হিলারি ও ট্রাম্পের বড় জয়

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট প্রার্থী বাছাইয়ে গতকাল মঙ্গলবার (সুপার টুইসডে) যে এক ডজন অঙ্গরাজ্যে নির্বাচন হয়েছে, বেশির ভাগ অঙ্গরাজ্যে ডেমোক্রেটিক পার্টির মনোনয়নপ্রত্যাশী হিলারি ক্লিনটন ও রিপাবলিকান পার্টির মনোনয়নপ্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প জয়ী হয়েছেন। বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
ডেমোক্রেটিক পার্টির হিলারি ক্লিনটন আলাবামা, জর্জিয়া, টেনেসি, ভার্জিনিয়া, আরকানসাস, টেক্সাস ও ম্যাসাচুসেটসে জয় পেয়েছে। মনোনয়নের লড়াইয়ে তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী সিনেটর বার্নি স্যান্ডার্স ভারমন্ট, ওকলাহোমা, মিনেসোটা ও কলোরাডোতে জয়ী হয়েছেন।
অন্যদিকে রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্প আলাবামা, জর্জিয়া, ম্যাসাচুসেটস, টেনেসি, ভার্জিনিয়া, আরকানসাস ও ভারমন্টে জয়ী হয়েছেন। দলটির সিনেটর টেড ক্রুজ টেক্সাস ও ওকলাহোমায় জয় পেয়েছেন। মিনেসোটায় জয়ী হয়েছেন রিপাবলিকান সিনেটর মার্কো রুবিও।
হিলারি ও ট্রাম্প তাঁদের এই জয়ের মধ্য দিয়ে প্রেসিডেন্ট নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে একটা বড় অগ্রগতি অর্জন করলেন। কিন্তু উভয় মনোনয়নপ্রত্যাশীর প্রতিযোগীরা এখনো তাঁদের মনোনয়নের লড়াই অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন।
সুপার টুইসডের নির্বাচনে বড় জয় পাওয়ার পর হিলারি ও ট্রাম্পের বক্তব্যে আভাস পাওয়া যায়, ৮ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে তাঁরা পরস্পরকে চূড়ান্ত প্রতিদ্বন্দ্বী ভাবছেন।