
পররাষ্ট্রমন্ত্রী থাকার সময় হিলারি ক্লিনটনের ব্যক্তিগত ই-মেইল সার্ভার নিরাপদ ছিল এমন ধারণাকে ‘পুরোপুরি হাস্যকর’ বলে বর্ণনা করেছেন এডওয়ার্ড স্নোডেন। বিশ্বজুড়ে মার্কিন সরকারের নজরদারির তথ্য ফাঁস করে আলোড়ন তোলা স্নোডেন গত বৃহস্পতিবার আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন। খবর দ্য গার্ডিয়ানের।
স্নোডেন অসাবধানতাবশত সন্ত্রাসীদের সাহায্য করছেন—২০১৪ সালে এমন অভিযোগ করেছিলেন হিলারি ক্লিনটন। পরবর্তী সময়ে অবশ্য সুর নরম করে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থাকে (এনএসএ) আরও বেশি স্বচ্ছ হওয়া প্রয়োজন। এনএসএর সাবেক ঠিকাদার তথ্যপ্রযুক্তিবিদ স্নোডেন সরকারের হয়ে সংস্থাটির বিতর্কিত আড়িপাতা ও নজরদারির অনেক তথ্য ফাঁস করে দিয়ে বিশ্বজোড়া আলোড়ন তোলেন।
ব্যক্তিগত সার্ভার ব্যবহার করে হিলারি ক্লিনটনের রাষ্ট্রীয় গোপন তথ্যসমৃদ্ধ ই-মেইল করার বিষয়টি বর্তমানে তদন্ত করা হচ্ছে। এ ব্যাপারে মন্তব্য জানতে চাইলে স্নোডেন বলেন, ‘গোপন তথ্য কীভাবে নাড়াচাড়া করতে হয় তা পররাষ্ট্রমন্ত্রী বা শীর্ষস্থানীয় কোনো সংস্থার পরিচালক জানেন।’
হিলারি ক্লিনটনের বেছে নেওয়া ই-মেইল সার্ভার ‘প্লাটে রিভার নেটওয়ার্ক’ সম্পর্কে স্নোডেন বলেন, পূর্ণ সময়ের জন্য নিরাপত্তার আওতায় থাকা মার্কিন সরকারের অগোপনীয় পদ্ধতির ওয়েবসাইট যখন প্রায়ই হ্যাক হয়, তখন ধারণা হয় যে কেউ ব্যক্তিগত সার্ভার ব্যবহার করলেই সেটি অনেক বেশি নিরাপদ। তবে এই ধারণা পুরোপুরি হাস্যকর।’
স্নোডেন আরও বলেন, ‘পররাষ্ট্র দপ্তর বা সিআইএ-র কোন সাধারণ কর্মচারীও যদি দূতাবাসের নিরাপত্তা, দেশি-বিদেশি সরকারি কর্মচারীদের সঙ্গে সাক্ষাত এবং তাদেরকে আস্থায় নিয়ে বলা তথ্য অনিরাপদ ইমেইল ব্যবস্থার মাধ্যমে পাঠান তাহলে শুধু চাকরি যাওয়াই নয়, তাদের বিচারের মুখোমুখি হওয়ারও জোরালো সম্ভাবনা রয়েছে।’ স্নোডেনের দাবি, হিলারির মেইলগুলোতে এ ধরনের তথ্য ছিল।