
পুয়ের্তোরিকোতে অনুষ্ঠিত ডেমোক্রেটিক পার্টির রোববারের প্রাইমারি নির্বাচনে জিতেছেন হিলারি ক্লিনটন। মার্কিন যুক্তরাষ্ট্রনিয়ন্ত্রিত এই ভূখণ্ডের মানুষ আগামী নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিতে না পারলেও বাছাই পর্বের নির্বাচনে তাঁদের অংশ নেওয়ার অধিকার রয়েছে। হিলারি ক্লিনটন এখানে ৬৪ শতাংশ ভোট পেয়েছেন।
এই বিজয়ের ফলে দলীয় মনোনয়ন পেতে হিলারির আর প্রয়োজন পড়বে মাত্র ২৬ জন ডেলিগেটের সমর্থন। আজ মঙ্গলবার ক্যালিফোর্নিয়া ও নিউ জার্সিসহ মোট ছয়টি অঙ্গরাজ্যে ভোট গ্রহণ হবে। তাতে হিলারির মনোনয়ন নিশ্চিত হবে, এ ব্যাপারে সবাই একমত।
আজ দিনের শেষ ভোটটি হবে বড় ও জনবহুল অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়ায়, সেখানে হিলারি ও সিনেটর বার্নি স্যান্ডার্স মোট ৪৭৫ জন ডেলিগেটের সমর্থন আদায়ের জন্য ভোটযুদ্ধে অংশ নেবেন। অধিকাংশ জনমত জরিপে তাঁরা দুজন সমানে সমান হয়ে লড়ছেন। আনুপাতিক ফলাফলের নিয়ম থাকায় তাঁরা উভয়ে নির্ধারিত ডেলিগেট নিজেদের মধ্যে কমবেশি সমান ভাগে ভাগ করে নেবেন। তবে এই ভোট চূড়ান্ত নির্বাচনী ফলাফলে তেমন হেরফের করবে না। একই দিন নিউ জার্সিতে যে ভোট হবে, তাতে হিলারি সহজেই জিতবেন এবং এই অঙ্গরাজ্যের ৫১ জন ডেলিগেটের অধিকাংশ সংগ্রহ করে দলীয় মনোনয়ন নিশ্চিত করতে সক্ষম হবেন, এ বিষয়ে সব ভাষ্যকারই একমত। অনেক দূরত্বের কারণে ক্যালিফোর্নিয়ার সময় তিন ঘণ্টা পিছিয়ে থাকায় সেখানে ভোট গ্রহণ শেষ না হওয়ার আগেই এই ফলাফল চূড়ান্ত হয়ে যাবে।
স্যান্ডার্স অবশ্য দলীয় মনোনয়ন পাওয়ার আশা এখনো ত্যাগ করেননি। তিনি আশা করছেন, আজকের নির্বাচনে বড় রকমের জয় পেয়ে তিনি দলের ‘সুপার ডেলিগেটদের’ কাছে নিজের প্রার্থিতার সমর্থনে যুক্তি তুলে ধরতে সক্ষম হবেন। দলের প্রায় ৫০০ সুপার ডেলিগেট (দলের নির্বাচিত প্রতিনিধি ও দলীয় কর্মকর্তা) ইতিমধ্যে হিলারির পক্ষে তাঁদের সমর্থন ঘোষণা করেছেন। স্যান্ডার্স আশা করছেন, আজ ভালো ফল করা সম্ভব হলে কোনো কোনো সুপার ডেলিগেট তাঁদের সিদ্ধান্ত বদলাতে উৎসাহিত হবেন।
নিজের মনোনয়ন বিষয়ে গভীর আস্থা সত্ত্বে্ও ক্যালিফোর্নিয়ায় স্যান্ডার্সের ছুড়ে দেওয়া চ্যালেঞ্জ খুব গুরুত্বের সঙ্গেই গ্রহণ করেছেন হিলারি। এই অঙ্গরাজ্যে পরাস্ত হলে তাঁর জন্য সেটি অত্যন্ত বিব্রতকর হতে পারে। প্রগতিশীল ও মিশ্র বর্ণের এই অঙ্গরাজ্য নভেম্বরের নির্বাচনে ডেমোক্র্যাটদের বিজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ভাবা হচ্ছে। কিন্তু স্যান্ডার্স ও তাঁর তরুণ সমর্থকেরা যদি দলের মনোনীত প্রার্থীকে সমর্থন জানাতে অস্বীকার করেন, তা হিলারির জন্য বিপর্যয় ডেকে আনতে পারে। এমন বিপদ ঠেকাতে তিনি ক্যালিফোর্নিয়ায় তাঁর প্রচারণা অব্যাহত রেখেছেন।