হিলারিকে সমর্থন দিয়ে ট্রাম্পকে তুলাধোনা করল ফরেন পলিসি সাময়িকী

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক সাময়িকী ফরেন পলিসি (এফপি) ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটনকে সমর্থন জানিয়েছে। এর মধ্য দিয়ে পত্রিকাটি প্রথমবারের মতো দেশটির কোনো প্রেসিডেন্ট প্রার্থীর পক্ষ নিল। একই সঙ্গে পত্রিকাটি রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের কঠোর সমালোচনা করেছে।
পত্রিকাটির ভাষ্য, যুক্তরাষ্ট্রের ইতিহাসে বড় কোনো দলে ট্রাম্পের মতো বাজে প্রার্থী ছিলেন না। পক্ষান্তরে হিলারিকে নেতৃত্ব দেওয়ার জন্য ‘যোগ্য প্রার্থী’ বলে আখ্যা দেওয়া হয়।
ফরেন পলিসির সম্পাদকীয়তে বলা হয়, ‘রাজনৈতিক অবস্থা বিবেচনায় না এনে, পাঠকদের সঙ্গে আমাদের সম্পর্কের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে...এফপির সম্পাদকেরা যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে হিলারি ক্লিনটনকে সমর্থন দেওয়ার জন্য এখন প্রথাগত নিয়ম ভাঙছেন।’ সেখানে বলা হয়, ‘একাধিক কারণে ট্রাম্প একটি হুমকির নাম; সাংঘাতিক ব্যাপার হলো, তিনি বড় একটি দলের প্রেসিডেন্ট প্রার্থী।’ সেখানে আরও বলা হয়, নারীদের সম্পর্কে ট্রাম্পের কুরুচিকর মন্তব্য নিয়ে সাম্প্রতিক হইচই বুঝিয়ে দেয়, তিনি যোগ্য নন। যেমনটা নিজ দলের ভেতরেও অনেকে তাঁকে অস্বীকৃতি জানাতে চাইছেন।
ফরেন পলিসি বলেছে, আন্তর্জাতিক সম্পর্কের সবচেয়ে মৌলিক তথ্য সম্পর্কেও নিজ অজ্ঞতার কথা বারবার বিভিন্নভাবে বুঝিয়ে দিয়েছেন রিপাবলিকান পার্টির প্রার্থী হওয়া এই আবাসন ব্যবসায়ী। ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নেতৃত্বের প্রশংসা করেছেন। তিনি স্বাগত জানিয়েছেন আসন্ন নির্বাচনে রাশিয়ার অনধিকারচর্চাকেও। কাজেই বলা যায়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে আন্তর্জাতিক সম্প্রদায়কে নেতৃত্ব দেওয়ার অযোগ্য হলেন ডোনাল্ড ট্রাম্প। সম্পাদকীয়তে বলা হয়, ‘অবশ্য আমরাই এটা প্রথম না বললেও ঠিক যে এত বাজে প্রার্থী কখনো মনোনয়ন দেয়নি রিপাবলিকান পার্টি।’
অন্যদিকে হিলারি যদি যুক্তরাষ্ট্রের প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত হন, এটা কেবল ঐতিহাসিক ঘটনাই হবে, তা নয়; বরং তা গুরুত্বপূর্ণ এক বার্তা দেবে যে যাঁরা নিজ যোগ্যতায় নিজেদের স্বাতন্ত্র্যমণ্ডিত করেন, তাঁদের নির্বাচিত করতে আমেরিকানরা প্রতিজ্ঞাবদ্ধ।