
যুক্তরাষ্ট্রের নির্বাচনে উইসকনসিন, মিশিগান ও পেনসিলভানিয়ায় ভোটের ফলাফলে কারসাজি অথবা ভোট-প্রক্রিয়া হ্যাকিংয়ের শিকার হয়ে থাকতে পারে বলে আশঙ্কা করছেন কয়েকজন কম্পিউটার–বিজ্ঞানী। তাঁরা ওই তিন রাজ্যের ভোট পুনরায় গণনার আবেদন করার জন্য পরাজিত ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটনের প্রচারণাশিবিরের প্রতি অনুরোধ করেছেন।
উইসকনসিনে ১০টি, পেনসিলভানিয়ায় ২০টি এবং মিশিগানে ১৬টি ইলেকটোরাল কলেজ ভোট রয়েছে। তিন অঙ্গরাজ্যের সবগুলো ইলেকটোরাল ভোট পেয়েছেন রিপাবলিকান ট্রাম্প। নির্বাচনে হিলারি কমপক্ষে ১৭ লাখ ভোট বেশি পেলেও ইলেকটোরাল ভোটে এগিয়ে থেকে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ট্রাম্প। এখন পর্যন্ত ট্রাম্পের ইলেকটোরাল ভোট ২৯০টি। হিলারির ২৩২টি।
কম্পিউটার–বিজ্ঞানীরা বলছেন, তাঁরা ওই তিন রাজ্যের ভোটের ফলাফল বিশ্লেষণ করে পুরো প্রক্রিয়ায় বিচ্যুতির ধারণা পাচ্ছেন। তাঁদের ধারণা, উইসকনসিন, পেনসিলভানিয়া এবং মিশিগানে ভোটের ফলাফলে কারসাজি হয়েছে কিংবা তা হ্যাকিংয়ের শিকার হয়েছে। এ-সংক্রান্ত উপাত্ত গতকাল বুধবার তাঁরা হিলারির সহযোগীদের কাছে হস্তান্তর করেছেন।
হিলারির নির্বাচনী প্রচারণার প্রধান জন পডেস্টার কাছে তাঁরা বিভিন্ন উপাত্ত তুলে দিয়েছেন। হিলারির প্রচারণাশিবিরকে বিজ্ঞানীরা বলেন, ডেমোক্র্যাট প্রার্থী কাগুজে ভোটের তুলনায় ইলেকট্রনিক ভোট ৭ শতাংশ কম পেয়েছেন। তাঁরা বলেন, কারসাজির কারণে উইসকনসিনে হিলারি সম্ভবত ৩০ হাজার ভোট কম পেয়েছেন। ওই রাজ্যে তিনি ট্রাম্পের কাছে ২৭ হাজার ভোটে হেরেছেন।
দুই গবেষক জে অ্যালেক্স হালদারম্যান ও অ্যাটর্নি জন বোনিফেজ হিলারির প্রচারশিবিরকে বলেন, এসব কাউন্টিতে কাগুজে ভোটের তুলনায় ইলেকট্রনিক ভোট কম পেয়েছেন হিলারি, যা সন্দেহজনক।