হিলারি সুস্থ ও যোগ্য: চিকিৎসক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হিলারি ক্লিনটন। ছবি: রয়টার্স
হিলারি ক্লিনটন। ছবি: রয়টার্স

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের জন্য ডেমোক্রেটিক দলের প্রার্থী হিলারি ক্লিনটন সুস্থ ও শারীরিকভাবে যোগ্য বলে উল্লেখ করেছেন তাঁর চিকিৎসক। আজ বৃহস্পতিবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

হিলারির প্রচার শিবির তাঁর হালনাগাদ চিকিৎসাগত তথ্য প্রকাশ করেছে। বিবৃতিতে বলা হয়, নিউমোনিয়া শনাক্ত হওয়ার পর ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থীর স্বাস্থ্যগত অবস্থার উন্নতি হচ্ছে।

রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প তাঁর স্বাস্থ্যসংক্রান্ত তথ্য প্রকাশ করার পর ডেমোক্রেটিক পার্টির পক্ষ থেকে তাদের প্রার্থীর বিষয়ে বিবৃতি এল।

গতকাল বুধবার হিলারির প্রচার শিবির থেকে বলা হয়েছে, তাঁর চিকিৎসক তাঁকে পরীক্ষা-নিরীক্ষা করেছেন। তিনি স্বাভাবিক আছেন। তাঁর মানসিক অবস্থাও চমৎকার।

চিকিৎসক লিসা বারডক বলেছেন, অ্যান্টিবায়োটিক গ্রহণ ও বিশ্রামে হিলারি ভালোই সেরে উঠছেন।

হিলারির সহযোগীরা বলছেন, সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী আজ বৃহস্পতিবার নির্বাচনী প্রচারে ফিরতে পারেন।

১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলায় নিহত ব্যক্তিদের স্মরণে গত রোববার নিউইয়র্কে আয়োজিত এক অনুষ্ঠানে অজ্ঞান হয়ে পড়েন ৬৮ বছর বয়সী হিলারি।

পরে চিকিৎসকের বরাত দিয়ে জানানো হয়, হিলারি নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন।

হঠাৎ করে এই সময়ে নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ায় ডেমোক্রেটিক পার্টির ভেতরেই হিলারিকে নিয়ে উদ্বেগ বাড়ছে।