হিলারিকে 'মিথ্যাবাদী' বললেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির মনোনয়নপ্রত্যাশী হিলারি ক্লিনটনকে ‘মিথ্যাবাদী’ হিসেবে আখ্যায়িত করলেন ডোনাল্ড ট্রাম্প। ইতিপূর্বে ট্রাম্পের সমালোচনা করে বক্তব্য দিয়েছিলেন হিলারি। সেটার জবাব দিতে গিয়েই তাঁকে এভাবে তীব্র আক্রমণ করেন নির্বাচনে রিপাবলিকান দলের আলোচিত এই মনোনয়নপ্রত্যাশী।
নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের ম্যানচেস্টার শহরে ডেমোক্রেটিক পার্টির মনোনয়নপ্রত্যাশীদের তৃতীয় বিতর্কটি হয় গত শনিবার রাতে। মুসলিমবিরোধী বক্তব্যের জন্য ওই বিতর্কে ট্রাম্পের নিন্দা ও সমালোচনা করেছিলেন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসনের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি। পরে গতকাল রোববার এনবিসি টেলিভিশনের ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে স্বভাবসুলভ আক্রমণাত্মক ভঙ্গিতে হিলারির সমালোচনার জবাবসহ নানা বক্তব্য দেন ট্রাম্প।
সাবেক ফার্স্ট লেডি হিলারি সম্পর্কে ট্রাম্প বলেন, ‘হিলারি পাগলের মতো মিথ্যা বলেন। তিনি যে একজন মিথ্যাবাদী, তা সবার জানা।’ এর আগে শনিবারের বিতর্কে হিলারি বলেছিলেন, ‘ট্রাম্পই আইএসের পক্ষে নতুন সদস্য সংগ্রহের সবচেয়ে বড় অস্ত্র।’
এ অভিযোগের জবাবে ট্রাম্প বলেন, ওই বক্তব্যের সপক্ষে হিলারির কাছে কোনো প্রমাণ নেই।
এনবিসি টেলিভিশনে ট্রাম্পের বক্তব্যের পর তাঁকে পাল্টা আক্রমণ করেন হিলারির প্রচার কার্যক্রমের প্রধান জন পডেসা। তিনি বলেন, পর্যাপ্ত তথ্যে দেখা যায়, ট্রাম্প জঙ্গি সংগঠনের কোনো ক্ষতি নয়; বরং লাভই করছেন। তাই তাঁর বিরুদ্ধে আইএসকে সহযোগিতার অভিযোগ খুবই স্বাভাবিক।
ডেমোক্রেটিক পার্টির অন্যতম কৌশলবিদ বাড জ্যাকসন বলেছেন, ট্রাম্প তাঁর বক্তব্যের মধ্য দিয়ে মুসলমানদের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক কঠিন করে তুলেছেন। তিনি পরিস্থিতির কোনো উন্নতি নয়, অবনতিই করছেন।