হিলারির পক্ষে প্রচারণায় খিজির খান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খিজির খান
খিজির খান

পাকিস্তানি বংশোদ্ভূত মার্কিন নাগরিক ও ইরাক যুদ্ধে নিহত মার্কিন সেনা হুমায়ুন খানের বাবা খিজির খান আগামী নভেম্বরের নির্বাচনে হিলারি ক্লিনটনকে জয়যুক্ত করতে জোর আবেদন জানিয়েছেন। ভার্জিনিয়ায় বসবাসকারী খিজির খান ডেমোক্রেটিক পার্টির পক্ষে এক চিঠিতে লিখেছেন, ট্রাম্পের বিপক্ষে ভোট হবে ঘৃণার বিপক্ষে ভোট।
খিজির খান লিখেছেন, ৩৬ বছর ধরে তিনি আমেরিকার বাসিন্দা। তিনি লেখেন, ‘আমি জানি, যে মূল্যবোধের জন্য আমি আমেরিকার প্রতি আকৃষ্ট হয়েছিলাম, ডোনাল্ড ট্রাম্প সেই মূল্যবোধের প্রতিনিধি নন।’
গত জুলাইয়ের শেষ সপ্তাহে ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত ডেমোক্রেটিক পার্টির জাতীয় সম্মেলনে ভাষণ দিয়ে খিজির খান সবার মনোযোগ আকর্ষণ করেন। তাঁর ছেলে মার্কিন সেনাসদস্য হুমায়ুন খান ইরাক যুদ্ধে নিহত হন। খিজির খান সে কথা উল্লেখ করে ট্রাম্পের প্রতি উপহাস করে বলেছিলেন, মুসলিমদের আমেরিকায় প্রবেশ নিষিদ্ধের দাবি তুলে এই রিপাবলিকান প্রার্থী একজন মার্কিন সৈনিকের আত্মত্যাগকে অপমান করেছেন।
খিজির খান তাঁর চিঠিতে উল্লেখ করেন, ট্রাম্প ও রিপাবলিকান সদস্যরা তাঁকে একজন প্রতারক বলে নিন্দা করেছেন। তাঁদের এই দৃষ্টিভঙ্গি থেকেই পরিষ্কার, এই দল ও তার প্রেসিডেন্ট পদপ্রার্থী ঘৃণা ও ভীতি ছড়াতে ব্যস্ত।
ভার্জিনিয়ার ডেমোক্রেটিক পার্টির প্রচারিত এই চিঠিতে হিলারির প্রচারণায় সাহায্যে চাঁদা দেওয়ারও আবেদন জানানো হয়।