হিলারিকে সমর্থন ওয়াশিংটন পোস্টের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফ্লোরিডার লেকল্যান্ডে বুধবার এক নির্বাচনী সমাবেশে ডোনাল্ড ট্রাম্প (বাঁয়ে) ও নেভাডার লাস ভেগাসে এক সমাবেশে হিলারি ক্লিনটন l এএফপি
ফ্লোরিডার লেকল্যান্ডে বুধবার এক নির্বাচনী সমাবেশে ডোনাল্ড ট্রাম্প (বাঁয়ে) ও নেভাডার লাস ভেগাসে এক সমাবেশে হিলারি ক্লিনটন l এএফপি

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী দৈনিক দ্য ওয়াশিংটন পোস্ট দেশটির আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটনের প্রতি তাদের সমর্থন জানিয়েছে। পত্রিকাটি জানিয়েছে, যোগ্যতার নিরিখেই হিলারির প্রতি তাদের এই জোর সমর্থন।
ওয়াশিংটন পোস্ট-এ গতকাল বৃহস্পতিবার প্রকাশিত সম্পাদকীয় বোর্ডের লেখায় এই সমর্থনের কথা জানানো হয়। সেখানে বলা হয়, ‘যুক্তরাষ্ট্রের একজন চমৎকার প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে হিলারি ক্লিনটনের। আর আমরা তাঁর প্রতি আমাদের দ্বিধাহীন সমর্থন ব্যক্ত করছি।’ ওই লেখায় বলা হয়, ‘হিলারি ক্লিনটনের প্রতিপক্ষ ভয়ানক-না, আমরা শুধু এ জন্যই তাঁর প্রতি সমর্থন জানাচ্ছি না। হিলারি কাজকর্মে নাছোড়বান্দা, সহানুভূতিশীল, তাঁর কাজের উদ্দেশ্য থাকে এবং সেই সঙ্গে তিনি সপ্রতিভ।’
ডেমোক্রেটিক পার্টির প্রার্থী সম্পর্কে পোস্টের লেখায় আরও বলা হয়েছে, নির্বাহী হিসেবে হিলারির অভিজ্ঞতা রয়েছে। কোনো কিছু করার ক্ষেত্রে একটি ভালো অবস্থানে আছেন তিনি।
সম্পাদকীয়তে বলা হয়, হিলারি ক্লিনটন সারা বিশ্বে মার্কিন নেতৃত্বের গুরুত্ব সম্পর্কে জানেন। ওবামা প্রশাসনের ভেতরে
গণতন্ত্র, মানবাধিকার ও স্থিতিশীলতার প্রশ্নে তিনি ছিলেন উচ্চকণ্ঠ।
পুরো লেখায় হিলারির প্রতিপক্ষ রিপাবলিকান পার্টির পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে খুব কম কথাই বলা হয়েছে। সেখানে বলা হয়, ট্রাম্প ভয়ানক, এটা সত্য। প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে তিনি অসম্ভব রকমের অযোগ্য।
হিলারির যোগ্যতা নিয়ে প্রশংসনীয় অনেক কথা বললেও পত্রিকাটি তাঁর নানা সীমাবদ্ধতার বিষয় উল্লেখ করতেও
ভোলেনি। লেখায় বলা হয়েছে, ‘আমরা স্বীকার করি যে যুক্তরাষ্ট্রের অনেকেই হিলারিকে অবিশ্বাস করেন, অপছন্দ করেন। আর তাঁর সম্পর্কে এই নেতিবাচক ধারণা অংশত আমাদের দেশে চলমান তিক্ত বিভেদের রাজনীতিতে প্রভাব ফেলেছে। দীর্ঘ সময় ধরে তাঁর বিরুদ্ধে নানা অপপ্রচার হয়েছে। তবে তাঁর অবশ্যই কিছু সত্যিকারের ভুল পদক্ষেপ, দুর্বলতা আছে। এসব সম্পর্কে আমরা অন্ধ নই।’