হিলারির বিরুদ্ধে মামলা
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটনের বিরুদ্ধে মামলা হয়েছে। ২০১২ সালে লিবিয়ার বেনগাজিতে মার্কিন দূতাবাসে হামলায় নিহত দুই নিরাপত্তাকর্মীর পরিবারের সদস্যরা এ মামলা করেছেন।
ওয়াশিংটনে ইউএস ডিস্ট্রিক্ট কোর্টে গত সোমবার দায়ের করা ওই মামলায় অভিযোগ করা হয়, হিলারি ‘অবিবেচকের’ মতো ব্যক্তিগত ই-মেইলে সরকারি তথ্য আদান-প্রদানের কারণেই ওই হামলার ঘটনা ঘটে, যার কারণে ওই দুই ব্যক্তি নিহত হন।
লিবিয়ার ওই হামলার সময় হিলারি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। সমালোচকদের অভিযোগ, সরকারি কাজ সম্পাদনে ব্যক্তিগত ই-মেইল সার্ভার ব্যবহার করে বিদেশি সরকার ও সন্ত্রাসী সংগঠনগুলোর জন্য অ্যাকাউন্ট হ্যাক করে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নেওয়ার সুযোগ করে দিয়েছিলেন হিলারি।
মামলার অভিযোগে বলা হয়, ‘পররাষ্ট্রমন্ত্রী থাকাকালে লিবিয়ায় তৎকালীন মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টোফার স্টিভেনসের সঙ্গে হিলারি ব্যক্তিগত ই-মেইল সার্ভারে অবিবেচকের মতো সরকারি গুরুত্বপূর্ণ তথ্য আদান-প্রদান করেন। এর সরাসরি ফলাফল, সন্ত্রাসীরা রাষ্ট্রদূতের হদিস ও বেনগাজিতে মার্কিন সরকারের কার্যকলাপ সম্পর্কে জানতে পারে। এর ভিত্তিতেই সন্ত্রাসীরা হামলার পরিকল্পনা করে এবং ২০১২ সালের ১১ সেপ্টেম্বর ওই হামলা চালাতে পেরেছিল।’
লিবিয়ায় ওই হামলায় দেশটিতে তৎকালীন মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টোফার স্টিভেনসসহ চার মার্কিন নাগরিক নিহত হন।
এদিকে হিলারির প্রচারণা কমিটি সোমবার এক বিবৃতিতে জানিয়েছে, বিতর্ক কমিশন আয়োজিত তিন পর্বের বিতর্কে অংশ নেবেন তিনি। তবে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের অভিযোগ, টেলিভিশন দর্শকদের আগ্রহ অন্যদিকে ঘুরিয়ে রাখতে ইচ্ছা করেই ন্যাশনাল ফুটবল লিগের খেলার সময় এই বিতর্কের কয়েকটি পর্বের আয়োজন করেছে কমিশন।