হিলারির বদলা নিয়েছেন পুতিন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভ্লাদিমির পুতিন ও হিলারি ক্লিনটন। ছবি: এএফপি
ভ্লাদিমির পুতিন ও হিলারি ক্লিনটন। ছবি: এএফপি

যুক্তরাষ্ট্রে নির্বাচন চলাকালে ডেমোক্রেটিক প্রার্থী হিলারি ক্লিনটনের ই-মেইল হ্যাকিংয়ের সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ব্যক্তিগতভাবে জড়িত ছিলেন বলে ধারণা করছেন মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা। গতকাল বুধবার এনবিসি নিউজের এক খবরে এ তথ্য জানানো হয়।

এএফপির খবরে জানানো হয়, কীভাবে মার্কিন ডেমোক্র্যাটদের ই-মেইলের তথ্য হ্যাক করা হবে, পুতিন নিজেই সেই নির্দেশ দিয়েছিলেন। ইউএস টেলিভিশন নেটওয়ার্ক দুজন জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে। ওই দুই কর্মকর্তা বলছেন, এ ঘটনায় পুতিনের ব্যক্তিগত যোগসাজশের ব্যাপারে তাঁদের কাছে যথেষ্ট তথ্যপ্রমাণ রয়েছে।

গত সপ্তাহে ওয়াশিংটন পোস্টের খবরে জানানো হয়, মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর মূল্যায়ন বলছে, রাশিয়া মার্কিন কর্মকর্তা ও প্রতিষ্ঠানের কাছ থেকে ই-মেইল হ্যাক করেছে। রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে জেতাতেই রাশিয়া এমনটা করেছে।

২০১১ সালে রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলেন তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। সে সময় পুতিন বলেন, তিনি হিলারি ক্লিনটনকে কখনই ক্ষমা করবেন না। রাশিয়ায় পুতিনবিরোধী বিক্ষোভেও হিলারি উসকানি দিয়েছেন বলে অভিযোগ রয়েছে।

গোয়েন্দা কর্মকর্তারা এনবিসিকে বলেন, হিলারির ওপর প্রতিশোধ নিতেই পুতিন তাঁর ই-মেইল হ্যাকিংয়ে ভূমিকা রাখেন।

তবে রিপাবলিকান দল থেকে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ই-মেইল হ্যাক হওয়ার সঙ্গে রাশিয়ার যোগসাজশের কথা আগেই প্রত্যাখ্যান করেন। মার্কিন আইনপ্রণেতারা হিলারির ই-মেইল হ্যাক হওয়ার ঘটনায় আনুষ্ঠানিক কংগ্রেস তদন্তের আহ্বান জানিয়েছে।

হিলারি ক্লিনটনের ই-মেইল হ্যাকিং মার্কিন নির্বাচনে তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে।