
মাত্র এক সপ্তাহ পরে ১ ফেব্রুয়ারি আইওয়া অঙ্গরাজ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম প্রাক-নির্বাচনী ভোট। ‘ককাস’ নামে পরিচিত এই নির্বাচনে ডেমোক্রেটিক ও রিপাবলিকান দলের রেজিস্ট্রিকৃত ভোটাররা তাঁদের পছন্দের প্রার্থীদের পক্ষে ভোট দেবেন। সোমবার সেই ভোটের আগে শেষবারের মতো আইওয়ার রাজধানী ডে ময়েনে এক টাউন হল সভায় মিলিত হলেন ডেমোক্রেটিক পার্টির তিন প্রার্থী হিলারি ক্লিনটন, বার্নি স্যান্ডার্স ও মার্টিন ও’ম্যালে। উন্মুক্ত এই সভায় অধিকাংশ প্রশ্ন করেন এই শহরের ডেমোক্র্যাট দলীয় সমর্থকেরা।
গত তিন মাসের একটানা নির্বাচনী প্রচারণা ও অব্যাহত টেলিভিশন বিজ্ঞাপনের পর এই তিন প্রার্থীর কাছ থেকে নতুন কিছুই আর জানার নেই। সে কথা মাথায় রেখে তাঁরা তিনজনই তিনিই ‘কেন সেরা প্রার্থী’ সে কথা বুঝিয়ে বলতে অধিকাংশ সময় ব্যয় করেন। তবে কখনোই অপরের ব্যাপারে কোনো কটু কথা বলেননি বা ব্যক্তিগত আক্রমণে লিপ্ত হননি।
ভারমন্টের স্বতন্ত্র সিনেটর স্যান্ডার্স, যিনি নিজেকে ‘গণতান্ত্রিক সমাজতন্ত্রী’ হিসেবে পরিচিত করতে ভালোবাসেন, শ্রোতা-দর্শকদের বোঝাতে চেষ্টা করেন, যে সমাজতন্ত্রের কথা তিনি বলছেন, তার অর্থ অসাম্য দূর করে এমন এক ব্যবস্থা প্রতিষ্ঠা। যার ফলে আমেরিকার ধনী-দরিদ্র সমান অধিকার ও সুবিধা ভোগ করবে। ‘দেশের ১ শতাংশের এক-দশমাংশ দেশের ৯০ শতাংশ সম্পদ ভোগ করবে, গণতান্ত্রিক সমাজতন্ত্রের চোখে তা অনৈতিক।’
বার্নি স্যান্ডার্সের নির্বাচনী প্রচারণা, যাকে তিনি নিজেই ‘বিপ্লব’ হিসেবে বর্ণনা করেছেন, তা এ বছরের নির্বাচনী হিসাব-নিকাশ পুরোপুরি উল্টে দিয়েছে। জনমত গণনায় জাতীয়ভাবে হিলারি এগিয়ে থাকলেও আইওয়াতে তাঁকে স্যান্ডার্সের কাছ থেকে তীব্র প্রতিযোগিতার সম্মুখীন হতে হচ্ছে। আইওয়ার পর যে রাজ্যে প্রাক-নির্বাচনী ভোট হবে, সেই নিউ হ্যাম্পশায়ারে স্যান্ডার্স হিলারির তুলনায় বেশ এগিয়ে আছেন। অথচ মাস খানেক আগেও ভাবা হয়েছিল, হিলারি খুব সহজেই তাঁর প্রতিদ্বন্দ্বীদের ডিঙিয়ে দলীয় মনোনয়ন ছিনিয়ে নেবেন। বাস্তবে দেখা যাচ্ছে, ছবিটি বেশ ভিন্ন। তীব্র প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হয়ে হিলারি স্যান্ডার্সের বিরুদ্ধে তাঁর সমালোচনার সুরটি ক্রমশ কড়া করে চলেছেন।
স্যান্ডার্সের ব্যাপারে হিলারির অভিযোগ, তিনি খুব চমৎকার সব কথা বলছেন, কিন্তু তার কোনোটাই বাস্তবসম্মত নয়। এই টাউন হল সভাতেও হিলারি তাঁর সে সমালোচনা পুনর্ব্যক্ত করলেন। নিউইয়র্কের সাবেক গভর্নর মারিয়ো কুওমোর কথা উদ্ধৃত করে বললেন, ‘আমরা নির্বাচনী প্রচারণা করি কাব্যিক ভাষায়, কিন্তু দেশ শাসন করি গদ্যে।’ নিজের দীর্ঘ অভিজ্ঞতার ফিরিস্তি দিয়ে তিনি বললেন, যাঁরা প্রেসিডেন্ট পদের প্রার্থী হয়েছেন, তাঁদের মধ্যে তিনি সবচেয়ে অভিজ্ঞ। তাই প্রেসিডেন্ট হওয়ার জন্য তিনিই সবচেয়ে যোগ্য।
এক দিন আগে প্রেসিডেন্ট ওবামা এক সাক্ষাৎকারে হিলারিকে ‘যোগ্য, ধীমান ও কঠোর’ হিসেবে বর্ণনা করেছেন। অন্যদিকে, একই সাক্ষাৎকারে স্যান্ডার্সের প্রশংসা করলেও ওবামা জানান, স্যান্ডার্স এখনো ‘পরীক্ষিত’ হননি। হিলারি বার কয়েক ওবামার সাক্ষাতের সে উদ্ধৃতি দিয়ে নিজের শ্রেষ্ঠতর যোগ্যতার প্রমাণপত্র হাজির করেন।
স্যান্ডার্স অবশ্য ভিন্ন কথা বলেন। হিলারি নন, তিনি অধিক যোগ্য—সে কথা প্রমাণের জন্য দর্শকদের উদ্দেশে সরাসরি তাকিয়ে তিনি বললেন, ইরাকের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তাবে তিনি ‘না’ ভোট দিয়েছিলেন। হিলারি সে প্রস্তাবের পক্ষে ছিলেন। ‘আমি জানতাম, এই যুদ্ধের ফল কী ভয়াবহ হবে’—কিঞ্চিৎ শ্লেষের সঙ্গে তিনি বললেন, ‘অভিজ্ঞতা ভালো। কিন্তু তার চেয়েও বেশি জরুরি হলো সঠিক বিচারবোধ।’
সভায় স্যান্ডার্স ও হিলারি উভয়েই রিপাবলিকান প্রার্থীদের ‘ভীতি ও বিভেদাত্মক’ রাজনীতির সমালোচনা করেন। একজন আমেরিকান-মুসলিমের প্রশ্নের জবাবে হিলারি ক্লিনটন বলেন, মুসলিমদের প্রবেশ নিষিদ্ধের যে দাবি ডোনাল্ড ট্রাম্প করেছেন, তা কেবল লজ্জাজনক ও আপত্তিকরই নয়, মার্কিন মূল্যবোধের পরিপন্থী ও বিপজ্জনক।
বিতর্কে তিন ডেমোক্রেটিক প্রার্থী আলাদা আলাদা দর্শক-শ্রোতাদের প্রশ্নের জবাব দেন। ম্যারিল্যান্ডের সাবেক গভর্নর মার্টিন ও’ম্যালে বাকি দুজনের প্রায় সমান সময় পেলেও তাঁকে কেউ হিসাবের মধ্যে রাখছে বলে মনে হয়নি। অধিকাংশ জনমত গণনাতেই ও’ম্যালের সমর্থন ৫ শতাংশের কম। আইওয়ার ককাসের নিয়ম অনুযায়ী, কোনো প্রার্থী ১৫ শতাংশের কম ভোট পেলে তিনি নির্বাচনের অযোগ্য বিবেচিত হবেন এবং তাঁর ভোট অন্য প্রার্থীদের জন্য বরাদ্দ করা হবে। তেমন ঘটনা ঘটলে তিনি কী সিদ্ধান্ত নেবেন, এমন এক প্রশ্নের জবাবে ও’ম্যালে বলেন, আমেরিকা একজন নতুন নেতা খুঁজছে। তাঁর বিশ্বাস, আইওয়ার ভোটাররা নতুন সেই নেতা খুঁজে নিতে ভুল করবেন না।