হিলারি-ট্রাম্প নিয়ে শেষ মুহূর্তের হিসাব-কিতাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডোনাল্ড ট্রাম্প ও হিলারি ক্লিনটন
ডোনাল্ড ট্রাম্প ও হিলারি ক্লিনটন

যুক্তরাষ্ট্রে ২০২০ সালে ডেমোক্রেটিক ও রিপাবলিকান পার্টি কাদের মনোনয়ন দেয়, তার ওপর নির্ভর করবে দেশটির গণতন্ত্রের গুণগত মান। বর্ণবাদকে উসকে দেওয়ায় নতুন করে সহিংসতার আশঙ্কাও থাকছে। কু ক্লাস ক্লানের মতো গোষ্ঠীও মাথা চাড়া দিয়ে উঠেতে পারে। এমন নির্বাচন তরুণদের রাজনীতিবিমুখ করবে।

গতকাল সোমবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমন্ত্রণে নিউইয়র্কের ‘ওয়েস্ট ইন’ হোটেল মিলনায়তনে নির্বাচন প্রসঙ্গে সাংবাদিকদের সঙ্গে আলোচনাকালে এসব কথা বলেন ফোর্ডহ্যাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ক্রিস্টিনা গ্রিয়ার।

ক্রিস্টিনা গ্রিয়ার বলেন, ‘প্রেসিডেন্ট পদপ্রার্থীদের মধ্যে অর্থনীতি-বিদেশনীতি নিয়ে মতপার্থক্য ছিল। কিন্তু নির্বাচনে এসে এটা এমন হয়েছে যে একদল বলছে, অভিবাসীদের লাথি দিয়ে বের করে দাও। অন্য দল বলছে, না।’

ক্রিস্টিনা গ্রিয়ার আরও বলেন, যুক্তরাষ্ট্রের ইতিহাসে জনগণের কাছে সবচেয়ে অগ্রহণযোগ্য দুজন প্রার্থী প্রেসিডেন্ট পদে লড়ছেন। তাঁরা প্রেসিডেনশিয়াল ডিবেটের পর একে অন্যের সঙ্গে হাত পর্যন্ত মেলাননি। হিলারি ক্লিনটন নির্বাচিত হোন বা ডোনাল্ড ট্রাম্প, পরবর্তী চার বছর নিয়মিত বিরতিতে তাঁদের কোনো না কোনো স্ক্যান্ডাল নিয়ে আলোচনা হবে। সাধারণ মানুষের কাছে হিলারি ক্লিনটন একজন যুদ্ধবাজ মানুষ। তিনি ইরাক-আফগানিস্তানে সেনা মোতায়েন সম্পর্কে কী করবেন, তা নিয়ে মানুষের মনে অনেক প্রশ্ন আছে। যেভাবে এসব যুদ্ধক্ষেত্রে অর্থায়ন করা হচ্ছে, সেভাবে টাকা ফেরত আসছে না। আর ডোনাল্ড ট্রাম্প এমন একজন মানুষ, যিনি একবিংশ শতাব্দীতে এসে বর্ণবাদী কথা অনায়াসে চিৎকার করে বলছেন। তিনি একটি সম্প্রদায়কে অন্য সম্প্রদায়ের বিরুদ্ধে উসকে দিচ্ছেন। ক্রিস্টিনা গ্রিয়ার বলেন, শিক্ষার্থীরা কলেজে পড়ার সময় থেকে রাজনীতি করার স্বপ্ন দেখেন। তাঁদের কাছে এই দুই প্রার্থীর কেউই গ্রহণযোগ্য নন। কাজেই পরবর্তী নির্বাচনে যাচাই-বাছাই করে প্রার্থী দেওয়া প্রয়োজন।

নির্বাচনের ফলাফল মানবেন কি না, এ ব্যাপারে সরাসরি উত্তর না দিয়ে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের সবচেয়ে বড় ক্ষতি করেছেন বলে মনে করেন রাষ্ট্রবিজ্ঞানের এই অধ্যাপক। তিনি বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রে গণতন্ত্রের ভিত্তি হলো স্বাধীন ও স্বচ্ছ নির্বাচন এবং শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর। নির্বাচনের ফলাফল মেনে নেবেন কি না, এমন প্রশ্নে কেউ যদি বলেন, ‘আমি জানি না, আচ্ছা দেখি।’

নির্বাচনে কে জিততে পারেন—এমন প্রশ্নের জবাবে ক্রিস্টিনা গ্রিয়ার বলেন, ‘আমার একটি সত্তা মনে করে হিলারি ২৭০টি ভোট পাবেন। আমার পূর্বপুরুষেরা কৃষ্ণাঙ্গ দাস ছিলেন। আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রী, আমি কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের পিএইচডি, আমি লেখক। আমার এই সত্তা বলে, হিলারি জিতবেন। একই সঙ্গে আমি একজন কৃষ্ণাঙ্গ নারী। আমি খুব সংশয়ে আছি। আমি জানি না, আমাদের মধ্যে বিভক্তিটা কোথায় গিয়ে পৌঁছেছে।’