হিলারির প্রচারণায় নারী ইস্যুর প্রাধান্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হিলারি ক্লিনটন
হিলারি ক্লিনটন

যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে প্রথমবারের মতো বড় ধরনের প্রচারণা চালিয়েছেন ডেমোক্র্যাট-দলীয় মনোনয়নপ্রত্যাশী হিলারি ক্লিনটন। এ প্রচারণায় নারী অধিকার ও তাঁদের গুরুত্ব তুলে ধরেন হিলারি। খবর গার্ডিয়ানের।
নিউইয়র্কে গত বৃহস্পতিবার অনুষ্ঠিত নারীবিষয়ক এক শীর্ষ সম্মেলনে যোগ দেন হিলারি। বড় ধরনের ওই প্রচারণায় সাবেক ফার্স্ট লেডির কয়েক হাজার ভক্ত-সমর্থক উপস্থিত ছিলেন। ২০০৮ সালের প্রচারণার কথা স্মরণ করিয়ে এ সময় হিলারি বলেন, আগামীবার তাঁর জয়ের পথ কিছুটা হলেও সহজতর হবে।
নারীদের প্রতি ‘সমান দৃষ্টি না দেওয়ায়’ রক্ষণশীল রিপাবলিকানদের সমালোচনা করেন হিলারি। তিনি বলেন, নারীদের প্রতি যৌন হয়রানি অব্যাহত বেত্রাঘাতের সাজার মতো। নারীদের সন্তান জন্মদানের অধিকার প্রসঙ্গে তিনি আরও বলেন, এ ব্যাপারে ধর্মবিশ্বাস ও কাঠামোগত পক্ষপাতিত্বের ক্ষেত্রগুলোতে পরিবর্তন আনতে হবে। অধিকার আদায়ের লড়াই জোরালো করতে হবে।
দ্বিতীয় সপ্তাহে গড়ানো হিলারির সেদিনের প্রচারণার ভাষা ছিল ২০০৮-এর প্রার্থিতা জয়ের প্রচারণা থেকে উল্লেখযোগ্যভাবে আলাদা। অনেকে বলেন, সেবারের নির্বাচনের আগে একজন শীর্ষ কৌশলনির্ধারক হিলারি ক্লিনটনের চেয়ে বরং তাঁকে বেশি করে লৌহমানবী থ্যাচার হয়ে ওঠার পরামর্শ দিয়েছিলেন।
ডেমোক্র্যাট দল থেকে প্রার্থী হওয়ার দৌড়ে এগিয়ে থাকা হিলারি প্রচারণায় পরিষ্কার করে দিয়েছেন, তিনি তাঁর নারীত্বের পরিচয় নিয়ে সামনে এগোতে পিছপা হবেন না।
গবেষণায় দেখা গেছে, কোনো নারী প্রার্থীর ক্ষেত্রে একই সঙ্গে একজন নারী, মেয়ে, মা, দাদি বা নানির ভূমিকায় অবতীর্ণ হওয়ার সুযোগ থাকায় তাঁদের জন্য ভোটারদের মন জয় করা পুরুষ প্রার্থীর তুলনায় সহজ। এর সঙ্গে ব্যক্তিগত দক্ষতা যোগ হলে ভোটারদের কাছে টানা আরও সহজ হতে পারে। আর হিলারি হয়তো এ বিষয়কেই ভালোভাবে রপ্ত করে এবার তাঁর জয়ের কৌশল নির্ধারণ করেছেন।