হিলারির পক্ষে লাখো অবৈধ ভোট পড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট পুনর্গণনার উদ্যোগে ক্ষিপ্ত ডোনাল্ড ট্রাম্প এবার উল্টো হিলারি ক্লিনটনের পক্ষে লাখ লাখ জাল ভোটের অভিযোগ তুললেন।
ভোট পুনর্গণনা শুরু হয়েছে জেনে ট্রাম্পের প্রথম প্রতিক্রিয়া ছিল, এ কাজে অকারণে সময় ও অর্থ ব্যয় হবে, কিন্তু ফলাফলের কোনো হেরফের হবে না। সে সময় এই চেষ্টাকে তিনি ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছিলেন। তবে গত রোববার তাঁর গলার স্বর যথেষ্ট বদলে গেল। তাঁর প্রিয় মাধ্যম টুইটারে ট্রাম্প দাবি করলেন, হিলারি নয়, আসলে তিনিই মোট ভোটের হিসাবে জিতেছেন। হিলারির মোট ভোটের সংখ্যা তার চেয়ে বেশি, কারণ লাখ লাখ জাল ভোট হিলারির বাক্সে পড়েছে।
ট্রাম্প দাবি করেছেন, ‘ওই জাল ভোটগুলো বাদ দিলে আমিই মোট ভোটের হিসাবে জয়ী হব।’ অবশ্য এমন দাবির পেছনে কোনো যুক্তি-প্রমাণ দেওয়ার প্রয়োজন বোধ করেননি রিপাবলিকান দলের এই বিজয়ী প্রার্থী।
বিধান অনুযায়ী ইলেক্টোরাল কলেজ ভোটে এগিয়ে থেকে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন, কিন্তু মোট ভোটের হিসাবে হিলারি ক্লিনটন তাঁর চেয়ে কম করে হলেও ২২ লাখ ভোট বেশি পেয়েছেন। এই সংখ্যা আরও ৮ বা ১০ লাখ বাড়তে পারে, কারণ বড় অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়ার সব ভোট গোনা এখনো শেষ হয়নি।
ইলেকট্রনিক ভোটযন্ত্রে কারচুপি হয়েছে, গ্রিন পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী জিল স্টাইনের এই অভিযোগ আমলে এনে উইসকনসিন অঙ্গরাজ্যের নির্বাচন কমিশন সে রাজ্যের ভোট পুনর্গণনার নির্দেশ দিয়েছেন। প্রথমে গররাজি থাকলেও দলের সমর্থকদের চাপের কারণে হিলারি ক্লিনটনও এই পুনর্গণনায় অংশ নিচ্ছেন। জিল স্টাইনের মতো তিনি এ কাজের জন্য কোনো ফি দেননি। তবে নিজের আইনজীবীদের ভোট গণনার সময় উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন। আগামী সপ্তাহে গ্রিন পার্টি পেনসিলভানিয়া ও মিশিগানে কারচুপির অভিযোগে ভোট গণনার দাবি জানালে হিলারি-শিবির তাতেও অংশ নেবে বলে জানিয়েছে।
এই খবরের কোনোটাই খুব ভালোভাবে গ্রহণ করেননি ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের সমর্থক হিসেবে পরিচিত অতি দক্ষিণপন্থী ওয়েবসাইট ড্রাজ রিপোর্ট ১৪ নভেম্বর এক প্রতিবেদনে জানায়, যুক্তরাষ্ট্রের ভোটার রেজিস্ট্রিতে ৩০ লাখের মতো নাগরিক নয় এমন অবৈধ ভোটারের নাম তালিকাভুক্ত আছে। তাদের এই দাবির সূত্র হলো টেক্সাসের সাবেক স্বাস্থ্য কমিশনার গ্রেগ ফিলিপসের একটি টুইট! তাতে ফিলিপস দাবি করেছিলেন, এবারের নির্বাচনে ৩০ লাখ জাল ভোট পড়েছে। ১৩ নভেম্বরের সেই টুইটে তিনি দাবি করেন, তাঁর কাছে একটি ডেটাবেইস রয়েছে, যেখানে মোট ১৮ কোটি ভোটারের নাম-ঠিকানা আছে। এর মধ্যে ৩০ লাখ নাম মার্কিন নাগরিক নয় এমন ব্যক্তিদের। গ্রেগ ফিলিপসের দাবি, ভোটাধিকার না থাকলেও এঁরা হিলারির পক্ষে ভোট দিয়েছেন। তিনি অবশ্য এই দাবির পক্ষে কোনো প্রমাণ উপস্থিত করতে পারেননি। দৃশ্যত, ফিলিপসের এই ভিত্তিহীন দাবি অত্যন্ত গুরুত্বের সঙ্গে ড্রাজ রিপোর্টে প্রকাশিত হলে তারই ভিত্তিতে ডোনাল্ড ট্রাম্প মোট ভোটেও নিজেকে জয়ী ঘোষণা করেন।
ওয়াশিংটন পোস্ট পত্রিকা ট্রাম্পের এই দাবিকে সর্বৈব মিথ্যা হিসেবে বর্ণনা করেছে। এই ‘মিথ্যাচারের’ জন্য তারা ট্রাম্পকে সর্বোচ্চ ‘চার পিনোকিও’ দিয়েছে। ওয়াশিংটন পোস্ট পত্রিকা দীর্ঘদিন ধরেই ইতালীয় গল্পের সেই অতি মিথ্যাবাদী কাঠের পুতুলের চরিত্রের ভিত্তিতে রাজনৈতিক নেতাদের বক্তব্যের সত্যাসত্য নির্ধারণে নম্বর দিয়ে আসছে।