হিলারির চ্যাম্পিয়ন হতে যে বাধা

‘প্রতিদিন মার্কিন নাগরিকদের একজন চ্যাম্পিয়ন দরকার। আমি সেই চ্যাম্পিয়ন হতে চাই।’
এমন ঘোষণা দিয়ে ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার দৌড়ে নেমেছেন যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। কিন্তু তাঁর চ্যাম্পিয়ন হওয়ার পথে কিছু বাধা রয়েছে। এসব বাধা কাটানোর ওপর নির্ভর করছে তাঁর ভবিষ্যৎ।
২০০৮ সালেও দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হতে চেয়েছিলেন সাবেক এই ফার্স্টলেডি। কিন্তু দলীয় মনোনয়ন পান বারাক ওবামা। ওবামা প্রেসিডেন্ট হলে তাঁর প্রথম মেয়াদে পররাষ্ট্রমন্ত্রী হন হিলারি।
এবার ডেমোক্রেটিক পার্টির প্রাথমিক মনোনয়ন পাওয়ার লড়াইয়ে হিলারির সামনে তেমন কোনো শক্ত প্রতিদ্বন্দ্বী থাকছেন না বলে মনে হচ্ছে। কিন্তু তার অর্থ এই নয় যে, হিলারির স্বপ্ন পূরণের পথ একেবারেই মসৃণ হবে।
বিবিসির বিশ্লেষণে বলা হয়, হিলারির সামনের পথ কঠিন ও লম্বা। তাঁকে এখন আইওয়া অঙ্গরাজ্যের ‘ককাস’ উতরাতে হবে। এরপর নিউ হ্যাম্পশায়ারের ‘প্রাইমারি’। এই ধাপ পার হলে তাঁকে পুরো দেশ ঘুরতে হবে, করতে হবে একের পর এক জনসমাবেশ। তহবিল সংগ্রহের কর্মযজ্ঞ তো আছেই। হিলারির বয়স এখন ৬৭। এই বয়সে তিনি এত ধকল নিতে পারবেন কি না, তা নিয়ে অনেকের মনে সন্দেহ রয়েছে। তাঁর স্বাস্থ্যগত সমস্যা নিয়েও আছে নানা জল্পনা।
নতুন প্রজন্ম হিলারিকে কতটা গ্রহণ করবে, এ নিয়ে এক ধরনের দুর্ভাবনা আছে। তাঁদের মন জয়ে তিনি কী করবেন, সেটা দেখার বিষয়। তবে এটাও মনে রাখতে হবে, হিলারির অভিজ্ঞতার ঝুলি কিন্তু পরিপূর্ণ। ৩৫ বছর ধরে মার্কিন রাজনীতিতে আছেন তিনি।
ইন্টারন্যাশনাল বিজনেস টাইমসে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়েছে, পারিবারিক প্রতিষ্ঠান নিয়ে বিপাকে পড়তে পারেন হিলারি। করপোরেট মহলের সঙ্গে এই পরিবারটির খোলামেলা আঁতাতের অভিযোগ রয়েছে। স্বামী বিল ক্লিনটন তাঁর ফাউন্ডেশনের মাধ্যমে বিভিন্ন প্রভাবশালী ব্যক্তি ও করপোরেট প্রতিষ্ঠানের কাছ থেকে কোটি কোটি ডলার চাঁদা তুলেছেন। অনেকেই এ বিষয়টিকে সন্দেহের চোখে দেখেন। সতর্ক হিলারি ইতিমধ্যে ওই ফাউন্ডেশনের বোর্ড থেকে সরে দাঁড়িয়েছেন।
স্বামী বিল ক্লিনটনের আমলসহ নিজের অতীত নিয়ে আক্রমণের লক্ষ্যে পরিণত হতে পারেন হিলারি। খুঁতগুলো খুঁচিয়ে তা আলোচনার বিষয় (ইস্যু) বানাতে সদা তৎপর থাকবে গণমাধ্যম ও ছিদ্রান্বেষী প্রতিপক্ষ।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে হিলারির ব্যর্থতাগুলোও এখন সামনে চলে আসবে। তাঁর দুর্বলতাগুলো উচ্চকিত কণ্ঠে উচ্চারিত হবে। আলোচনায় অবধারিতভাবে আসবে লিবিয়ার বেনগাজিতে মার্কিন কনস্যুলেটে আলোচিত হামলার প্রসঙ্গটি। পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকাকালে হিলারির ব্যক্তিগত ই-মেইল সার্ভার ব্যবহার নিয়ে ইতিমধ্যে বিতর্ক শুরু হয়ে গেছে।
মনোনয়নপ্রার্থী হিসেবে ২০০৮ সালে করা ভুলগুলো এবারও হিলারির জন্য মারাত্মক হয়ে উঠতে পারে।
যুক্তরাষ্ট্রভিত্তিক একটি আন্তর্জাতিক বার্তা সংস্থার বিশ্লেষণে বলা হয়েছে, দুই দফার ডেমোক্র্যাট প্রেসিডেন্ট ওবামার ওপর অনেকেই বীতশ্রদ্ধ। তাঁর শিষ্য হিলারি। এই প্রেক্ষাপটে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হলে কারও কারও মনে এমন আশঙ্কা তৈরি হতে পারে যে, যুক্তরাষ্ট্র তৃতীয় দফায় ওবামার শাসনের অধীনে যাচ্ছে।
ওবামার ছায়ার বাইরে গিয়ে নিজেকে স্বতন্ত্র প্রমাণ করা হিলারির জন্য একটা বড় চ্যালেঞ্জ। এর পাশাপাশি গত আট বছরে যুক্তরাষ্ট্রে ডেমোক্রেটিক শাসনের বোঝাও বইতে হবে হিলারিকে।
হিলারি তাঁর অভিজ্ঞতা, প্রজ্ঞা, দূরদর্শিতা, দক্ষতা ও ব্যক্তিত্বের ক্যারিশমা দিয়ে সব বাধাবিপত্তি ডিঙাতে পারলে বিশ্বের অন্যতম পরাশক্তি যুক্তরাষ্ট্র ২০১৬ সালে প্রথম একজন নারী প্রেসিডেন্ট পাবে।