগুলোর ‘ইলেক্টোরাল কলেজ’ বা নির্বাচকমণ্ডলীর সদস্যসংখ্যা স্থির হয়। যে প্রার্থী কোনো রাজ্যের সাধারণ ভোটারদের বেশি ভোট পাবেন ওই রাজ্যের নির্বাচকমণ্ডলীর সব ভোটই তাঁর ঝুলিতে যাবে। ট্রাম্প ও হিলারি উভয়েই মোট ৫৩৮টি ইলেক্টোরাল ভোটের সর্বোচ্চ সংখ্যা অর্জনের লক্ষ্যে গুটিকয় অঙ্গরাজ্যে নির্বাচনী প্রচারণায় মনোনিবেশ করছেন। ‘ব্যাটেলগ্রাউন্ড স্টেট’ নামে পরিচিত এমন ১১টি অঙ্গরাজ্য রয়েছে, যেখানে ডেমোক্রেটিক বা রিপাবলিকান পার্টির নিশ্চিত নিয়ন্ত্রণ নেই। এসব রাজ্যের অধিকাংশেই এখন পর্যন্ত হিলারি ক্লিনটন এগিয়ে, তবে ট্রাম্পের সঙ্গে তাঁর ব্যবধান কমে আসার লক্ষণ দেখা যাচ্ছে।