হিলারির পাশে ক্যালিফোর্নিয়ার গভর্নর
৭ জুন ক্যালিফোর্নিয়ায় ডেমোক্রেটিক দলের শেষ প্রাইমারি নির্বাচন। সিনেটর বার্নি স্যান্ডার্স আশা করছেন, এই নির্বাচনে জয়লাভ করে দলের শীর্ষ প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারি ক্লিনটনকে বিব্রত করবেন। গতকাল মঙ্গলবার ক্যালিফোর্নিয়ার জনপ্রিয় ডেমোক্রেটিক গভর্নর জেরি ব্রাউন হিলারির প্রতি তাঁর সমর্থন ঘোষণা করে স্যান্ডার্সের সে পরিকল্পনায় কিঞ্চিৎ বাদ সেধেছেন।
ক্যালিফোর্নিয়া প্রাইমারির এক সপ্তাহ আগে এক আকস্মিক ঘোষণায় ব্রাউন বলেন, রিপাবলিকান দলের ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করতে সবচেয়ে যোগ্য প্রার্থী হলেন হিলারি। এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো ট্রাম্পকে পরাজিত করা। কারণ, তাঁর বিজয় হবে আমেরিকার জন্য এক অভাবিত দুর্যোগ।
ব্রাউন বলেন, তিনি হিলারি পক্ষে নিজের ভোটটি দিতে মনস্থির করেছেন। কারণ, ট্রাম্পকে ঠেকানোর এটাই একমাত্র পথ।
ব্রাউনের ভাষ্য, হিলারি বাছাইপর্বে ইতিমধ্যে জয়লাভ করেছেন। এখন সময় এসেছে ট্রাম্পকে পরাজিত করার ব্যাপারে মনোযোগ দেওয়ার। নিজেদের মধ্যে দ্বন্দ্ব জিইয়ে রাখার সময় এটি নয়।
ব্রাউনের এই সমর্থন, তা যতই উত্তাপহীন হোক না কেন, হিলারির জন্য তা মূল্যবান প্রমাণিত হতে পারে। গত কয়েক সপ্তাহে স্যান্ডার্স হিলারির সঙ্গে তাঁর ব্যবধান কমিয়ে এনেছেন। কোনো কোনো জনমত জরিপে স্যান্ডার্স এগিয়ে। এই অবস্থায় প্রগতিশীল ও বহিরাগত ব্যক্তিদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় ব্রাউনের এই সমর্থন হিলারি শিবিরকে উৎফুল্ল করেছে। ব্রাউন এক চিঠিতে হিলারির প্রতি তাঁর সমর্থন ব্যক্ত করেছেন। সেই চিঠির কপি হিলারির ক্যাম্পেইন কমিটি দ্রুত বিভিন্ন তথ্য মাধ্যমের কাছে বিলি করেন।
হিলারির প্রতি ব্রাউনের এই সমর্থন কিছুটা বিস্ময়ের সৃষ্টি করেছে। ১৯৯২ সালে তিনি ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে বাছাই পর্যায়ে হিলারির স্বামী বিল ক্লিনটনের কাছে পরাজিত হয়েছিলেন। সে সময় তাঁদের দুজনের মধ্যে যে তিক্ততা সৃষ্টি হয়, তা বহুদিন টিকে ছিল। বিল ক্লিনটনের অনুরোধে কিছুদিন আগে সাবেক দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে সাক্ষাৎ হয়। এ থেকে ভাবা হচ্ছে, তাঁরা নিজেদের বৈরিতা মিটিয়ে ফেলতে সক্ষম হয়েছেন।
হিলারির প্রতি সমর্থনসূচক বিবৃতি দিলেও স্যান্ডার্সেরও প্রশংসা করেছেন ব্রাউন। গতকাল দেওয়া এক বিবৃতিতে ব্রাউন বলেন, অব্যাহত অর্থনৈতিক বৈষম্যের বিরুদ্ধে স্যান্ডার্স যে প্রচারাভিযান পরিচালনা করেছেন, তা তাঁকে মুগ্ধ করেছে। তিনি এ কথা বোঝাতে সক্ষম হয়েছেন, দেশের ১ শতাংশ মানুষের হাতে অস্বাভাবিক রকম সম্পদ জমা হয়েছে। ফলে দেশের অধিকাংশ মানুষ ক্রমে পিছিয়ে পড়ছে।
ট্রাম্পের সমালোচনা
ট্রাম্প ইউনিভার্সিটি নিয়ে প্রতারণার অভিযোগে রিপাবলিকান দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পের কঠোর সমালোচনা করেছেন নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল এরিক স্নাইডারম্যান।
ট্রাম্প ইউনিভার্সিটির ‘ট্রেড সিক্রেট’ জনসমক্ষে প্রকাশ না করার পক্ষে ট্রাম্পের আইনজীবীরা যে অনুরোধ করেছেন, তা প্রত্যাখ্যান করেছেন স্নাইডারম্যান। গতকাল তিনি বলেন, তিন পাত্তির জুয়া খেলার গোপন নিয়মকানুন সংরক্ষণের পক্ষে কোনো যুক্তি থাকতে পারে না।
স্নাইডারম্যান বলেন, উচ্চশিক্ষার নামে ট্রাম্প বিশ্ববিদ্যালয়ে যা হয়েছে, তা হলো সপ্তাহান্তে তিন দিনের সেমিনারের আয়োজন, যার জন্য প্রত্যেক ছাত্রকে ১০ থেকে ২০ হাজার ডলার খরচ করতে হয়েছে। তিন দিনের এই সেমিনারে এখানে জমি কেনাবেচা বিষয়ে খুব বেশি কিছু জানা সম্ভব নয়। তথাকথিত ‘ট্রাম্প এলিট প্রোগ্রামের’ নামে সেখানে যা হয়েছে, তা হলো শিক্ষার্থীদের নানাভাবে প্রভাবিত করে তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা খসিয়ে নেওয়া।
ট্রাম্পের বিরুদ্ধে দায়ের হওয়া একাধিক মামলার কথা উল্লেখ করে স্নাইডারম্যান বলেন, ট্রাম্প দাবি করছেন, আদালতে মামলা উঠলে তিনি সহজেই জিতবেন। অথচ তিনি যেভাবে পারেন, এসব মামলা আটকানো বা বিলম্বিত করার চেষ্টা করে চলছে।
কঠোর ভাষায় ট্রাম্পের সমালোচনা করে স্নাইডারম্যান বলেন, মামলার বিবরণ থেকে স্পষ্ট, ছাত্রদের মিথ্যা কথা বলে প্রতারণা করতে বিন্দুমাত্র দ্বিধা করেননি তিনি। এটি একটি নির্লজ্জ ও হৃদয়বিদারক ঘটনা। তাঁদের আশা, নভেম্বরের নির্বাচনের আগেই এই প্রতারণার সব বিবরণ প্রকাশিত হবে। জনস্বার্থেই এর প্রকাশ দরকার।
ট্রাম্প ও তাঁর আইনজীবীরা চেষ্টা চালাচ্ছেন, যাতে প্রেসিডেন্ট নির্বাচনের আগে ওই মামলার শুনানি কোনো আদালতে শুরু না হয়।