হিলারি নতুন জরিপে এগিয়ে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে নতুন জরিপে দেখা গেছে, জনসমর্থনের দিক দিয়ে রিপাবলিকান দলের সম্ভাব্য প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে এগিয়ে আছেন ডেমোক্রেটিক দলের সম্ভাব্য প্রার্থী হিলারি ক্লিনটন। একই সঙ্গে প্রকাশিত জরিপের ফলাফলে এমন আভাস দেওয়া হয়।
ওয়াশিংটন পোস্ট-এবিসি নিউজের জরিপ বলছে, গত মাসে হিলারি নাটকীয়ভাবে এগিয়ে গেছেন। তিনি এগিয়ে ১২ শতাংশ পয়েন্টে।
জরিপ বলছে, যদি আজ প্রেসিডেন্ট নির্বাচন হয়, তাহলে ৫১ শতাংশ হিলারিকে ভোট দিতে চাইবে। ৩৯ শতাংশ ট্রাম্পকে ভোট দেবে।
তবে ওয়াল স্ট্রিট জার্নাল/এনবিসি নিউজের জরিপ বলছে, ৪৬ শতাংশ হিলারিকে ও ৪১ শতাংশ ট্রাম্পকে ভোট দেওয়ার পক্ষে। জরিপ বলছে, তৃতীয় কোনো দলের প্রার্থী অন্তর্ভুক্ত হলে হিলারি ৩৯ শতাংশ ও ট্রাম্প ৩৮ শতাংশ ভোট পাবেন।
গত মে মাসের শেষ দিকে এই জরিপ করা হয়। ওই মাসেই ট্রাম্পের নির্বাচনী সমাবেশে পুলিশের কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন ব্রিটিশ যুবক। পরে জানা যায়, তিনি ট্রাম্পকে গুলি করতে চেয়েছিলেন। হিলারি বরাবরই ট্রাম্পের সমালোচনা করে বলেছেন, তিনি তাঁর রাগ সামলাতে পারেন না।
মুসলিম, অভিবাসীদের নিয়ে একের পর এক বিতর্কিত মন্তব্য করে ট্রাম্প সমালোচিত। নিজ দলের ভেতরেও তাঁর কর্মকাণ্ড নিয়ে সমালোচনা রয়েছে। রিপাবলিকান মিচ ম্যাককনেল এবিসি নিউজকে গতকাল রোববার বলেন, গত কয়েক সপ্তাহে ট্রাম্প যত ভুল করেছেন, তা নিয়ে আর কিছু বলার নেই। তবে এখনো ট্রাম্পের হাতে সময় আছে।
ওয়াশিংটন পোস্ট-এবিসি নিউজের জরিপ বলছে, প্রতি তিনজনে দুজন আমেরিকান বলছে জাতিকে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা ট্রাম্পের নেই। নারী, সংখ্যালঘু ও মুসলিমদের নিয়ে ট্রাম্পের বক্তব্য খুবই অনুচিত ও পক্ষপাতমূলক।
তবে হিলারিও সমালোচনার বাইরে নন। ব্যক্তিগত ই-মেইল নিয়ে কেলেঙ্কারির ঘটনায় তিনি সমালোচিত।