হিলারিকে ভোট দেবেন বুশ!
যুক্তরাষ্ট্রের সাবেক রিপাবলিকান প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশ এবারের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটনকে ভোট দেবেন! সাবেক আরেক প্রেসিডেন্ট জন এফ কেনেডির ভাতিজি ক্যাথলিন কেনেডি টাউনসেন্ড এ কথা জানিয়েছেন। ৯২ বছর বয়সী বুশের সঙ্গে হাত মেলানোর একটি ছবি ফেসবুকে পোস্ট করে তিনি এ তথ্য জানান।
ক্যাথলিন ওই পোস্টে লেখেন, ‘প্রেসিডেন্ট (বুশ) আমাকে বলেছেন, তিনি হিলারিকেই ভোট দেবেন!’ মন্তব্যসহ ফেসবুকে পোস্ট করা ওই ছবির স্ক্রিনশট ছেপেছে রাজনীতিবিষয়ক যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম পলিটিকো।
এ ব্যাপারে জানতে চাইলে বুশের মুখপাত্র জিম ম্যাকগ্রাথ কোনো মন্তব্য করেননি। ১৯৮৯ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত প্রেসিডেন্ট ছিলেন বুশ।
গত আগস্টে অনুষ্ঠিত রিপাবলিকান কনভেনশনে ডোনাল্ড ট্রাম্পের হাতে মনোনয়ন তুলে দেওয়ার সময় তিনি এবং তাঁর ছেলে আরেক সাবেক প্রেসিডেন্ট (২০০১-০৯) জর্জ ডব্লিউ বুশ ও ফ্লোরিডার সাবেক গভর্নর জেব বুশ উপস্থিত ছিলেন না।
৬৩ বছর বয়সী ক্যাথলিন মেরিল্যান্ড অঙ্গরাজ্যের ডেমোক্র্যাট দলীয় সাবেক লেফটেন্যান্ট গভর্নর ছিলেন। তিনি ১৯৬৮ সালে খুন হওয়া যুক্তরাষ্ট্রের সাবেক অ্যাটর্নি জেনারেল রবার্ট এফ কেনেডির মেয়ে।