হিলারি তৃতীয় বিশ্বযুদ্ধ বাধিয়ে দেবেন: ট্রাম্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তাঁর প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক দলের প্রার্থী হিলারি ক্লিনটনের বিদেশনীতি তৃতীয় বিশ্বযুদ্ধ বাধিয়ে দিতে পারে। পরমাণু শক্তিধর রুশ সামরিক বাহিনীর সঙ্গে সংঘাত সৃষ্টি হতে পারে এবং সে থেকেই নতুন করে এ বিশ্বযুদ্ধ বাধতে পারে। গত মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন ট্রাম্প।
সাক্ষাৎকারের অধিকাংশ সময় জুড়ে পররাষ্ট্রনীতি নিয়ে কথা হয়। এতে ট্রাম্প বলেন, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতা থেকে নামানোর চাইতে ইসলামিক স্টেটকে (আইএস) পরাজিত করার বিষয়ে গুরুত্ব দেওয়া উচিত। তাঁর এই বক্তব্য অবশ্য যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের নীতির সঙ্গে বেমানান। তাঁর মতে, আইএসকে দমন করাই গুরুত্বপূর্ণ কাজ।
ট্রাম্প বলেন, ‘আমার কাছে আইএস মুখ্য। আসাদের বিষয়টি পরে আসবে।’ আসাদ তিন বছর আগের তুলনায় বর্তমানে আরও বেশি শক্তিশালী বলেও মন্তব্য করেন ট্রাম্প। সিরিয়া নিয়ে মার্কিন নীতি ভুল উল্লেখ করে ট্রাম্প বলেন, ‘আমাদের সিরিয়া নিয়ে প্রাধান্য দিলে চলবে না। আমাদের এখন আইএসের বিষয়ে প্রাধান্য দিতে হবে।’

সম্প্রতি প্রেসিডেন্ট প্রার্থীদের বিতর্কে সিরিয়ায় একটি ‘নো ফ্লাই জোন’ ঘোষণার প্রস্তাব করেন হিলারি। এতে রুশ বিমানের সঙ্গে সংঘর্ষ বাধতে পারে বলে অনেকের মত। সিরিয়ার বিষয়ে হিলারির পরিকল্পনার সমালোচনা করে ট্রাম্প বলেন, ‘সিরিয়া প্রশ্নে হিলারির কথা শুনলে শেষ অবধি তৃতীয় বিশ্বযুদ্ধে জড়িতে যেতে হবে। মনে রাখতে হবে, সেখানে শুধু সিরিয়ার সঙ্গে লড়াই হচ্ছে না। সিরিয়া, রাশিয়া ও ইরানের সঙ্গে লড়াই হচ্ছে।’ ট্রাম্প উল্লেখ করেন, রাশিয়া পারমাণবিক শক্তিধর দেশ। হিলারির অবস্থান নিয়ে প্রশ্ন তুলে এই ধনকুবের বলেন, ‘হিলারি প্রেসিডেন্ট হলে কীভাবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সমঝোতা করবেন, যখন তিনি অনবরত পুতিন সম্পর্কে বাজে বক্তব্য দিচ্ছেন। যাঁকে তিনি “শয়তান” হিসেবে উপস্থাপন করছেন, তাঁর সঙ্গে কীভাবে সমঝোতায় বসবেন?’

ফিলিপাইনের সঙ্গে সম্পর্কের অবনতির জন্য প্রেসিডেন্ট বারাক ওবামার সমালোচনা করেন ট্রাম্প। তিনি বলেন, ওবামা বিশ্বের নেতাদের সঙ্গে সম্পর্কোন্নয়নের বদলে গলফ খেলতে বেশি পছন্দ করেন। ফিলিপাইনের প্রেসিডেন্ট রড্রিগো দুর্তেতের সম্প্রতি দেওয়া বক্তব্যের সমালোচনা করে ট্রাম্প বলেন, ‘এই মন্তব্য আমাদের জন্য অবমাননাকর।’

নিজের প্রার্থিতার পক্ষে দলের পূর্ণ সমর্থন না থাকায় রিপাবলিকান পার্টিরও সমালোচনা করেন ট্রাম্প। তিনি বলেন, দলে ঐক্য থাকলে তিনি হিলারির কাছে হারবেন না। দলের নেতারা তাঁকে সমর্থন না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করে ট্রাম্প বলেন, ‘জনগণ এই দলটির নেতৃত্ব নিয়ে ক্ষুব্ধ। এই নির্বাচনে দলের শীর্ষস্থানীয় নেতাদের সমর্থন থাকলে আমরা এক শ ভাগ ভোট পেয়ে জিততাম। যা হোক, শেষ পর্যন্ত আমরা জিতবই।’

আগামী ৮ নভেম্বরের নির্বাচনের কয়েক দিন আগে দেওয়া এই সাক্ষাৎকারে ট্রাম্প আবারও অভিযোগ করেন গণমাধ্যম নির্বাচন ‘জালিয়াতি’ করছে।

নির্বাচনে জিতলে মন্ত্রিসভায় ডেমোক্র্যাট দল থেকে সদস্য নেওয়ার বিষয়টি চিন্তা করবেন বলে জানান ট্রাম্প।

তবে ট্রাম্পের সমালোচনা নাকচ করে হিলারির শিবির থেকে বলা হয়েছে, ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয় শিবির থেকেই বলা হয়েছে, ট্রাম্প যুক্তরাষ্ট্রের বাহিনীর কমান্ডার-ইন-চিফ হিসেবে অযোগ্য। হিলারির নির্বাচনী শিবিরের মুখপাত্র জেসি ল্যাহরিচ এক বার্তায় বলেন, ‘তিনি (ট্রাম্প) আরও একবার পুতিনের বক্তব্যগুলো তোতাপাখির মতো বললেন। তিনি সিরিয়া নিয়ে নিজের কোনো পরিকল্পনা প্রকাশ না করে এবং সেখানকার মানুষের দুর্দশা লাঘবের বিষয়ে কোনো পদক্ষেপের কথা না বলে বরং মার্কিনদের ভীতি নিয়ে খেলছেন।’