যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র স্বীকার করেছেন, গত বছর তাঁর বাবার নির্বাচনী প্রচারণার সময় তিনি রাশিয়ার এক আইনজীবীর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক দলের প্রার্থী হিলারি ক্লিনটনের ব্যাপারে ক্ষতিকর তথ্য দেওয়া হবে বলে আশ্বাস পাওয়ার পরিপ্রেক্ষিতে ওই বৈঠকের আয়োজন করা হয়।
সরকারি গোপন নথি এবং এসব নথির ব্যাপারে ওয়াকিবহাল এমন ব্যক্তিদের সাক্ষাৎকার নিয়ে প্রস্তুত এ বিষয়ক একটি প্রতিবেদন গত শনিবার প্রকাশ করে নিউইয়র্ক টাইমস। এই পরিপ্রেক্ষিতে বিবৃতি দেন প্রেসিডেন্ট ট্রাম্পের ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র। এতে তিনি স্বীকার করেন, ওই বৈঠকে ট্রাম্পের জামাতা জেরাড কুশনার এবং সে সময় ট্রাম্পের নির্বাচনী প্রচারণা শিবিরের প্রধান পল জে মানাফোর্ট ওই বৈঠকে উপস্থিত ছিলেন।
গত বছরের ৯ জুন নিউইয়র্কে ট্রাম্প টাওয়ারে রাশিয়ার যে আইনজীবীর সঙ্গে তাঁরা সাক্ষাৎ করেছিলেন, তাঁর নাম নাতালিয়া ভেসেলনিৎসকায়া। এর ঠিক দুই সপ্তাহ আগে নিজের দল রিপাবলিকান দলে নিজের প্রার্থিতা নিশ্চিত করেন ট্রাম্প।
নিউইয়র্ক টাইমস গত রোববার আরও একটি প্রতিবেদন প্রকাশ করে। এতে দাবি করা হয়, ডোনাল্ড ট্রাম্প জুনিয়র স্বীকার করেছেন, প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের প্রার্থী হিলারি ক্লিনটনের ব্যাপারে ক্ষতিকর প্রমাণিত হবে—এমন তথ্য তাঁকে দেওয়া হবে বলে প্রতিশ্রুতি পাওয়ার পর তিনি ওই বৈঠকের জন্য রাজি হন।
রোববারের ওই প্রতিবেদনের পর ট্রাম্পের ছেলে এক বিবৃতিতে বলেন, ‘আমি জেরাড ও পলকে বৈঠকে থাকতে বললেও তাঁদের বিষয়বস্তু সম্পর্কে কিছুই জানাইনি।’ বিবৃতিতে তিনি বলেন, আলোচনা শুরুর খুব অল্প সময়ের মধ্যেই তাঁরা বুঝতে পারেন, আসলে ওই নারীর কাছে দেওয়ার মতো তেমন কোনো গুরুত্বপূর্ণ তথ্য নেই।