হিলারি তো মাঠে, ক্লিনটনের খবর কী?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটন।
ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটন।

যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্টলেডি ও প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়াচ্ছেন-এমন আভাস পাওয়া গেছে অনেক আগেই। তবে এ নিয়ে সংশয়ও কম ছিল না। বয়স ও পরিস্থিতি বিবেচনা করে প্রশ্ন ওঠে, শেষমেশ সত্যিই তিনি লড়বেন তো? উত্তর মিলেছে গত রোববার। ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন হিলারি। এ সময় মেয়ে চেলসি ক্লিনটন ছিলেন পাশে। চেলসি যে নির্বাচনী প্রচারে মায়ের পাশে সব সময় থাকবেন, এতে কোনো সন্দেহ নেই। ধারণা করা হচ্ছে, ২০০৮ সালের তুলনায় এবার চেলসি জোরেশোরেই মায়ের হয়ে প্রচার চালাবেন। তবে হিলারির নির্বাচনী প্রচারে স্বামী বিল ক্লিনটনের ভূমিকা কী হবে? এ ব্যাপারে কী ভাবছেন হিলারি?

প্রচারের ব্যাপারে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন বেশ দাপুটে। তিনি কথার জাদুকর। ১৯৯০ এর দশকে বিল ক্লিনটনের সময়ে যুক্তরাষ্ট্র অর্থনৈতিকভাবে ছিল চাঙা। আন্তর্জাতিক বিশ্বেও ওই সময় মর্যাদা বেড়েছে যুক্তরাষ্ট্রের। বিল ক্লিনটনের এসব অর্জন হিলারির ব্যাপারে ভোটারদের মনে রেখাপাত করতে পারে। তবে প্রেসিডেন্ট থাকাকালে হোয়াইট হাউসের কর্মী মনিকা লিউনস্কির সঙ্গে বিলের কেলেঙ্কারি হিলারির নির্বাচনী প্রচারে একটি বাধা হয়ে দাঁড়াতে পারে। বিশেষ করে প্রতিপক্ষ রিপাবলিকানরা এটিকে এর মধ্যেই অস্ত্র হিসেবে ব্যবহার করা শুরু করেছে। তারা এই ঘটনার প্রচারণা এমনভাবে চালাচ্ছে, যাতে করে মনে হয় হিলারিই ওই কেলেঙ্কারির জন্য দায়ী। এর সুফলও পেয়েছে রিপাবলিকানরা।

স্ত্রী হিলারির নির্বাচনী প্রচারে কতোটা প্রভাব ফেলতে পারবেন বিল ক্লিনটন?
স্ত্রী হিলারির নির্বাচনী প্রচারে কতোটা প্রভাব ফেলতে পারবেন বিল ক্লিনটন?


এনবিসি নিউজ এবং ওয়াল স্ট্রিট জার্নালের সাম্প্রতিক জরিপের ফলাফল অনুসারে, মনিকা লিউনেস্কির সঙ্গে স্ক্যান্ডালের ব্যাপারে ৫৬ শতাংশ ভোটারের বিল ক্লিনটনের প্রতি ইতিবাচক মনোভাব রয়েছে। ৪৪ শতাংশ ভোটার মনে করে স্ত্রীর ভুলের কারণেই এমনটা ঘটেছে। ৩৬ শতাংশ ভোটারের হিলারির প্রতি নেতিবাচক মনোভাব রয়েছে। বিল ক্লিনটনের প্রতি ২৬ শতাংশ ভোটারের নেতিবাচক মনোভাব আছে।

নতুন প্রজন্ম হিলারিকে কতটা গ্রহণ করবে, এ নিয়েও এক ধরনের ভাবনা রয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জন্ম নেওয়া বেবি বুমার প্রজন্মের কাছে হিলারি তারুণ্যের প্রতীক নন। বরং সেদিক দিয়ে এগিয়ে আছেন তাঁর প্রতিদ্বন্দ্বী ৪৩ বছর বয়সের রিপাবলিকান প্রার্থী মার্কো রুবিও। ২০১৬ সালে হিলারির বয়স হবে ৬৯। সেদিক দিয়ে তিনি হবেন দ্বিতীয় বয়োজ্যেষ্ঠ প্রেসিডেন্ট। এর আগে রোনাল্ড রিগ্যান ৭০ বছর বয়সে প্রেসিডেন্ট নির্বাচিত হন। অর্থাৎ, যে বয়সে বিল ক্লিনটন বা বারাক ওবামা প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন, এর দ্বিগুণেরও বেশি বয়সে দায়িত্ব নেবেন হিলারি।

তবে তারুণ্যের প্রতীক না হলেও হিলারির অভিজ্ঞতার ঝুলি পরিপূর্ণ। ৩৫ বছর ধরে মার্কিন রাজনীতিতে উল্লেখযোগ্য হয়ে উঠেছেন হিলারি। তিনি একজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব। পররাষ্ট্রমন্ত্রী হিসেবেও যথেষ্ট সফল। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গেও সখ্য রয়েছে হিলারির। সম্প্রতি এক অনুষ্ঠানে ওবামা বলেন, হিলারি চমৎকার প্রেসিডেন্ট হবেন। এতে ওবামার সমর্থক, বিশেষ করে কৃষ্ণাঙ্গদের সমর্থন পেতে পারেন হিলারি।

হিলারির নির্বাচনী প্রচারের ক্ষেত্রে আরেকটি প্রভাব ফেলতে পারে তাঁদের পারিবারিক প্রতিষ্ঠান। অভিযোগ রয়েছে, স্বামী বিল ক্লিনটন ও হিলারি ক্লিনটন দুজনেই ওয়াল স্ট্রিট অর্থাৎ করপোরেট মহলের সঙ্গে খোলামেলাভাবে আঁতাতে লিপ্ত। বিল ক্লিনটন তাঁর ফাউন্ডেশনের মাধ্যমে কোটি কোটি ডলার চাঁদা তুলেছেন। যাঁরা চাঁদা দিয়েছেন, তাঁদের অনেকে সন্দেহজনক চরিত্রের। দুর্নীতিবাজ বিদেশি রাষ্ট্রপ্রধানও এই তালিকায় রয়েছেন। এই সেদিনও হিলারি এক ভাষণ দিয়ে এক করপোরেশনের কাছ থেকে ৩০ হাজার ডলার ফি আদায় করে নিয়েছেন। এতে এমন একজন প্রার্থী প্রেসিডেন্ট হলে আমেরিকার মধ্যবিত্ত বা নিম্নবিত্তের কোনো লাভ হবে না। এই ফাউন্ডেশনের সঙ্গে ক্লিনটন দম্পতির একমাত্র কন্যা চেলসিও যুক্ত।

তবে গত রোববার নির্বাচনী প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়ার পরই হিলারি ফাউন্ডেশনের বোর্ড থেকে সরে দাঁড়িয়েছেন। এতে এটা স্পষ্ট যে সবদিক দিয়েই চোখকান খোলা রাখছেন হিলারি।

অতীত নিয়ে প্রতিপক্ষ রিপাবলিকানদের আক্রমণের লক্ষ্যে পরিণত হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে হিলারির। এ ক্ষেত্রে প্রেসিডেন্ট থাকাকালে স্বামী বিল ক্লিনটনের কর্মকাণ্ড বেশি প্রভাব ফেলবে। হিলারি অবশ্য এসব ব্যাপারে বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন।

স্ত্রী হিলারির নির্বাচনী প্রচারে কতোটা প্রভাব ফেলতে পারবেন বিল ক্লিনটন?
স্ত্রী হিলারির নির্বাচনী প্রচারে কতোটা প্রভাব ফেলতে পারবেন বিল ক্লিনটন?

সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের বিরুদ্ধে চুরির অভিযোগ এনেছে উইকিলিকস। গত রোববার টুইটারে দেওয়া এক বার্তায় হিলারির বিরুদ্ধে এ অভিযোগ তোলে উইকিলিকস। উইকিলিকসের দাবি, ২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারাভিযানে হিলারির ব্যবহার করা লোগোটি উইকিলিকসের টুইটার থেকে নেওয়া। গত বছর হিলারির আর্থিক বিষয় নিয়ে বিভিন্ন মহলের কটূক্তির বিষয়ে বিল তাঁর পক্ষসমর্থন করে বক্তব্য দিতে চান। হিলারি এ সময় আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, স্বামীর এই উদ্যোগকে তিনি পছন্দ করেন। কিন্তু আত্মপক্ষ সমর্থনের জন্য তাঁর কোনো সাফাইয়ের প্রয়োজন নেই। তাঁর কার্যকলাপের স্বচ্ছ রেকর্ডই তাঁর সাফাই।

স্ত্রী হিলারির নির্বাচনী প্রচার নিয়ে যথেষ্ট সচেতন রয়েছেন বিল ক্লিনটন নিজেও। স্ত্রীর নির্বাচনী প্রচারে তাঁর ভূমিকার ব্যাপারে জানতে চাইলে তিনি হেসে বলেন, এখানে তিনি সেনাবাহিনীর একজন পদাতিক সেনা। তাঁকে যেভাবে নির্দেশনা দেওয়া হবে, তিনি তাই করবেন।

ডার্টমাউথ কলেজের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ব্রেন্ডান নিহান বলেন, বিল ক্লিনটন নিঃসন্দেহে একজন বরপ্রাপ্ত রাজনীতিক। পরিস্থিতি অনুকূল না থাকায় তিনি অনেক প্রার্থীর পক্ষে কাজ করেও তাঁদের টেকাতে পারেননি। হিলারিকে পারেননি ২০০৮ সালে। নির্বাচনী লড়াইতে জিততে হলে হিলারিকেই শেষ জাদুটি দেখাতে হবে। এএফপি অবলম্বনে