হিলারির জন্য ভাঙা হবে হাজার নারকেল!
প্রেসিডেন্ট নির্বাচন হচ্ছে যুক্তরাষ্ট্রে। তাতে শ্রীলঙ্কার কিছু আসা-যাওয়ার কথা নয়। কিন্তু দেশটির জাফনার সংখ্যালঘু সম্প্রদায়ের কাছে বিষয়টা গুরুত্বপূর্ণ। তারা চায়, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থী হিলারি ক্লিনটন জয়লাভ করুক। তাঁর জয়ের জন্য প্রার্থনা করে তাই ১ হাজার ৮টি নারকেল ভাঙা ও সমসংখ্যক মোমবাতি জ্বালানোর ঘোষণা দিয়েছে তারা।
তামিল ন্যাশনাল অ্যালায়েন্সের (টিএনএ) সদস্য এম কে শিবাজিলিঙ্গম বলেন, হিলারির জয়ের জন্য প্রার্থনা করে ৮ নভেম্বর ১ হাজার ৮টি নারকেল ভাঙা হবে জাফনার নাল্লুরের ঐতিহাসিক ক্যান্ডসামি কভিলে। আর জাফনা ক্যাথেড্রালে জ্বালানো হবে ১ হাজার ৮টি মোমবাতি।
প্রশ্ন জাগতে পারে, হিলারি জিতলে তামিলদের কী লাভ? উত্তরটা হলো স্বাধীন ভূখণ্ডের দাবিতে শ্রীলঙ্কার তামিল সম্প্রদায় দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিল। এ নিয়ে দেশটিতে গৃহযুদ্ধ চলে কয়েক দশক ধরে। প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষে ব্যাপক সেনা অভিযান চালিয়ে এই গৃহযুদ্ধের অবসান ঘটান। এতে প্রাণ হারান অনেক তামিল। বিষয়টি নিয়ে ক্ষোভ আছে তামিলদের মনে। তারা মনে করছে, হিলারি নির্বাচিত হলে এ সমস্যার একটা সুরাহা হবে। কারণ, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসন তামিলদের কল্যাণে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনার উদ্যোগের প্রতি সহযোগিতা করছে। ওবামার প্রথম মেয়াদে হিলারি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। হিলারিকে ঘিরে তাই তামিলদের আশা অনেক।