হিলারির পক্ষে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে আওয়ামী লীগের সমর্থকেরা ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটনকেই ভোট দেবে। রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প—যিনি মুসলিমবিরোধী অবস্থান নিয়েছেন, তাঁকে সমর্থনের কথা কেউ ভাবছে না। এ কথা বলেছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান।
সিদ্দিকুর রহমান প্রথম আলোকে বলেন, ডেমোক্রেটিক পার্টির সঙ্গে বাংলাদেশিদের সম্পর্ক দীর্ঘদিনের। অভিবাসীদের প্রতি অধিক উদার এই দলটির সঙ্গে প্রবাসী বাংলাদেশিরা বরাবরই নিকট সম্পর্ক বজায় রেখেছে। আসন্ন নির্বাচনে তারা কেবল হিলারিকে সমর্থন নয়, কংগ্রেস ও স্থানীয় পর্যায়ের নির্বাচনেও ডেমোক্রেটিক পার্টিকে যথাসম্ভব সমর্থন জোগাবে। তিনি জানান, ডেমোক্রেটিক পার্টির জন্য চাঁদা সংগ্রহের ব্যাপারেও তাঁরা তৎপর। তিনি আরও জানান, হিলারিকে সমর্থনের ব্যাপারে তিনি ঢাকা থেকে সর্বোচ্চ পর্যায়ের নির্দেশ পেয়েছেন।
হিলারির প্রতি বাংলাদেশিদের এই মনোভাবের ব্যাপারে একই মত পোষণ করেন নিউ জার্সির কাউন্সিলম্যান, বিশিষ্ট মুক্তিযোদ্ধা নূরন নবী। প্রথম আলোকে তিনি বলেন, নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকানদের পছন্দের প্রার্থী একজনই, তিনি হিলারি ক্লিনটন। এই সাবেক ফার্স্ট লেডি ও পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের বন্ধু হিসেবে সুপরিচিত। ‘শুধু বাংলাদেশ নয়, ক্লিনটন দম্পতিকে আমরা তৃতীয় বিশ্বের জনগণের বন্ধু হিসেবেই জেনে এসেছি’—বলেন তিনি।
আওয়ামী লীগের সমর্থক হওয়া সত্ত্বেও যুক্তরাষ্ট্রে অবস্থানরত হিন্দু সম্প্রদায়ের কেউ কেউ ডোনাল্ড ট্রাম্পকে সমর্থনের পক্ষে মত প্রকাশ করেছেন। সে সমর্থনের কথা জানিয়ে স্থানীয় বাংলা পত্র-পত্রিকায় বেশ কিছু বিজ্ঞাপনও প্রকাশিত হয়েছে। এর কারণ জানতে চাইলে হিন্দু সম্প্রদায়ের বিশিষ্ট নেতা সীতাংশু গুহ প্রথম আলোকে জানান, হিন্দুদের এই অবস্থানের কারণ বাংলাদেশে হিন্দুরা নির্যাতিত। তাঁর অভিযোগ, যেহেতু নির্যাতনটা করছে একশ্রেণির মুসলমান এবং ট্রাম্প মুসলমানদের বিরুদ্ধে বলছেন, তাই হিন্দুরা তাঁর পক্ষে। তিনি বলেন, ‘এখানে আদর্শ বা লাভ-ক্ষতির কোনো বিষয় নেই। আমি মনে করি না বাংলাদেশিরা আদর্শ বা ইস্যুর ভিত্তিতে হিলারি বা ট্রাম্পকে সমর্থন দিচ্ছেন।’
এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হলে সিদ্দিকুর রহমান বলেন, আমেরিকায় সবার মত প্রকাশের স্বাধীনতা রয়েছে। হিন্দু সম্প্রদায়ের কেউ কেউ যদি ট্রাম্পের পক্ষে অবস্থান নেন, সেটি তাঁদের নিজস্ব ব্যাপার। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এ নিয়ে উদ্বিগ্ন নয়।