হিলারির চেয়ে এক পয়েন্ট এগিয়ে ট্রাম্প
হঠাৎ হাওয়া বদলে গেল মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের। সর্বশেষ জরিপে দেখা যাচ্ছে, ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটনের চেয়ে এক পয়েন্ট এগিয়ে আছেন রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। খবর এএফপির।
এবিসি নিউজ ও ওয়াশিংটন পোস্টের করা সর্বশেষ জরিপে দেখা গেছে, ডোনাল্ড ট্রাম্প ৪৬ পয়েন্ট নিয়ে প্রতিদ্বন্দ্বী হিলারির থেকে এগিয়ে আছেন। আর হিলারি পেয়েছেন ৪৫ পয়েন্ট।
তবে বিশেষজ্ঞরা বলছেন, একটি মাত্র জরিপের ফলাফল নিয়ে ব্যস্ত হওয়ার কোনো কারণ নেই। জরিপের এই ফলাফলের পরেও সার্বিক সমর্থনের নিরিখে হিলারি এগিয়ে আছেন। এর ওপর ভিত্তি করে নিউইয়র্ক টাইমস বলছে, হিলারির নির্বাচনে জেতার সম্ভাবনা আছে ৮৮ শতাংশ। প্রভাবশালী ওয়েবসাইট ফাইভশার্টিএইট বলছে, হিলারির প্রতি সমর্থন রয়েছে ৭৪ শতাংশের।
এক সপ্তাহ আগেই একাধিক নির্বাচনী জরিপে ধনকুবের ট্রাম্পের চেয়ে বড় ব্যবধানেই এগিয়ে ছিলেন হিলারি। তবে ক্রমে দুজনের ব্যবধান কমতে থাকে। এদিকে হিলারি ও ট্রাম্প দুজনেই মঙ্গলবার ফলাফল নির্ধারণকারী দুই অঙ্গরাজ্য পেনসিলভানিয়া ও ফ্লোরিডায় কাটিয়েছেন। পেনসিলভানিয়ার সমাবেশে ট্রাম্প বলেন, হিলারি প্রেসিডেন্ট হলে যুক্তরাষ্ট্রে সাংবিধানিক সংকট দেখা দেবে। কেননা নির্বাচিত প্রেসিডেন্টের বিরুদ্ধে অপরাধে জড়িত থাকার মামলা হবে।
হিলারির সমাবেশে মূল বক্তব্য ছিল তাঁর ইমেইল তদন্তের বিষয়ে মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা-এফবিআইয়ের নতুন উদ্যোগ সংক্রান্ত। গত শুক্রবার এফবিআইয়ের পরিচালক জেমস কোমি এই তদন্ত শুরুর ঘোষণা দেন। এই উদ্যোগের তীব্র সমালোচনায় নামে হিলারি শিবির। হিলারি তাঁর সমাবেশে বলেন, ‘আমি একটি ভুল করেছিলাম। এ নিয়ে আমি কোনো অজুহাত দেখাতে চাই না।’