হিলারি শিবিরে জয়ের প্রস্তুতি, হাজারো মানুষের সমাগম

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জাভিটস সেন্টারের বড় পর্দায় হাজারো মানুষের চোখ। কাছেই মঞ্চ প্রস্তুত। এখানেই হিলারি ক্লিনটনের আসার কথা। জয়ের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার কথা। সমবেত মানুষের বিশ্বাস, হিলারি হারতে পারেন না।
জাভিটস সেন্টারের জয়োৎসবে অংশ নিতে নির্বাচনের দিন দুয়েক আগে অনেকেই নাম নিবন্ধন করেন। অনেকটা দূর থেকে মানুষ পরিবার-পরিজন, বন্ধুবান্ধব নিয়ে সমাবেশস্থলে হাজির হয়েছেন।
জাভিটস সেন্টারে বিপুল মানুষ। তাঁরা লম্বা লাইন পেরিয়ে, পুলিশের পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়ে এখানে এসে পৌঁছেছেন। শীত উপেক্ষা করে বসে আছেন খোলা ময়দানে। সমাবেশ স্থলের চারপাশে কয়েক কিলোমিটার এলাকায় যানবাহন চলাচল বন্ধ আছে।
একেকটি অঙ্গরাজ্যেরে ফল ঘোষণা হচ্ছে আর হিলারির সমর্থকেরা চিৎকার করে উঠছেন।

ত্রিনিদাদ থেকে ২০ বছর আগে নিউইয়র্কে এসেছেন ওয়েন্ডি ব্রুস্টার। মাথায় পাখির নীল পালকের মুকুট। প্রথম আলোকে তিনি বলেন, ‘হিলারি হারতে পারেন না।’
ট্রাম্পের ওপর খ্যাপা কেন, তা জানতে চাইলে ওয়েন্ডি রিপাবলিকান প্রার্থীর নারীবিদ্বেষী মনোভাবের প্রসঙ্গ তোলেন।
সমাবেশে নারীদের উপস্থিতি চোখে পড়ার মতো। হিলারির পক্ষে ও ট্রাম্পের বিপক্ষে নানা স্লোগান লেখা টি-শার্ট তাঁদের গায়ে।
কথা হচ্ছিল ডেভিড ভিলারিও ও অ্যান্থনি কাস্টার নামের দুই বন্ধুর সঙ্গে। মধ্যতিরিশের ডেভিড বলেন, ‘আমি আমার নাতি-নাতনিকে বলব, চোখের সামনে আমি নতুন ইতিহাস তৈরি হতে দেখেছি।’
অ্যান্থনি বলেন, হিলারি যদি লিবিয়ার বেনগাজির ঘটনায় কোনো ভুল করে থাকতেন, তাহলে কংগ্রেস তাঁকে ছাড়ত না। আপনারা দেখেছেন, এফবিআই কী করেছে। যে চ্যালেঞ্জ নিয়ে তিনি এসেছেন, সেটা তিনি ভালোভাবে মোকাবিলা করবেন।
৬৫ বছরের নারী টেসা গরডনের সঙ্গে যখন কথা হচ্ছিল, ঠিক তখনই ফ্লোরিডায় হিলারির এগিয়ে থাকার খবর আসে। আনন্দে লাফিয়ে ওঠেন তিনি। জানালেন, হিলারির পক্ষে কাজ করতে কয়েক মাস আগে ম্যাসাচুসেটস থেকে ফ্লোরিডায় এসেছিলেন তিনি। চ্যালেঞ্জ নিয়ে কাজ করেছেন।
টেসা বলেন, দুঃখ হলো, বড়সংখ্যক মানুষ ট্রাম্পকে ভোট দিয়েছেন। এই লোকটা এত দিন বর্ণবাদীদের মুখপাত্র হিসেবে কাজ করেছেন। বর্ণবাদীদের মুখে ভাষা দিয়েছেন। এটা খুব উদ্বেগের বিষয়।