হিলারি বনাম স্যান্ডার্স: কে বেশি প্রগতিশীল?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিউ হ্যাম্পশায়ারে বিতর্কের একপর্যায়ে করমর্দন করেন হিলারি ক্লিনটন ও বার্নি স্যান্ডার্স। যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির মনোনয়ন-প্রত্যাশী তাঁরা। ছবি: এএফপি
নিউ হ্যাম্পশায়ারে বিতর্কের একপর্যায়ে করমর্দন করেন হিলারি ক্লিনটন ও বার্নি স্যান্ডার্স। যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির মনোনয়ন-প্রত্যাশী তাঁরা। ছবি: এএফপি

আইওয়া-তে গত সপ্তাহে প্রাক-নির্বাচনী ভোটে সুতো পরিমাণ ব্যবধানে জয় পাওয়ার পর হিলারি ক্লিনটন নিজের অবস্থান সুদৃঢ় করার লক্ষ্যে তাঁর প্রতিদ্বন্দ্বী সিনেটর বার্নি স্যান্ডার্সের সঙ্গে আরও একটি অনির্ধারিত বিতর্কে মিলিত হলেন বৃহস্পতিবার।
নিউ হ্যাম্পশায়ারের ডারহামে অনুষ্ঠিত এই বিতর্কে হিলারির লক্ষ্য ছিল স্যান্ডার্সের তুলনায় নিজেকে শুধু ‘বেশি প্রগতিশীল’ হিসেবে প্রতিষ্ঠাই নয়, অধিক ‘বাস্তবধর্মী’ হিসেবে প্রমাণের। সে কাজে তিনি সক্ষম হয়েছেন কি না, সেই প্রশ্নের উত্তর নির্ভর করছে কে ওই প্রশ্নের জবাব দিচ্ছেন তার ওপর।
হিলারির জন্য সমস্যা হলো, নিউ হ্যাম্পশায়ারে সিনেটর স্যান্ডার্স তাঁর তুলনায় উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে আছেন। স্যান্ডার্স ভারমন্ট থেকে নির্বাচিত সিনেটর, এই প্রতিবেশী রাজ্যের সিনেটরের প্রতি নিউ হ্যাম্পশায়ারবাসীর রয়েছে এক ধরনের স্বাভাবিক সহানুভূতি ও সমর্থন। তার চেয়েও বড় কথা, উদারনৈতিক হিসেবে পরিচিত এই ক্ষুদ্র অঙ্গরাজ্যের তরুণ ও অধিক শিক্ষিত ভোটাররা অনেক আগে থেকেই স্যান্ডার্সের ‘রাজনৈতিক বিপ্লবের’ প্রতি উষ্ণ সমর্থন জানিয়েছে। ২০০৮ সালে শিকাগো থেকে নির্বাচিত তরুণ বারাক ওবামা যে রকম উৎসাহ সঞ্চার করতে পেরেছিলেন, অনেকে বলছেন স্যান্ডার্স সেই রকম আলোড়ন ফেলে দিয়েছেন। অন্যদিকে নিজেকে প্রগতিশীল হিসেবে দাবি করলেও ওয়ালস্ট্রিটের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্কের কারণে হিলারির প্রতি নির্বাচকদের সন্দেহ ও অবিশ্বাস থেকেই যাচ্ছে।
চলতি নির্বাচনী প্রচারণার আগে হিলারি শুধু হিলারি নয়, প্রায় সব ডেমোক্রেটিক রাজনীতিক ‘লিবারেল’ ও ‘প্রগ্রেসিভ’ শব্দ দুটি এড়িয়ে চলতেন। তার বদলে নিজেদের ‘মডারেট’ বা মধ্যপন্থী বলাতে অধিক স্বাচ্ছন্দ্যবোধ করতেন। সিনেটর স্যান্ডার্স সে হিসাব পুরো বদলে দিয়েছেন। তিনি নিজেকে কেবল ‘প্রগ্রেসিভ’-ই নয়, খোলামেলা ভাবে ‘গণতান্ত্রিক সমাজতন্ত্রী’ হিসেবে পরিচয় করাচ্ছেন। এই অবস্থায় হিলারির জন্য চ্যালেঞ্জ ছিল নিজেকে নিদেন পক্ষে ‘প্রগ্রেসিভ’ প্রমাণ করা।

‘প্রগতিশীল’ কে, এই প্রশ্নের জবাবে হিলারি বললেন, ‘আমার চোখে ‘প্রগতিশীল’ বলতে বোঝায় এমন কেউ যার পক্ষে ‘প্রগতি’ অর্জন সম্ভব। প্রেসিডেন্ট হলে আমি ঠিক তাই করব।’ স্যান্ডার্সকে তিনি অবাস্তব ও অনভিজ্ঞ হিসাবে বর্ণনা করেন। ওয়ালস্ট্রিট থেকে তিনি চাঁদা তুলেছেন, অতএব তিনি আর প্রগতিশীল নন, স্যান্ডার্সের এই অভিযোগ নাকচ করে হিলারি বললেন, সে কথা ঠিক হলে প্রেসিডেন্ট বারাক ওবামাও প্রগতিশীল নন, কারণ তিনিও ওয়ালস্ট্রিট থেকে চাঁদা নিয়েছেন। ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনও প্রগতিশীল নন, কারণ তিনি (বিতর্কিত) কিস্টোন পাইপলাইন সমর্থন করেছেন। এমনকি নিউ হ্যাম্পশায়ারের সিনেটর জিন শাহিন, তিনিও প্রগতিশীল নন, কারণ তিনি আন্তঃপ্রশান্ত মহাসাগরীয় বাণিজ্য চুক্তি সমর্থন করেন।
নিজের অসন্তোষ প্রকাশ করে হিলারি বলেন, আকারে ইঙ্গিতে তাঁর বিরুদ্ধে সিনেটর স্যান্ডার্স যে ব্যক্তিগত আক্রমণ চালাচ্ছেন, তা মোটেই সম্মানজনক নয়। তিনি বলেন, ‘যথেষ্ট হয়েছে, আপনার যদি কিছু বলার থাকে তো সরাসরি বলুন।’ নিজেকে প্রকৃত প্রগতিশীল দাবি করে হিলারি অভিযোগ তোলেন, কে প্রগতিশীল আর কে প্রগতিশীল নয়, তার বিচারের ভার স্যান্ডার্স নিজের ওপর ন্যস্ত করেছেন।
হিলারির এই তপ্ত ভাষণে সিনেটর স্যান্ডার্স বিন্দুমাত্র বিব্রত হয়েছেন বলে মনে হয়নি। কে সত্যিকারের ‘প্রগতিশীল’ এই প্রশ্নের মুখোমুখি হলে স্যান্ডার্স বলেন, প্রেসিডেন্ট ওবামা একজন প্রগতিশীল এ কথা তিনি মানেন, যদিও তাঁর সঙ্গে অনেক প্রশ্নেই তিনি দ্বিমত পোষণ করেন। তিনি মনে করিয়ে দেন, হিলারি নিজেকে ইতিপূর্বে ‘মডারেট’ হিসেবে পরিচয় দিতেই ভালোবাসতেন। তিনি বলেন, যে ব্যক্তি ওয়ালস্ট্রিট থেকে ১৫ মিলিয়ন ডলার চাঁদা তোলেন অথবা বক্তৃতা পিছু লাখ লাখ ডলার ‘ফি’ আদায় করেন, তিনি আর যাই হোন উদারনৈতিক বা প্রগতিশীল কোনোটাই নন। হিলারির দাবি ওয়ালস্ট্রিটের সঙ্গে তাঁকে যুক্ত করার চেষ্টা করে সিনেটর স্যান্ডার্স ‘নোংরা’ প্রচার অভিযান চালাচ্ছেন। সে কথা বাতিল করে স্যান্ডার্স মনে করিয়ে দিলেন, ওয়ালস্ট্রিট, বিশেষত ‘জ্বালানি লবি’ থেকে মোটা চাঁদা পাওয়ার কারণেই হিলারি দীর্ঘদিন ‘জলবায়ু পরিবর্তন’ প্রশ্নে কোনো নতুন আইন প্রণয়নে বিরোধিতা করে এসেছেন।
ওয়ালস্ট্রিট থেকে তোলা চাঁদা ও বক্তৃতা ফি’র প্রশ্নটি বিতর্কের একজন সঞ্চালক তুললে তা হিলারির জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। হিলারি স্বীকার করেন, এ ব্যাপারে নিজের অবস্থান তিনি ভালোভাবে ব্যাখ্যা করতে পারেননি। হিলারির জন্য বিষয়টি আরও অস্বস্তিকর হয়ে ওঠে যখন একজন দর্শক প্রশ্ন তোলেন, গোল্ডম্যানস্যাক্স এবং অন্যান্য ওয়ালস্ট্রিট কোম্পানিতে মোটা চাঁদার বিনিময়ে যে ভাষণ তিনি দিয়েছেন তার বিবরণ তিনি অবমুক্ত করবেন কি না। হিলারি বলেন, সে সব বক্তৃতার কপি কোথায় তাঁর এই মুহূর্তে জানা নেই, তবে বিষয়টা তিনি খতিয়ে দেখবেন।
বৃহস্পতিবারের বিতর্কে এই দুই প্রার্থী পরস্পরের রাজনৈতিক অবস্থান নিয়ে যে তীব্র বাদানুবাদে লিপ্ত হন, তা ইতিপূর্বের অতি শালীন ও সভ্য বিতর্কের তুলনায় বেশ ভিন্ন ছিল। উভয় প্রার্থী তাঁদের গলা স্বাভাবিকের চেয়ে উঁচিয়ে কথা বলেন, পরস্পরের বিরুদ্ধে সরাসরি দ্বিচারিতার অভিযোগ তোলেন ও প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন।
হিলারি অভিযোগ করেন, প্রেসিডেন্ট ওবামার নেতৃত্বে এ পর্যন্ত যে অগ্রগতি অর্জিত হয়েছে, স্যান্ডার্স তার রদ করতে চান। উদাহরণ হিসেবে তিনি স্বাস্থ্য বিমার প্রশ্নটি তোলেন। স্যান্ডার্স উল্টো হিলারির বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ তুলে বলেন, ‘আমি ওবামার স্বাস্থ্য বিমা বাতিলের কথা বলিনি, আমি বলেছি এমন এক স্বাস্থ্য ব্যবস্থা করা যার অধীনে প্রতিটি নাগরিকের স্বাস্থ্য পরিচর্যা নিশ্চিত করা সম্ভব হবে। স্বাস্থ্য পরিচর্যা প্রতিটি নাগরিক অধিকার, কোনো অতিরিক্ত সুবিধা নয়।’
হিলারি অভিযোগ তোলেন, তাঁর প্রার্থিতার ফলে দেশের প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে। স্যান্ডার্স সে বিষয়টি অগ্রাহ্য করে তাঁকে অহেতুক ব্যক্তিগতভাবে আক্রমণ চালিয়ে যাচ্ছেন। এই কথায় কিছুটা রুষ্ট স্যান্ডার্স বলেন, ‘ঠিক আছে, আসুন বিভিন্ন ইস্যু নিয়ে আমাদের ভিন্নতার বিষয়ে কথা বলা যাক।’ স্যান্ডার্স স্বীকার করেন বৈদেশিক নীতি প্রশ্নে হিলারির বিপুল অভিজ্ঞতা রয়েছে। কিন্তু অভিজ্ঞতাই মুখ্য নয়, মুখ্য হলো ‘সুবিবেচনা’ বা জাজমেন্ট। তিনি মনে করিয়ে দেন, হিলারি জর্জ বুশের ইরাক যুদ্ধ সমর্থন করেছিলেন, তিনি তার বিরোধিতা করেছিলেন।
আগামী মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারি, নিউ হ্যাম্পশায়ারের পরবর্তী প্রাক-নির্বাচন বা প্রাইমারির আগে এই বিতর্ক হিলারির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। মাত্র কয়েক সপ্তাহ আগেও তাঁর মনোনয়ন নিয়ে কোনো পক্ষই বিন্দুমাত্র সন্দেহ তোলেনি। আইওয়া ককাসের ভোট সে ধারণা পাল্টে দিয়েছে। হিলারির জন্য আরও উদ্বেগের কথা, নিউ হ্যাম্পশায়ারের প্রতিটি জনমত গণনায় তাঁর তুলনায় স্যান্ডার্স ১৫ থেকে ১৮ শতাংশ ভোটে এগিয়ে আছেন। অধিকাংশ ভাষ্যকারই একমত, গতকালের বিতর্কে নিজেকে পাকা ‘ডিবেটার’ প্রমাণে সক্ষম হলেও হিলারি নিউ হ্যাম্পশায়ারের খুব বেশি ভোটারের সিদ্ধান্ত পরিবর্তনে সক্ষম হয়েছেন, তা মনে হয় না।