হিলারি ২০০, ট্রাম্প ১২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে প্রতিদিনই ঘটছে নানা ঘটনা। সেগুলো মধ্য থেকে যুক্তরাষ্ট্র থেকে প্রথম আলোর বিশেষ প্রতিনিধি হাসান ফেরদৌসের পাঠানো টুকরো খবর

যুক্তরাষ্ট্রে ছোট-বড় প্রায় সব পত্রিকাই প্রেসিডেন্ট নির্বাচনে দুই প্রধান দলের কোনো প্রার্থীর পক্ষে তাদের সমর্থনের কথা ঘোষণা করে থাকে। যদি এই সমর্থনের হিসাব ধরা হয়, তাহলে হিলারি ইতিমধ্যেই ট্রাম্পের বিরুদ্ধে ভূমিধস বিজয় অর্জন করেছেন। ন্যাশনাল পাবলিক রেডিওর (এন পি আর) দেওয়া হিসাব অনুসারে, এ পর্যন্ত দেশের ১৫০-টিরও বেশি সংবাদপত্র হিলারির পক্ষে অনুমোদন দিয়েছে। এর মধ্যে বেশ কয়েকটি পত্রিকা তাদের রক্ষণশীল অবস্থান ও রিপাবলিকান ঘেঁষা নীতির জন্য পরিচিত। অন্যদিকে ট্রাম্প পেয়েছেন মোটে ১২-টি পত্রিকার সমর্থন। এ তালিকায় দেশের কোনো প্রধান পত্র-পত্রিকা নেই।

ট্রাম্পের জন্য আরও বিব্রতকর কথা হলো, কোন কোন রক্ষণশীল পত্রিকা প্রথমে ট্রাম্পের প্রতি তাদের অনুমোদন দিলেও তারা এখন সমর্থন ফিরিয়ে নিচ্ছে। এদের অন্যতম ইউএসএ টুডে। ট্রাম্পের যৌন কেলেঙ্কারির ভিডিও প্রকাশিত হওয়ার পর এই দৈনিকটি এক বিশেষ সম্পাদকীয়তে তাদের অনুমোদন তুলে নেওয়ার ঘোষণা দেয়। তারা অবশ্য হিলারিকে অনুমোদনের কথা জানায়নি।

অধিকাংশ ভাষ্যকার একমত, সোশ্যাল মিডিয়ার এই যুগে কোন দৈনিক বা সাপ্তাহিক পত্রিকা কাকে সমর্থন করছে, সেই কথা মাথায় রেখে কেউ ভোট দিতে যায় না। তবে ভোটের হাওয়া কোন দিকে, তা বুঝতে এই অনুমোদন বা প্রত্যাখ্যান সাহায্য করতে পারে।