হিলারি-ট্রাম্প তীব্র বাগ্যুদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটন এবং রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প তিক্ত কথার লড়াইয়ে জড়িয়ে পড়লেন। হিলারি প্রতিপক্ষ ট্রাম্পের অর্ধেক সমর্থককে ‘অশোভন’ বলে নিন্দা করেছেন। আর ট্রাম্প বলেছেন, হিলারি এত বেশি সুরক্ষিত যে তিনি প্রকাশ্যে ২০ হাজার মানুষের সামনে কাউকে গুলি করলেও এর কোনো বিচার হবে না।
আগামী ৮ নভেম্বর অনুষ্ঠিত হচ্ছে প্রেসিডেন্ট নির্বাচন। এর সময় যত এগিয়ে আসছে উত্তাপ ছড়াচ্ছে তত। গত সপ্তাহে পরিচালিত একাধিক জরিপে দেখা গেছে, ট্রাম্প তাঁর প্রতিপক্ষ হিলারির সঙ্গে ব্যবধান কমিয়ে ফেলছেন। ওহাইও ও ফ্লোরিডার মতো ‘ব্যাটলগ্রাউন্ড’ অঙ্গরাজ্যগুলোতে দুজনের লড়াই তীব্র হচ্ছে।
নিউইয়র্কে নির্বাচনী তহবিল গঠনের একটি অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে ট্রাম্প-সমর্থকদের এক হাত নেন হিলারি। তিনি প্রতিপক্ষের অর্ধেক সমর্থককে ‘জাতিবিদ্বেষী, বিদেশিবিদ্বেষী, ইসলামবিদ্বেষী’ হিসেবে অভিহিত করেন।
তবে ট্রাম্পের বাকি সমর্থকদের হিলারি ‘পরিবর্তনের জন্য মরিয়া’ কিছু মানুষ হিসেবে অভিহিত করেন।
ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণা দলের ব্যবস্থাপক কেলিয়ানে কনওয়ে হিলারির এ মন্তব্যের সমালোচনা করেছেন। তিনি বলেছেন, এই বক্তব্য দেওয়ার মাধ্যমে হিলারি ‘যুক্তরাষ্ট্রের লাখ লাখ নাগরিককে’ অপমান করেছেন।
এদিকে ফ্লোরিডার পেনসাকোলায় এক নির্বাচনী সভায় হিলারির তীব্র সমালোচনা করেন ট্রাম্প। তিনি বলেন, ‘অত্যন্ত সুরক্ষিত অবস্থায় থাকার কারণে হিলারি যদি এখন কাউকে গুলি করেন, তবে এর কোনো বিচার হবে না। এখানে এই ২০ হাজার মানুষ এ দৃশ্য দেখলেও তাঁকে (হিলারি) বিচারের মুখোমুখি করা যাবে না।’