মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটনের বিরুদ্ধে বিতর্কে অংশগ্রহণের আগে উদ্দীপক মাদক গ্রহণের অভিযোগ আনলেন রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তিনি নির্ধারিত আগামী বিতর্কের আগেই মাদক পরীক্ষা করার দাবি করেছেন।
ট্রাম্প বলেছেন, দ্বিতীয় বিতর্কে হিলারি মাদক গ্রহণ করে মঞ্চে উঠেছিলেন। গত শনিবার নিউ হ্যাম্পশায়ারের পোর্টসমাউথে এক সমাবেশে ট্রাম্প বলেন, ‘গত ১০ অক্টোবর দ্বিতীয় মুখোমুখি বিতর্কের শুরুতে হিলারিকে দারুণ উজ্জীবিত দেখাচ্ছিল। কিন্তু শেষে মনে হচ্ছিল, উনি হয়তো নিজের গাড়ি পর্যন্তই পৌঁছাতে পারবেন না।’
ট্রাম্প বলেন, ‘অ্যাথলেটদের মাদক পরীক্ষা দিতে হয়। আমাদেরও এর পরীক্ষা হওয়া উচিত। আমরা কেন এটা করব না?’ নিউ হ্যাম্পশায়ারের সমাবেশে নির্বাচনে আগাম কারচুপির গন্ধ পাওয়ার কথাও বলেন ট্রাম্প।
ট্রাম্প মাদক গ্রহণের অভিযোগ তুললেও এর কোনো প্রমাণ হাজির করেননি। রিপাবলিকান পার্টির এই ধনকুবের এমন এক সময় এ অভিযোগ তুললেন, যখন একাধিক জরিপে তাঁর ক্রমশ পিছিয়ে পড়ার চিত্র উঠে আসছে। গতকাল রোববার প্রকাশিত নতুন এক জরিপে দেখা যাচ্ছে, হিলারি ক্লিনটন ট্রাম্পের চেয়ে ৪ পয়েন্টে এগিয়ে আছেন। জরিপে দেখা যাচ্ছে, বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রাজ্যে দুর্বল হতে শুরু করেছে ট্রাম্পের অবস্থান। এবিসি নিউজ ও ওয়াশিংটন পোস্ট-এর ওই জরিপে দেখা যায়, হিলারির প্রতি ৪৭ শতাংশ ভোটারের সমর্থন রয়েছে। আর ট্রাম্পের প্রতি সমর্থন আছে ৪৩ শতাংশ ভোটারের।
নির্বাচনে কারচুপির গন্ধ: ট্রাম্প গত সপ্তাহজুড়ে গণমাধ্যমের বিরুদ্ধে তাঁর ক্ষোভ ঝেড়েছেন। তিনি বলে বেড়িয়েছেন, গণমাধ্যম তাঁর বিরুদ্ধে কাজ করছে। নিউ হ্যাম্পশায়ারের সমাবেশে এবার তিনি বললেন, ‘দুর্নীতিগ্রস্ত গণমাধ্যম আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে নির্বাচনে কারচুপির পাঁয়তারা করছে। হিলারিকে নির্বাচিত করতেই এসব মিথ্যা অভিযোগ আনা হচ্ছে।’
এ পর্যন্ত অন্তত ১০ জন নারী ট্রাম্পের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছেন।
তবে ট্রাম্প এ অভিযোগ অস্বীকার করে বলেছেন, ‘এমন কোনো ঘটনা কোনো নারীর সঙ্গে কখনোই ঘটেনি। নারীর প্রতি সম্মান আমার মতো কারোরই নেই।’
ফলাফল মেনে নেবেন ট্রাম্প: ট্রাম্পের রানিং মেট মাইক পেন্স বলেছেন, গমাধ্যমের ‘পক্ষপাতিত্ব’ সত্ত্বেও নির্বাচনের ফলাফল যা-ই হোক না কেন, তা অবশ্যই মেনে নেবেন ট্রাম্প।
গতকাল রোববার এনবিসি টেলিভিশনের মিট দ্য প্রেস অনুষ্ঠানে পেন্স বলেন, ‘দেশের গণমাধ্যমের পক্ষপাতিত্বে আমেরিকার মানুষও বিরক্ত। এ থেকেই ধারণা করা যায় যে নির্বাচনে জালিয়াতি হতে পারে। তবে নির্বাচনের ফলাফল যা-ই হোক না কেন, আমরা তা মেনে নেব।’
ট্রাম্পের রানিং মেট আরও বলেন, ‘নির্বাচনে সব সময়ই জোর প্রতিদ্বন্দ্বিতা হয়। তবে যুক্তরাষ্ট্রে ঐতিহ্য হলো শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর।’