হিলারি প্রচারণায় ফিরলেও স্বাস্থ্য নিয়ে উদ্বেগ যাচ্ছে না

হঠাৎ নিউমোনিয়ায় অসুস্থ হয়ে বিরতি নেওয়ার পর নির্বাচনী প্রচারণায় ফিরে আসার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটন। তাঁর ফিরে আসার ঘোষণায় ডেমোক্রেটিক শিবির আশাবাদী হয়ে উঠলেও দলীয় প্রার্থীর স্বাস্থ্য নিয়ে উদ্বেগ কাটছে না। দলের মধ্যে এ নিয়ে অস্বস্তিও বাড়ছে।
৬৮ বছর বয়সী হিলারি শারীরিকভাবে পুরোপুরি সুস্থ নন, অতএব তিনি প্রেসিডেন্ট হওয়ার অযোগ্য—রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এমন কথা কয়েক সপ্তাহ ধরেই বলে আসছেন। এরপর হঠাৎ করে নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ায় ডেমোক্রেটিক পার্টির ভেতরেই নিজেদের প্রার্থীর ব্যাপারে সন্দেহ জাগছে। সত্যি সত্যি যদি হিলারি বড় ধরনের কোনো অসুখে পড়ে যান, তাহলে কী হবে, এমন প্রশ্নও ডেমোক্রেটিক মহলে উঠেছে। দলের সাবেক চেয়ারম্যান ডন ফাওলার কিছুটা উদ্বিগ্ন হয়েই বলেছেন, কোনো বিপত্তি যদি না-ও ঘটে, নিজেদের রাজনৈতিক স্বার্থেই একটি বিকল্প প্রার্থিতা এখনই ভেবে রাখা দরকার।
ডেমোক্রেটিক পার্টির পক্ষ থেকে বলা হয়েছে, গতকাল বৃহস্পতিবারই নর্থ ক্যারোলাইনায় একটি সমাবেশ এবং ওয়াশিংটনে এক নৈশভোজে যোগ দেওয়ার কথা রয়েছে হিলারির।
হিলারি সব ব্যাপারে গোপনীয়তা বজায় রাখতে চান, এ ধারণার কারণে তাঁর ব্যাপারে ভোটারদের মনে এমনিতেই বিশ্বাসের অভাব রয়েছে। ডেমোক্রেটিক জনমত জরিপ বিশেষজ্ঞরা মনে করছেন, নিউমোনিয়ার কোনো লক্ষণ তিনি আগেভাগে জানাননি, এতে হিলারির প্রতি আস্থাহীনতা আরও বাড়তে পারে। ওবামার সাবেক উপদেষ্টা ডেভিড এক্সেলরড এক টুইটার বার্তায় ক্রুদ্ধভাবে লিখেছেন, অ্যান্টিবায়োটিক খেলেই হিলারি নিউমোনিয়া থেকে সুস্থ হবেন, কিন্তু সব ব্যাপারে অতি গোপনীয়তা অবলম্বনের যে প্রবণতা তাঁর রয়েছে, তা থেকে সুস্থ হবেন কী করে?
তবে হিলারির সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের জনসমর্থনের ব্যবধান কিন্তু ক্রমশ কমছে। দলীয় মনোনয়ন পাওয়ার পর হিলারি আট পয়েন্ট এগিয়ে ছিলেন ট্রাম্পের চেয়ে। তবে নিউইয়র্ক টাইমস ও সিবিএস নিউজের নতুন জরিপে দেখা গেছে, হিলারির প্রতি ৪৬ শতাংশের সমর্থন আছে। আর ট্রাম্পের প্রতি এই হার ৪৪।