হিলারির পাশে কলিন পাওয়েল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে প্রতিদিনই ঘটছে নানা ঘটনা। সেগুলো মধ্য থেকে যুক্তরাষ্ট্র থেকে প্রথম আলোর বিশেষ প্রতিনিধি হাসান ফেরদৌসের পাঠানো টুকরো খবর
জেনারেল কলিন পাওয়েল
জেনারেল কলিন পাওয়েল

সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও মার্কিন সেনাবাহিনীর চার তারকা জেনারেল কলিন পাওয়েল বলেছেন, নভেম্বরের নির্বাচনে তিনি হিলারির পক্ষে ভোট দেবেন। এর আগে তিনি কঠোর ভাষায় ট্রাম্পের সমালোচনা করেছিলেন। এক মাস আগে উইকিলিকসের ফাঁস করা ই-মেইলে জানা যায়, পাওয়েল ট্রাম্পকে ‘যুক্তরাষ্ট্রের জন্য লজ্জা’ বলে অভিহিত করেছেন।পাওয়েল বিশেষভাবে খেপে ছিলেন ওবামার জন্মস্থান নিয়ে ট্রাম্পের তোলা বিতর্কে। ওবামা যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করার প্রমাণ হিসেবে নিজের জন্ম সনদ প্রকাশের পরেও ট্রাম্প এ নিয়ে জল্পনা-কল্পনা চালিয়ে যান। ওবামা আসলেই হাওয়াই অঙ্গরাজ্যে জন্মগ্রহণ করেছেন কিনা, তা উদ্‌ঘাটনের জন্য সেখানে তদন্তকারী পাঠানোর কথাও বলেছিলেন ট্রাম্প, যদিও সত্যি সত্যি কাউকে পাঠাননি। পাওয়েল ওবামাকে অবৈধ প্রমাণের এই চেষ্টাকে গভীরভাবে বর্ণবাদী বলে চিহ্নিত করেছিলেন।
কলিন পাওয়েল হিলারির পক্ষে ভোট দেবেন, এই ঘোষণা কাউকে তেমন বিস্মিত করেনি। তিনি ছাড়া বুশ প্রশাসনের আরও জনা কুড়ি প্রাক্তন কর্মকর্তা ও নিরাপত্তা বিশেষজ্ঞ ট্রাম্পের সমালোচনা করে বিবৃতি দিয়েছেন।