হিলারি-ট্রাম্পের বাগ্যুদ্ধ বাড়ছেই

দলের মনোনয়ন এখনো নিশ্চিত না হলেও পরস্পর বাগ্যুদ্ধে মেতে উঠেছেন ডেমোক্রেটিক ও রিপাবলিকান দলের সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটন আর ডোনাল্ড ট্রাম্প। দল দুটির আনুষ্ঠানিক ঘোষণার জন্য বসে নেই জনমত জরিপ প্রতিষ্ঠানগুলোও। হিলারি আর ট্রাম্পকেই দুই দলের সম্ভাব্য প্রার্থী ধরে নিয়ে জরিপ শুরু করে দিয়েছে তারা।
রয়টার্স ও জরিপ সংস্থা ইপসোসের এমনই এক জরিপে দেখা গেছে, জনপ্রিয়তার দিক দিয়ে ট্রাম্পকে আবারও টপকে শীর্ষে চলে এসেছেন হিলারি।
রিপাবলিকান দলের প্রার্থী নির্বাচন প্রক্রিয়ায় ডোনাল্ড ট্রাম্প এরই মধ্যে প্রয়োজনীয় ডেলিগেট সমর্থন নিশ্চিত করে ফেললেও মনোনয়নের আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি। আর ডেমোক্রেটিক দলে ক্যালিফোর্নিয়া, নিউ জার্সিসহ ছয়টি অঙ্গরাজ্যে প্রার্থী নির্বাচন প্রক্রিয়া অনুষ্ঠিত হবে ৭ জুন। এরপরই হিলারি ক্লিনটন আর বার্নি স্যান্ডার্সের মধ্যে কে মনোনয়ন পাবেন, তা বোঝা হবে। তবে দলের সুপার ডেলিগেট আর ডেলিগেট ভোটে যথেষ্ট এগিয়ে রয়েছেন হিলারি।
মনোনয়ন চূড়ান্ত না হলেও আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে পরস্পরকে পরস্পরের সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী ধরে নিয়ে এরই মধ্যে আক্রমণ-প্রতি আক্রমণে মেতে উঠেছেন হিলারি এবং ট্রাম্প। গত শুক্রবার ক্যালিফোর্নিয়ার কালভার শহরে একটি কলেজ প্রাঙ্গণে এক ভাষণে হিলারি বলেছেন, তাঁর সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী (ট্রাম্প) আমেরিকার ‘একনায়ক’ হতে চান। ট্রাম্পের নীতির সমালোচনা করে তিনি বলেন, ‘ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট এবং সর্বাধিনায়ক হওয়ার জন্য উপযুক্ত নন। আমরা একজন প্রেসিডেন্ট নির্বাচনের চেষ্টা করছি, স্বৈরশাসক নয়।’ এর আগে গত বৃহস্পতিবার সানডিয়াগোয় এক ভাষণে ট্রাম্পকে ‘বিপজ্জনকভাবে অসংলগ্ন’ বলে মন্তব্য করেন তিনি।
ট্রাম্পও বসে নেই। হিলারিকে তিনি ‘অসৎ আর কুটিল’ বলে মন্তব্য করেছেন। সেই সঙ্গে বহুল আলোচিত ই-মেইল এবং লিবিয়ায় মার্কিন রাষ্ট্রদূতের মৃত্যুর ঘটনায় হিলারিকে আক্রমণ করেছেন তিনি।
এদিকে শুক্রবার প্রকাশিত রয়টার্স এবং জরিপ সংস্থা ইপসোসের জনমত জরিপে ট্রাম্পের চেয়ে বেশ খানিকটা এগিয়ে রয়েছেন হিলারি। এর আগে গত মাসে এক জরিপে জানা গিয়েছিল, ভোটারের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছেন ট্রাম্প।
বিশেষজ্ঞরা মনে করছেন, নিউইয়র্কের ধনাঢ্য ব্যবসায়ী ডোনাল্ড ট্রাম্পের সমালোচনায় মুখর হওয়ার কারণেই তাঁকে টপকে যেতে পেরেছেন হিলারি। সেই সঙ্গে নানা বিতর্কিত মন্তব্য এবং সাবেক সেনাদের জন্য তোলা অর্থের বিতরণ ও ট্রাম্প বিশ্ববিদ্যালয় ইস্যুতে সৃষ্ট সমালোচনার কারণেও কিছুটা পিছিয়ে পড়েছেন ট্রাম্প।
ইপসোসের জরিপে দেখা গেছে, প্রায় ৪৬ শতাংশ ভোটার হিলারিকে সমর্থন করছেন। আর ৩৫ শতাংশের পছন্দ ট্রাম্পকে। ১৯ শতাংশ দুজনের কাউকেই পছন্দ করেন না। ৩০ মে থেকে ৩ জুন পর্যন্ত ১ হাজার ৪২১ জন ভোটারের মধ্যে এ জরিপ চালানো হয়।