হিলারি ও ট্রাম্পের মধ্যে ব্যবধান কমে আসছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

জনমত জরিপে ভালো খবর পেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট পদে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। গত বুধবার প্রকাশিত একাধিক জরিপে প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটনের সঙ্গে তাঁর ব্যবধান কমে আসার লক্ষণ দেখা যাচ্ছে। এনবিসি/ওয়ালস্ট্রিটের জরিপে হিলারি-ট্রাম্প উভয়েই ৪৩ শতাংশ সমর্থন নিয়ে সমানে সমান অবস্থানে রয়েছেন। ব্লুমবার্গের নেওয়া অন্য একটি জরিপে হিলারি ৪৫ শতাংশ সমর্থন নিয়ে ট্রাম্পের চেয়ে মাত্র ২ পয়েন্টে এগিয়ে। 
ট্রাম্পের জন্য সত্যিকারের ভালো খবর এসেছে নেভাদা ও ফ্লোরিডা থেকে। জিততে হলে ফ্লোরিডার ২৯টি ও নেভাদার ৬টি ইলেকটোরাল ভোট তাঁকে পেতে হবেই। ভাবা হয়েছিল, এই দুটি অঙ্গরাজ্য হিলারির খাতায় নিশ্চিতভাবে তাদের নাম লেখাচ্ছে। কিন্তু নতুন জরিপে ভিন্ন ফল মিলেছে। ফ্লোরিডায় এই মুহূর্তে ট্রাম্প ২ পয়েন্টে এগিয়ে, নেভাদায় তারা উভয়েই সমান সমান সমর্থন পাচ্ছেন। এমনকি পেনসিলভানিয়াতেও ট্রাম্প ব্যবধান কমিয়ে এনেছেন। সেখানে তিনি হিলারির চেয়ে মাত্র ৩ পয়েন্টে পিছিয়ে।
যৌন আগ্রাসনের টেপ প্রকাশিত হওয়ার পর অনেকেই ভেবেছিলেন ট্রাম্প নিশ্চিতভাবে হেরে যাচ্ছেন। তৃতীয় বিতর্কে ‘নির্বাচনের ফল না-ও মানতে পারেন’ এমন ধারণা দেওয়ার পর তাঁর প্রতি সমর্থন আরও কমে যায়। অথচ নির্বাচনের ১২ দিন আগে ট্রাম্প ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিচ্ছেন। এর পেছনে সম্ভবত দুটি কারণ রয়েছে। যেসব রিপাবলিকান ট্রাম্পকে ভোট দেবেন না বলে সিদ্ধান্ত নিয়েছিলেন, তাঁদের কেউ কেউ নিজ দলে ফিরে আসছেন। স্বতন্ত্র ভোটাররা, যাঁরা হাত গুটিয়ে বসে ছিলেন, তাঁদের অনেকে ট্রাম্পের দিকে ঝুঁকছেন।
খ্যাতনামা নির্বাচনী বিশ্লেষক নেট সিলভার মনে করেন, হিলারির পক্ষে মোট ভোটদাতা কমেনি, শুধু ট্রাম্পের ভোটদাতাদের সংখ্যা বেড়েছে। নিউ হ্যাম্পশায়ারের উদাহরণে তিনি দেখিয়েছেন, এখানে লিবার্টারিয়ান প্রার্থী গ্যারি জনসনের সমর্থন দারুণভাবে কমে গেছে, এত দিন যাঁরা তাঁর পক্ষে ছিলেন, তাঁদের অনেকেই সিদ্ধান্ত পরিবর্তন করে ট্রাম্পের দিকে ঝুঁকে পড়েছেন। দুই সপ্তাহ আগেও জনসনের সমর্থন ১০ শতাংশের কাছাকাছি ছিল, এখন তা মাত্র ৩ শতাংশে নেমে এসেছে।
অধিকাংশ ভাষ্যকার মনে করেন, রক্ষণশীল ভোটারদের অধিকাংশ মনে করেন, ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে অযোগ্য হলেও হিলারিকে তাঁরা কিছুতেই সমর্থন করতে পারেন না। সুপ্রিম কোর্টে পরবর্তী বিচারক মনোনয়নের প্রশ্নটি এ ব্যাপারে তাঁদের প্রভাবিত করছে। এই মুহূর্তে কোর্টে চারজন রক্ষণশীল ও চারজন উদারনৈতিক বিচারক রয়েছেন। একটি পদ শূন্য রয়েছে। হিলারি প্রেসিডেন্ট হলে তিনি উদারনৈতিক বিচারক মনোনয়ন দেবেন, অধিকাংশ রিপাবলিকান ভোটারের কাছে সেটি সম্পূর্ণ অগ্রহণযোগ্য।
রিপাবলিকান ভোটাররা যে ট্রাম্পের শিবিরে ফিরছেন, তার একটি ভালো উদাহরণ ইউটা অঙ্গরাজ্যের কংগ্রেসম্যান জ্যাসন শাফেটজ। প্রতিনিধি পরিষদের ‘নজরদারি কমিটির’ চেয়ারম্যান শাফেটজ প্রথমে ট্রাম্পের প্রতি সমর্থন জানান। সেক্স টেপটি প্রকাশিত হওয়ার পর তিনি মত বদল করেন। শাফেটজ এখন বলছেন, তিনি ট্রাম্পকে ভোট দেবেন।
নির্বাচনের আগে প্রধান দুই দলের প্রার্থীদের ব্যবধান কমে আসায় বিস্ময়ের কিছু নেই। ২০১২ সালের নির্বাচনের ঠিক আগ মুহূর্তে রিপাবলিকান প্রার্থী মিট রমনির তুলনায় বারাক ওবামা মাত্র ১ পয়েন্টে এগিয়ে ছিলেন। রিপাবলিকান দলের অনেকেই বিশ্বাস করতেন, রমনিই জয়ী হবেন। কিন্তু চূড়ান্ত ভোটে ওবামা ৪ শতাংশের অধিক ব্যবধানে বিজয়ী হয়ে দ্বিতীয়বারের মতো হোয়াইট হাউসে প্রবেশ করেন।
নেট সিলভার মনে করেন, নির্বাচনী প্রচারে এই পর্যায়ে ট্রাম্প আগের তুলনায় সামান্য ভালো অবস্থায় রয়েছেন। তবে শতাধিক জরিপের ভিত্তিতে তিনি যে নির্বাচনী মডেল নির্মাণ করেছেন, তাতে এই মুহূর্তে ট্রাম্পের জয়ের সম্ভাবনা ১৫ শতাংশ, এক সপ্তাহ আগে তা ছিল ১৩ শতাংশ।