হিলারি ক্লিনটন: এক অপ্রতিরোধ্য পথচলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হিলারি ক্লিনটনের ইদানীংকার নির্বাচনী সভা-সমাবেশের বক্তব্যের সিংহভাগ জুড়ে থাকে তাঁর জীবনের বিগত চার দশকের নানা প্রতিকূলতার গল্প। আসলেই নানা নাটকীয়তা আর চ্যালেঞ্জে ভরা তাঁর জীবনকাহিনি।
হিলারির পুরো নাম হিলারি ডায়ান রডহ্যাম। ১৯৪৭ সালের ২৬ অক্টোবর শিকাগোর এক ধার্মিক মধ্যবিত্ত পরিবারে জন্ম। স্কুলে পড়ার সময় মাত্র ১৩ বছর বয়সেই পরিবারকে আর্থিক সহায়তা করতে কাজ করতে শুরু করেন হিলারি। ১৯৬৫ সালে নামকরা কলেজ ওয়েলেসলিতে ভর্তি হন তিনি। ষাটের দশকে হিলারি নাগরিক অধিকার, ভিয়েতনাম যুদ্ধ ও লৈঙ্গিক সমতা ইস্যুতে বেশ সোচ্চার হয়ে ওঠেন। ১৯৬৯ সালে হঠাৎ দেখা বিল ক্লিনটনের সঙ্গে। এরপরই জীবনের গতিপথ বদলে যায় তাঁর। এক পর্যায়ে হিলারি আরকানস অঙ্গ রাজ্যে বিল ক্লিনটনের সঙ্গে কাজে যোগ দেন। এর কিছুদিন পর প্রথমে আরকানসের গভর্নর এবং ১৯৯২ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হন বিল ক্লিনটন। ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে পূর্বসূরিদের বিপরীতে চলে প্রথমেই সবার নজর কাড়েন তৎকালীন ফার্স্ট লেডি হিলারি। তবে খুব শিগগির দেশের আইনপ্রণেতা ও সাংবাদিকদের সঙ্গে তাঁর সম্পর্কে তিক্ততার সৃষ্টি হয়। ১৯৯৮ সালে হোয়াইট হাউসের শিক্ষানবিশকর্মী মনিকা লিউইনস্কির সঙ্গে স্বামী বিলের পরকীয়ার খবর ফাঁস হলে বেশ বিব্রতকর পরিস্থিতিতেও পড়তে হয় তাঁকে।
২০০০ সালে নিউইয়র্কের সিনেটর নির্বাচিত হন হিলারি। ২০০৪ সাল থেকে তিনি প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার প্রস্তুতি শুরু করেন। কিন্তু চার বছর পর নিজ দলীয় প্রার্থী বারাক ওবামার সঙ্গে মনোনয়নের দৌড়ে হেরে যান। প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে হিলারিকেই নিজের পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ করেন ওবামা। এ দায়িত্ব পালনকালে ২০১২ সালে লিবিয়ায় জঙ্গি হামলায় রাষ্ট্রদূতসহ ও চার মার্কিন নাগরিক নিহত হওয়ার জন্য হিলারির ব্যর্থতাকেই দায়ী করে থাকেন রিপাবলিকানরা। এ ছাড়া সরকারি কাজে ব্যক্তিগত ই-মেইল ব্যবহারের ঘটনাও বেশ বিতর্কে ফেলে তাঁকে। তবে সব বাধা ঠেলে এগিয়ে চলেছেন হিলারি।