সিরিয়ার বিরোধী রাজনীতিকেরা মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটনকেই বিজয়ী দেখতে চান। কারণ তাঁদের মতে, রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে সিরিয়ার সংঘাত সম্পর্কে বেশি ধারণা রাখেন হিলারি।
জাতিসংঘে সিরিয়া সংকট নিয়ে আলোচনায় থাকা সিরিয়ার বিরোধী রাজনীতিকদের একটি প্রতিনিধিদলের সদস্যরা এ তথ্য জানিয়েছেন।
সিরিয়ায় আটক ব্যক্তিদের মুক্তির ব্যাপারে জাতিসংঘের নেতৃত্বে চলমান আলোচনায় জেনেভায় অংশ নেওয়া প্রতিনিধিদলের দুই সদস্য খালেদ খোজা ও হিন্দ কাবাওয়াত গতকাল বলেন, তাঁরা সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারিকে বিশ্বাস করেন। কারণ, তিনি সিরিয়ার জনগণকে রক্ষায় বিরোধী রাজনীতিকদের বেশি মূল্যায়ন করেন।
সিরিয়ায় যেসব মানুষ লড়াইয়ে সংশ্লিষ্ট নয়, তাদের রক্ষার্থে হিলারি সেখানে ‘উড্ডয়ন নিষিদ্ধ অঞ্চল’ ও ‘নিরাপদ অঞ্চল’ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। কিন্তু তাঁর এ আহ্বানের সমালোচনা করে ট্রাম্প বলেছেন, এমনটা করলে সিরিয়া ইস্যু আরও প্রকট হবে। কারণ, সেখানে প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে সরাসরি সমর্থন দিচ্ছে রাশিয়া। কাজেই এই সংঘাতে অংশ নেওয়ার অর্থ হবে মস্কোর বিরুদ্ধে সরাসরি অবস্থান নেওয়া, যা ‘তৃতীয় বিশ্বযুদ্ধের’ সূত্রপাত ঘটাতে পারে।
ট্রাম্পের এ মন্তব্যের ব্যাপারে কাবাওয়াত বলেন, ট্রাম্প এমন একজন ব্যক্তি, যিনি কখনো সরকারের অংশ ছিলেন না এবং পররাষ্ট্রনীতি সম্পর্কে কোনো ধারণাই রাখেন না।